আইয়ুব বাচ্চু না আবু মুহারিব- জেএমবির নেতৃত্বে কে?
অধিকাংশ শীর্ষ নেতা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হওয়ার পর নিষিদ্ধ জঙ্গি দল জেএমবি এখন কার নেতৃত্বে পরিচালিত হচ্ছে- তা নিয়ে দুই রকম তথ্য সংবাদমাধ্যমের সামনে এনেছে পুলিশ ও র্যাব।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে গত ৪ জুন এক সংবাদ সম্মেলনে বলা হয়, সিলেটের অভিযানে মইনুল ইসলাম মুসা নিহত হওয়ার পর ‘আইয়ুব বাচ্চু’ ছদ্মনাম নিয়ে এক ব্যক্তি নব্য জেএমবির নেতৃত্ব দিচ্ছেন।
এর এক সপ্তাহের মাথায় রোববার র্যাবের এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের কেন্দ্রীয় আমির এখন আবু মুহারিব নামের এক ব্যক্তি, যিনি অন্তরালে থেকে একজন বিশ্বস্ত সমন্বয়কারীর মাধ্যমে সংগঠনের সব কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করছেন।
গুলশানের হলি আর্টিজান বেকারিসহ গত কয়েক বছরে বাংলাদেশে ঘটা অধিকাংশ জঙ্গি হামলা ও হত্যার জন্য জেএমবির এই অংশটিকেই দায়ী করে আসবে র্যাব ও পুলিশ।
র্যাব জেএমবির এই অংশটিকে বলে ‘সারোয়ার-তামিম গ্রুপ’। আর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ভাষায়, এরা ‘নব্য জেএমবি’।
জেএমবি থেকে আলাদা হয়ে চার বছর আগে কীভাবে, কাদের নেতৃত্বে এই অংশটির সূচনা হয়েছিল, সে বিষয়েও এর আগে দুই রকম তথ্য দিয়েছিল এ দুই বাহিনী।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ গতবছর অক্টোবরে এক সংবাদ সম্মেলনে বলেন, ২০০৭ সালে বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমান গ্রেপ্তার হলে জেএমবি সাংগঠনিকভাবে বিশৃঙ্খল হয়ে পড়ে। এরপর ২০১৪ সালে পুরাতন জেএমবি ‘নতুন চেতনায় নব্য জেএমবি হিসেবে’ আত্মপ্রকাশ করে, যার নেতৃত্বে ছিলেন জঙ্গি নেতা তামিম চৌধুরী ওরেফে আবু দুজুনা এবং শায়খ আবু ইব্রাহিম আল হানিফ ওরফে আব্দুর রহমান আয়নাল ওরফে সারোয়ার জাহান।
র্যাব এ কারণেই জেএমবির এ অংশটিকে ‘সারোয়ার-তামিম গ্রুপ’ বলে। এর প্রমাণ হিসেবে জেএমবির কর্মকাণ্ড শুরুর একটি ঘোষণার অনুলিপিও সেই সংবাদ সম্মেলনে দেখান বেনজীর।
তবে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম র্যাবের ওই দাবি উড়িয়ে দিয়ে বলেন, সংগঠনে সারোয়ার জাহানের অবস্থান ছিল তামিমের ডেপুটিদের পরের ধাপে; অর্থাৎ তিনি ছিলেন ‘তৃতীয় সারির’ নেতা।
মনিরুলের ভাষ্য, ২০১৩ সালে তামিম চৌধুরী এবং দিনাজপুরের সাবেক মাদ্রাসা শিক্ষক মাওলানা মো. আবুল কাশেমের চেষ্টায় বাংলাদেশে নব্য-জেএমবির জঙ্গিবাদি কার্যক্রমের সূচনা হয়।
তামিম গতবছর অগাস্টে নারায়ণগঞ্জে এক অভিযানে নিহত হন। আর অক্টোবর ঢাকার আশুলিয়ার এক বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানের সময় ‘পাঁচতলা থেকে পড়ে মারা যান সারোয়ার। পুলিশ গত মার্চে ঢাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে।
জেএমবির এই অংশের প্রধান হিসেবে র্যাব ও পুলিশ যে দুটি নাম বলছে, তারা একই ব্যক্তি কি না- তা জানতে চাওয়া হয়েছিল দুই বাহিনীর দুই কর্মকর্তার কাছে।
এ প্রশ্নের জবাবে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার জেএমবির শুরা সদস্য ইমরান আহমেদকে জিজ্ঞাসাবাদ করে তারা আবু মুহারিবের তথ্য পেয়েছেন।
“ইমরান যে তথ্য দিয়েছেন, তাতে জানা গেছে জেএমবি আমির আবু মুহারিব। তার অন্য কোনো ছদ্মনাম থাকতে পারে। পুলিশ যার কথা বলছে- সে একই লোক কিনা তা এখনো নিশ্চিত না।”
প্রায় একই ধরনের কথা বলেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের উপ কমিশনার মহিবুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা যে আইযুব বাচ্চু নামটি পেয়েছি সেটা ছদ্মনাম। তার অন্য কোনো নাম থাকতে পারে। র্যাব যার নাম, দুজনই এক ব্যক্তি কিনা তা এখনই বলা যাচ্ছে না।”
আইয়ুব বাচ্চু
সাভার ও লক্ষ্মীপুর থেকে নব্য জেএমবির সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানাতে গত ৪ জুন সংবাদ সম্মেলনে এসে ‘আইয়ুব বাচ্চুর’ তথ্য দেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
তিনি বলেন, “আইয়ুব বাচ্চু তার সাংগঠনিক নাম। তার একটি ছবি আমরা পেয়েছি। তার প্রকৃত নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তাকে পুলিশ খুঁজছে।”
কাউন্টার টেরোরিজম ইউনিটের এক কর্মকর্তা সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইয়ুব বাচ্চু ঢাকায় নামী একটি কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও লেখাপড়া শেষ করতে পারেননি। দুই বছর আগে তিনি জঙ্গিবাদে জড়ান।
মনিরুল বলেন, গত ২৭ মে সাভারের গেন্ডার এক বাসায় অভিযান চালিয়ে গ্রেনেড, সুইসাইড বেল্ট ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আইয়ুব বাচ্চুও ওই বাসায় থাকতেন। কিন্তু সহযোগীদের কাছ থেকে খবর পেয়ে তিনি পালিয়ে যান।
আবু মুহারিব
গাজীপুরে জেমটেক্স লিংকেজ ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচারক ইমরান আহমেদ ও তার গাড়ি চালক শামীম মিয়াকে জঙ্গি পৃষ্ঠপোষকতার অভিযোগে গ্রেপ্তারের তথ্য জানাতে রোববার এক সংবাদ সম্মেলনে এসে আবু মুহারিবের কথা বলেন মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, “জেএমবির কেন্দ্রীয় আমির নিজে অন্তরালে থেকে একজন বিশ্বস্ত সমন্বয়কারীর মাধ্যমে সংগঠনের সব কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে। সাধারণত সামরিক শাখার আমিরই কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে নিযুক্ত হয় বলে ইমরান জানিয়েছে।”
র্যাব বলছে, আমির আবু মুহারিবের আস্থাভাজন সেই সমন্বয়কারীর নাম সাজিদ, যিনি বিভিন্ন সময়ে কামরান, লাল ভাই, হাবিবুর রহমান, মামুন বা রশিদ নাম নিয়ে জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
“আবু মুহারিবের পরিকল্পনায় সাজিদ জেএমবির মূলধারা এবং বর্তমান ধারাকে একত্রিত করার প্রয়াস নিয়েছে। এজন্য সে বিভিন্ন স্থানে জেএমবির শুরা সদস্যদের সঙ্গে গোপনে বৈঠকে মিলিত হয়েছে।”
