প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: প্রতিবেদনের জন্য আরো সময়
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দিতে ফের সময় পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
মঙ্গলবার কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দিতে ব্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব নতুন দিন রাখেন।
আগামী ২৭ জুলাই প্রতিবেদন জমার দিন ঠিক করা হয়েছে বলে প্রসিকিউশন পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানিয়েছেন।
এর আগে গত ১৯ জানুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২৯ মার্চ ও ৭ মে প্রতিবেদন দাখিলের তারিখ থাকলেও পিছিয়ে যায়।
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে।
এর পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিনটি তদন্ত কমিটি হয়। তদন্তের ভিত্তিতে বিমানের নয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ২০ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিমান কর্তৃপক্ষ।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) এসএ সিদ্দিক, প্রধান প্রকৌশলী (মেনটেইনেন্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান, সামিউল হক, লুত্ফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।
তাদের সবাইকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এ মামলার তদন্ত সংস্থা।
