২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেন সফর শেষে ফিরছেন প্রধানমন্ত্রী

তিনদিনের সরকারি সফর শেষে সুইডেন থেকে ঢাকায় রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিয়াজুল বাশার

স্টকহোম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2017, 05:57 PM

Updated : 19 Aug 2022, 04:54 PM

শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্টকহোম থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

হিথ্রো বিমানবন্দরে তিন ঘণ্টা যাত্রাবিরতির পর সেখান থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

স্টকহোমের আরল্যান্ডা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার।

সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের আমন্ত্রণে শেখ হাসিনার এই সফর ছিল ইউরোপের এই দেশটিতে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর প্রথম দ্বি-পক্ষীয় সরকারি সফর।

লন্ডন হয়ে বুধবার স্থানীয় সময় রাতে সুইডেনে পৌঁছান শেখ হাসিনা। এই সফরে তিনি ছিলেন স্টকহোমের গ্র্যান্ড হোটেলে।

বৃহস্পতিবার সকালে সুইডিশ পার্লামেন্ট ঘুরে দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরপর তাকে নিয়ে যাওয়া হয় সুইডেনের রাজপ্রাসাদে।

সেখানে রাজা কার্ল ষষ্ঠদশ গুস্তাভ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তাদের মধ্যে বৈঠকও হয়।

রাজার সঙ্গে সাক্ষাতের পর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক হয়। যৌথ বিবৃতিতে তারা সম্পর্কের নতুন দুয়ার উন্মোচনের আশার কথা বলেন। সুইডিশ প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজেও শেখ হাসিনা অংশ নেন।

এছাড়া সুইডেনের উপ প্রধানমন্ত্রী এবং বিচার ও অভিবাসন বিষয়ক মন্ত্রী বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনায় যোগ দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।   

শুক্রবার সকালে গ্লোবাল পোশাক ব্র্যান্ড এইচএন্ড এম-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীসহ কয়েকটি বিনিয়োগ ও ব্যাবসা প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।

এরপর সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ-সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের আলোচনায় অংশ নেন শেখ হাসিনা।

এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রেস সচিব ইহসানুল করিম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

পুরনো খবর:

সুইডিশ উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সেই ভুল যেন বিএনপি আর না করে: প্রধানমন্ত্রী
হাসিনার সফরে সম্পর্কের নতুন ‍দুয়ার খোলার আশায় সুইডিশ প্রধানমন্ত্রী
বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আগ্রহী সুইডিশ রাজা
স্টকহোমে প্রধানমন্ত্রী
সুইডেনের পথে লন্ডনে প্রধানমন্ত্রী