বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আগ্রহী সুইডিশ রাজা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাভ।
বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী হিসেবে সুইডেনে প্রথম সরকারি দ্বিপক্ষীয় সফরে মঙ্গলবার রাতে স্টকহোমে আসেন শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধের পর প্রথম দিকে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া ইউরোপের দেশগুলোর অন্যতম সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের আমন্ত্রণে শেখ হাসিনার এই সফর।
বৃহস্পতিবার সকালে সুইডিশ পার্লামেন্ট সফর করেন শেখ হাসিনা। এরপর তাকে নিয়ে যাওয়া হয় সুইডেনের রাজপ্রাসাদে। সেখানে রাজা কার্ল ষোড়শ গুস্তাভ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সুইডিশ রাজার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌজন্য বৈঠক হয়।
বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
পররাষ্ট্র সচিব বলেন, “সুইডিশ রাজা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া নিয়ে খুবই আগ্রহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশ যে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, শিশু মৃত্যু হার কমানোর ক্ষেত্রে রোল মডেল হয়েছে এই জিনিসগুলি ওনারা দুইজন আলাপ করেছেন।”
সুইডেন বাংলাদেশে শুধু বিনিয়োগ না, উন্নয়নেও সহযোগিতা করে যাবে বলে বৈঠকে একমত প্রকাশ করেন তারা।
রাজার সঙ্গে সাক্ষাতের পর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক হয়। দুই দেশ যৌথ বিবৃতিও প্রকাশ করে।
শহীদুল হক বলেন, “সুইডেনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে বলেছেন, ইট ওপেনস এ নেক্সট ফেইস অব আওয়ার রিলেশন্স।
“এটা দীর্ঘমেয়াদি ও গভীর সম্পর্কের দ্বার উন্মোচিত করল।”
সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনায় যোগ দিয়েছেন শেখ হাসিনা।
শুক্রবার কয়েকটি সুইডিশ কোম্পানির প্রধান নির্বাহীও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এছাড়া বাংলাদেশ-সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের সভায় যোগ দেবেন শেখ হাসিনা।
সুইডেন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা। সফর শেষে শুক্রবার ঢাকার পথে স্টকহোম ছাড়বেন প্রধানমন্ত্রী। লন্ডন হয়ে শনিবার তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
