২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনের পথে লন্ডনে প্রধানমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে সুইডেনের উদ্দেশে রওনা হয়ে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 12:28 PM

Updated : 11 Oct 2022, 02:09 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট মঙ্গলবার বেলা ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দর ছাড়ে।

লন্ডন সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি হিথরো বিমানবন্দরে পৌঁছান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

লন্ডনে বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন।

লন্ডনে নেমে ব্রিটেনের সংসদ সদস্য পদে পুনঃনির্বাচিত ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটাবেন শেখ হাসিনা।

একদিন যাত্রাবিরতির পর বুধবার স্থানীয় সময় রাতে শেখ হাসিনা সুইডেনের রাজধানীর স্টকহোমে পৌঁছবেন বলে প্রেস সচিব ইহসানুল করিম জানান।

বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এই প্রথম সুইডেনে দ্বি-পক্ষীয় সফরে যাচ্ছেন বলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন।

Image
সুইডেনের পথে মঙ্গলবার লন্ডনে যাত্রাবিরতিতে ব্রিটেনের এমপি পদে পুনঃনির্বাচিত ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও বোন শেখ রেহানার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

সুইডেনের পথে মঙ্গলবার লন্ডনে যাত্রাবিরতিতে ব্রিটেনের এমপি পদে পুনঃনির্বাচিত ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও বোন শেখ রেহানার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতিদাতা অন্যতম এই দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শেখ হাসিনার এই সফর।

পররাষ্ট্রমন্ত্রী রোববার সাংবাদিকদের বলেন, এই সফরে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারিত হবে এবং ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে তার বিশ্বাস।

এ সফরে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মধ্যে দুটি সমঝোতা চুক্তি (এমওইউ) হওয়ার কথা রয়েছে। সফর শেষে যৌথ বিবৃতিও দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে থাকছেন ৪৭ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুদিনের সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। সুইডেনের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন শেখ হাসিনা। এছাড়া সুইডেনের উপপ্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার এবং বিচার ও অভিবাসনমন্ত্রীও তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া কয়েকটি সুইডিশ কোম্পানির প্রধান নির্বাহীও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

Image
শাহজালাল বিমানবন্দরে বিদায় নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ছবি: পিআইডি

শাহজালাল বিমানবন্দরে বিদায় নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ছবি: পিআইডি

এদিকে ঢাকায় সুইডেন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, শেখ হাসিনার এই সফর দুই দেশের শক্তিশালী সম্পর্ক মজবুত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের ভিত হিসেবে কাজ করবে।

১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম সমর্থন দেওয়া ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম সুইডেন। এবছর ফেব্রুয়ারিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পূর্তির উৎসব হয়েছে।

সুইডেনের সুপরিচিত রিটেইল চেইন এইচঅ্যান্ডএম বাংলাদেশ থেকে বছরে ৫০০ কোটি ডলারের তৈরি পোশাক কেনে। দেশটির বাজারে সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার হবে, দেশে বিনিয়োগ আসবে এবং অভিবাসন, জলবায়ু পরিবর্তন, জাতিসংঘ শান্তি মিশন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবেলার ক্ষেত্রে সম্পর্ক জোরদার হবে।

সফর শেষে শুক্রবার ঢাকার পথে স্টকহোম ছাড়বেন প্রধানমন্ত্রী। লন্ডন হয়ে শনিবার তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।