২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব বলেছিল ‘সারোয়ার’, পুলিশ জানাল ‘কাশেম’

নিষিদ্ধ জঙ্গি দল জেএমবি থেকে আলাদা হয়ে চার বছর আগে কীভাবে, কাদের নেতৃত্বে নব‌্য জেএমবির সূচনা হয়েছিল, সে বিষয়ে নতুন তথ‌্য হাজির করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। 

কামাল তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 04:41 PM

Updated : 19 Aug 2022, 03:54 PM

মাওলানা আবুল কাশেম নামে দিনাজপুরের এক সাবেক মাদ্রাসা শিক্ষককে ঢাকা থেকে গ্রেপ্তারের পর জঙ্গি দমনে অভিযানে থাকা পুলিশ কর্মকর্তারা বলছেন, ৬০ বছর বয়সী কাশেমই নব্য জেএমবির ‘আধ্যাত্মিক নেতা’। সংগঠনে তাকে ডাকা হয় ‘বড় হুজুর’ হিসেবে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০১৩ সালে তামিম চৌধুরী ও মাওলানা মো. আবুল কাশেমের যৌথ প্রয়াসে বাংলাদেশে নব্য-জেএমবির জঙ্গিবাদি কার্যক্রমের সূচনা হয়।”

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কাউন্টার টেরোরিজম ইউনিটের দুটি দল বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকা থেকে মাওলানা কাশেমকে গ্রেপ্তার করে।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন হামলাসহ সাম্প্রতিক অধিকাংশ জঙ্গি হামলা ও হত‌্যাকাণ্ডের জন‌্য এই নব‌্য জেএমবিকে দায়ী করে আসছে আইন-শৃঙ্খলা বাহিনী। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায়ে গত সপ্তাহে নিষিদ্ধ এই জঙ্গি দলের পাঁচ সদস‌্যের ফাঁসির রায়ও এসেছে।

Image
কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম (ফাইল ছবি)

কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম (ফাইল ছবি)

গতবছর ৮ অক্টোবর ঢাকার আশুলিয়ার এক বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানের সময় ‘পাঁচতলা থেকে পড়ে’ শায়খ আবু ইব্রাহিম আল হানিফ ওরফে আব্দুর রহমান আয়নাল ওরফে সারোয়ার জাহান নামে একজনের মৃত‌্যু হয়, যাকে পরে নব্য জেএমবির শীর্ষ নেতা হিসেবে চিহ্নিত করে র‌্যাব।

এ বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ সে সময় এক সংবাদ সম্মেলনে বলেন, ২০০৭ সালে বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমান গ্রেপ্তার হলে জেএমবি সাংগঠনিকভাবে বিশৃঙ্খল হয়ে পড়ে। এরপর ২০১৪ সালে পুরাতন জেএমবি ‘নতুন চেতনায় নব্য জেএমবি হিসেবে’ আত্মপ্রকাশ করে।

গতবছর নারায়াণগঞ্জ অভিযানে নিহত জঙ্গি নেতা তামিম চৌধুরী ওরেফে আবু দুজুনার সঙ্গে মিলে ২০১৪ সালে সারোয়ার জাহানই নব‌্য জেএমবি গঠন করেন এবং আমিরের দায়িত্ব নেন বলে দাবি করেন র‌্যাব প্রধান বেনজীর। এর প্রমাণ হিসেবে জেএমবি কর্মকাণ্ড শুরুর একটি ঘোষণার অনুলিপি সেই সংবাদ সম্মেলনে দেখানো হয়।

র‌্যাবের ওই দাবির বিপরীতে সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, সংগঠনে সারোয়ার জাহানের অবস্থান ছিল তামিমের ডেপুটিদের পরের ধাপে; অর্থাৎ তিনি ছিলেন ‘তৃতীয় সারির’ নেতা।

মাওলানা আবুল কাশেমকে গ্রেপ্তারের পর শুক্রবার পুলিশের সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মনিরুল বলেন, এই জঙ্গি নেতা এক সময় দিনাজপুরের রানীর বন্দর এলাকার একটি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। অনেক আগে থেকেই তিনি ‘সপরিবারে’ পুরাতন জেএমবির সঙ্গে জড়িত ছিলেন।

২০০৯ সালে জেএমবির একাংশের আমির মাওলানা সাইদুর রহমান গ্রেপ্তার হওয়ার পর কাশেমই সংগঠনের ওই অংশের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৩ সালে তামিম চৌধুরী ও মাওলানা আবুল কাশেমের যৌথ উদ‌্যোগে বাংলাদেশে নব্য জেএমবির কর্মকাণ্ড শুরু হয় বলে মনিরুলের ভাষ‌্য।

তিনি বলেন, তামিম চৌধুরী ২০১৩ সালে কানাডা থেকে আসার পর রাজশাহীতে বৈঠক করেন, সেখানে কাশেমও উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে কাউন্টার টেরোরিজম ইউনিটের এই সংবাদ সম্মেলনে জানানো হয়, তামিম চৌধুরী, মারজানসহ নব্য জেএমবির গুরুত্বপূর্ণ অনেক নেতাই কামেশের অনুরক্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার জঙ্গিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাশেমকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল বেশ কিছুদিন ধরেই।

গুলশান হামলার ‘অন‌্যতম পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে চলতি বছর জানুয়ারিতে গ্রেপ্তারের পর কাশেম সম্পর্কে ‘বিস্তারিত তথ‌্য’ পাওয়া যায়। তবে জাহাঙ্গীরের দেওয়া ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।

এরপর মার্চের শুরুতে মো. মিজান ওরফে বড় মিজান নামের আরেক জঙ্গিকে গ্রেপ্তারের পর কাশেমের অবস্থান সম্পর্কে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে আসে। 

মনিরুল বলেন, “গত রাত ১১টার দিকে মাওলানা আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তিনি বিকাশের মাধ্যমে টাকা আনতে যাচ্ছিলেন।”

তিনি জানান, নব্য জেএমবির এই নেতাকে সংগঠনে সবাই ডাকে ‘বড় হুজুর’ বলে। তার আরেক নাম শায়েখ আবু মোহাম্মদ আইমান হাফিজুল্লাহ। গ্রামের বাড়ি কুড়িগ্রামে। নামে-বেনামে ‘দাওলার আসল রুপ’, ‘জিহাদ কেন করবেন’, ‘ইসলামি বসন্ত’ এরকম বহু জঙ্গিবাদি বই রয়েছে তার।

‘আধ্যাত্মিক নেতা’ হিসেবে কাশেমই গুলশান হামলার ‘অনুমোদন দিয়েছিলেন’ বলে তথ‌্য পাওয়ার কথাও জানান কাউন্টার টেরোরিজম প্রধান।  

শুক্রবার দুপুরে কাশেমকে ঢাকার হাকিম আদালতে হাজির করে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক জাহাঙ্গীর আলম দশ দিনের হেফাজতে নিয়ে কাশেমকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে ঢাকার মহানগর হাকিম সত‌্যব্রত শিকদার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মনিরুল বলেন, “জিজ্ঞাসাবাদ করতে পারলে কাশেমের সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।”

পুরনো খবর:

নব‌্য জেএমবির ‘আধ্যাত্মিক নেতা’ গ্রেপ্তার