মৌলবাদ সংশ্লেষ রোধের উপায় খুঁজতে একমঞ্চে দুই প্রজন্ম
উগ্রপন্থার উত্থানের মধ্যে মৌলবাদী শক্তির সঙ্গে প্রধান রাজনৈতিক দলগুলোর সখ্যের প্রেক্ষাপটে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নের কৌশল নির্ধারণে মুক্তিযুদ্ধের প্রজন্মের সঙ্গে একমঞ্চে এলেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।
লেখক, সাংবাদিক, শিল্পী, উদ্যোক্তা, উন্নয়নকর্মী, সংস্কৃতিকর্মী, মানবাধিকারকর্মী, সংগঠক- উগ্রবাদীদের উত্থান নিয়ে ভাবিত এই তরুণ-যুবকরা এই সভায় মুখোমুখি হন নানা ক্ষেত্রে তাদের অগ্রজদের।
শুক্রবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে তৈরি হয় প্রবীণ ও নবীন এসব ভাবুকদের ঐকতান; মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলের সঙ্গে মৌলবাদী হেফাজতে ইসলামের সংশ্লেষ ও উগ্রপন্থা থেকে তরুণদের ফেরানোর নানা উপায় নিয়ে আলোচনা করেন তারা।
‘সংলাপসূত্র’ প্ল্যাটফর্মের ওই আয়োজনে বক্তাদের কেউ সংলাপের মাধ্যমে উগ্র ও সাম্প্রদায়িকতা মুক্তির পথ বাতলেছেন, আবার আহ্বানে এসেছে রাজপথে নেমে প্রতিরোধের। দেশজুড়ে সাংস্কৃতিক আন্দোলন জোরদারের পাশাপাশি বিনামূল্যে মাদ্রাসা শিক্ষার বিপরীতে ফ্রি স্কুল করার পরামর্শ এসেছে।
“রাজনীতিকদের বাইরে না রেখে তাদের সঙ্গে ডায়ালগের দিকে যেতে হবে। ক্রমান্বয়ে সমাজের বিভিন্ন অংশকে এর সঙ্গে যুক্ত করতে হবে।”
রাজপথে নেমে প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাস্তায় আমাদের যেতেই হবে, অতীতে গিয়েছিও। রাস্তায় যাওয়ার আগে সেজন্য জায়গাটা তৈরি করতে হবে। এটার জন্য প্রেশার গ্রুপ তৈরি করতে হবে আগে।”
ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, “রবীন্দ্রনাথ বলেছিলেন, গ্রাম পড়ে আছে মধ্যযুগে, শহর আধুনিক যুগে। এই বৈষম্য ঘুচাতে হবে।
“আজকে একবিংশ শতাব্দীতে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে হচ্ছে, এ বৈষম্য ঘুচাতে হবে “
তিনি বলেন, “আমি খুব আশাবাদী, হতাশা দিয়ে কিছু হবে না। আমরা আশা রাখি, আশাটাকে একটা লক্ষ্যে পরিণত করব। সেটা যদি আত্মতৃপ্তির কারণ হয় বা বক্তৃতায় শেষ হয় তাতে কিন্তু কোনো লাভ হবে না।
“আজকে আমরা যে সমাজ লক্ষ করছি, সেটা প্রতিবাদহীন সমাজ। হয়ত ঘটনা ঘটছে, নারী নির্যাতন থেকে শুরু করে…
“নাসিরনগর, গোবিন্দগঞ্জ ও রামুতে বৌদ্ধদের ওপর হামলা প্রমাণ করে যে, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র নয়। ব্লগারদের উপর যেভাবে আক্রমণ হল, তার কিছু একটা খুব হল না। এই কিছুদিন আগে তনু হত্যার বিচার হল না। কারণ কায়েমি স্বার্থ থাকার কারণে।”
মৌলবাদী, উগ্রবাদীদের উত্থান বিস্ময়কর- মন্তব্য করে আহমদ রফিক বলেন, “কিন্তু বিস্ময়কর হলেও এটা স্বাভাবিক পরিণতি। আমরা মুক্তিযুদ্ধের পর যেভাবে চলেছি, রাজনীতি যেভাবে চলেছে তাতে এটাই স্বাভাবিক ছিল।”
মুক্তিযুদ্ধের অর্জনকে সঙ্গে করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক অজয় রায় বলেন, “আমরা যে চেষ্টা করেছিলাম, একাত্তরের প্রেক্ষাপটে সেটা ৫৪ বছর পেরিয়ে এসেছি। সেখানে প্রত্যাবর্তনের কোনো প্রশ্ন আসে না। তবে তখনকার যে অর্জন সেগুলোকে আমরা সাথে নিয়ে অগ্রসর হব।”
সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণের ঘটনায় প্রধান বিচারপতির ভূমিকার সমালোচনা করেন তিনি।
বক্তব্যে উগ্রবাদের বিরুদ্ধে সারা দেশে জনসচেতনতা তৈরিতে কাজ করার আহ্বান জানান লেখক- অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল।
“আমাদের তথ্য জানাতে হবে। আমাদের বিরুদ্ধে যারা কাজ করছে, তারা ওটাই করছে। তারা জানাচ্ছে একটা জিনিস কিন্তু সেই জিনিসটা সঠিক না। ব্রেইনওয়াশ করছে, নানা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। তাই আমাদের তথ্যটা জানাতে হবে।”
হেফাজতের ফ্রি মাদ্রাসার পাশে ফ্রি স্কুল করার পরামর্শও দেন জাফর ইকবাল।
গ্রামে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করার পরামর্শ দিয়ে জাফর ইকবাল বলেন, “আগে শীতকালে গ্রামে সব জায়গায় নাটক থিয়েটার ড্রামা হত, এখন সেখানে হয় ওয়াজ। সেই ওয়াজ যদি ভালো হত, তাও মানা যেত। কিন্তু আমার নামও শুনা যায়। যেখানে শুধু করা হয় গালাগাল। নাটক থিয়েটার ড্রামা দিলে তারা শিখতে পারবে, নেতৃত্ব বিকশিত হবে।”
উগ্রবাদী-মৌলবাদীরা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে সহিংস মনোভাব ছড়াচ্ছে অভিযোগ করে মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, “নিজের জীবন, পরিবারের জীবন ও সন্তানদের জীবনও বিসর্জন দিতে তারা দ্বিধাবোধ করছে না। তার মানে তারা চিন্তার ক্ষেত্রে এমন একটা জায়গায় পৌঁছেছে যে, তাদের জন্য এটাকে শ্রেয় জায়গা ভাবছে।
“ঠিক যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তারাও কিন্তু চিন্তা করেনি কতদিন লাগবে, শেষে কী হবে। সবাই গেছে একই চিন্তা থেকে যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে হবে। এটাও তাদের ভেতরের একটা কমিটমেন্ট, একটা তাগিদ ও ভেতরের বিশ্বাস।”
তবে মৌলবাদীদের সেই চিন্তা মানুষের মুক্তির বিপরীতে দেশের চিন্তা-মতবাদ ও স্বাধীনতার মতবাদের পরিপন্থি বলে উল্লেখ করেন তিনি।
তিনি এই বলে আশাবাদী হতে চেয়েছেন, “এদেশের মানুষ চায় যে দেশটা সঠিকভাবে চলুক। সব কিছু অন্ধকার না, একটা বিশাল অংশ আছে যারা পরিবর্তনটা চাচ্ছে। সঠিকভাবে চাচ্ছে। যে উদ্দেশ্যে দেশটা স্বাধীন হয়েছিল, সে উদ্দেশ্যটা এখনও তারা চাচ্ছে।”
অধ্যাপক সাদেকা হালিম বলেন, প্রান্তিক জনগণের কাছে পৌঁছানোর কথা এসেছে। প্রান্তিক জনগণ কিন্তু এই রাজধানীর বুকেই আছেন। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করছেন তাদের বড় অংশ কিন্তু প্রান্তিক এলাকার।
“আমরা যখন তাদের সমাজ শেখাতে বসি, রাজনীতি ও সমাজকে আলাদা করে দেখি না।”
শিক্ষকরাও শিক্ষার্থীদের ধর্মান্ধতা থেকে দূরে রাখতে পারেন মন্তব্য করে তিনি বলেন, “কিন্তু সেখানে শর্ষের মধ্যে ভূত রয়ে গেছে। সেটা নিয়ে আমাদের ভাবতে হবে।”
“হলি আর্টিজানে মাদ্রাসার ছেলের সাথে ইংলিশ মিডিয়ামের ছাত্রের সংযোগ হচ্ছে। এই শ্রেণি নিয়ে আমরা কেন যেন আলাপ করি না।”
অগ্রসর চিন্তার তরুণদের উগ্রবাদের বিরুদ্ধে সক্রিয় করতে সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েল অধ্যাপক আনোয়ার হোসেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার বলেন, “আমাদের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। যেখানে রাষ্ট্রপতি স্বয়ং বলেন আমাদের ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার, সেখানে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই নির্বাচন হল না?
“সেই দাবিটা আমাদের জোরেশোরে তুলতে হবে, আমাদের ছাত্র সংসদ নির্বাচন চাই। তাহলে দেখবেন, আমাদের সারা বাংলাদেশের তরুণরা কীভাবে এক হয়ে আসে। বাংলাদেশের যারা মেধাবী, যারা অগ্রসর চিন্তা করে, ফেইসবুকে অ্যাক্টিভ, তারা ছাত্র সংসদ নির্বাচন করবে। তাদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি হবে।”
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী বলেন, “বিগত ৪৭ বছরে বাংলাদেশে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে, তার ফলে ধর্ম ও রাজনীতি দুটোই কলুষিত হচ্ছে। উগ্রবাদীদের বিকাশ হয়েছে। সাম্প্রতিক দৃষ্টান্ত হচ্ছে, ৫ মে যারা তাণ্ডব ঘটাল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেন, তাতে আমরা খুব উল্লসিত বোধ করেছিলাম।
মৌলবাদীদের তোষণে সরকারের সমালোচনা করে মুক্তিযুদ্ধ জাদুঘরের আরেক ট্রাস্টি তারিক আলী বলেন, “৫ মে হেফাজতিদের যে তাণ্ডব তার পরে কি পাঠ্যপুস্তকে পরিবর্তন, কি মূর্তি ভাঙ্গায়, আদিবাসীদের ওপর হামলায়, মন্দির দখলে কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদানে তাদের একের পর এক ছাড় দিয়ে চলেছে। মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালির সর্বমত সহনশীলতা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছি, সুলতানা কামালের হাড়গোড় তুলে নেওয়ার হুমকির পরও সরকার যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, সেজন্য আমরা আপনারা সকলে মর্মাহত।
“ভোটের বিবেচনায় রাজনৈতিক কৌশল হিসাবে এ হেফাজতিদের একটি নিরপেক্ষ অবস্থানে রাখার চিন্তা করছে সরকার। এই নিরপেক্ষ অবস্থানে তারা থাকবেন না, এটা বুঝেও তারা সেটা বুঝতে চাইছেন না। কৌশলের কাছে যদি নীতির পরাস্ত হতে হয়, আগামী ইলেকশনে তাহলে আপনাদের নিয়ে আমাদের চিন্তাগ্রস্ত হওয়ার কারণ থাকবে।”
“সরকারের এই আত্মঘাতী পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। কারণ আমরা ভালো করেই জানি, এই সরকারকে হটিয়ে দিতে পারলেই, দেশকে পাকিস্তান বানাতে হেফাজতিদের স্বপ্ন সফল হবে।”
অর্থনৈতিক অগ্রগতি হলেও নৈতিকতার অগ্রগতিতে অনেক পিছিয়ে থাকার কথা তুলে ধরে তারিক আলী বলেন, “উগ্রপন্থিদের সংশ্লেষ বাড়তে থাকলে সেখান থেকে আরও পিছিয়ে যাব।”
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, রামু, নাসিরনগর, গোবিন্দগঞ্জসহ বিভিন্ন স্থানে হামলা প্রমাণ করে, আদিবাসী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য ‘এদেশ বাসযোগ্য রইল না’।
“সংখ্যাগুরুরা আমাদের নাগরিক মনে করে না, নাগরিক মর্যাদা দিতে চায় না। রাষ্ট্র আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নিরাপদ দেশ দিতে পারেনি। এজন্য স্বাধীনতার ৪৬ বছর পরেও তারা দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে। কিন্তু আমরাতো অধিকার ও সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই।”
তিনি বলেন, সাঁওতালদের বাড়ি ঘরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী আগুন দেওয়ার পর প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী থেকে শুরু করে সবাই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু সেখানেই শেষ। তাদের দুর্ভোগ যায়নি। তারা তাদের মতোই আছে।
উন্নয়নকর্মী আসিফ সালেহ বলেন, “হলি আর্টিজানের ঘটনার পর আমরা একটি গবেষণা করে দেখেছি, আমরা আসলে জানিই না আসলে তরুণরা কী চিন্তা করে। আমরা বুঝি না তারা আসলে কী চায়, তারা যে ভাংচুরের ও দ্বিধাদ্বন্দ্বের সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সেটা আমাদের বোঝা দরকার।”
তিনি বলেন, “কেবল শহরে বসে সংলাপ করলে হবে না, সংলাপের বাইরে অনেক কাজ আছে। তাদের মধ্যে যখন দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, তখন সেই সুযোগ নিচ্ছে উগ্রবাদীরা। তারা তাদের মতো করে নিচ্ছে। এর বিপরীতে সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়া জরুরি। গ্রামে আগে যেভাবে ক্লাব কালচার ছিল সেটাও ফিরিয়ে আনা দরকার।”
‘হেফাজতিদের টেলিভিশনে আনেন কেন?’
অনুষ্ঠানে জাফর ইকবাল বলেন, “যেহেতু এখানে টেলিভিশনের কিছু মানুষজন আছেন তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সুলতানা কামাল ও হেফাজতের একজন নেতার কথার বিষয়ে। কেন এই দুইজন মানুষকে পাশাপাশি বসাতে হবে? আপনাদের টেলিভিশনের দর্শক বাড়ানোর জন্য যদি রগরগে ব্যাপার দেখাতে হয় তাহলে তো হবে না। আপনাদের অনেক দায়িত্ব আছে, সেটা আপনারা ভালোভাবে করতে পারবেন।”
তিনি বলেন, “কোন অ্যাংকরের যোগ্যতা থাকলে তাদের ওয়ান অ্যান্ড ওয়ান এঙ্গেজ করুক। মুখোমুখি করে সামাজিকভাবে হেয় করা যদি আমার টেলিভিশনেও হয় তাহলে এটা অন্যায় হচ্ছে।”
“তারপরও আমরা যারা কাজ করি, নিজের বিশ্বাসটা আমরা সর্বশেষ জায়গা পর্যন্ত প্রতিফলন করার চেষ্টা করি। অনেকে ইচ্ছা করে বিকিয়ে দেয়, আমরা লড়াইটা চালিয়ে রাখি। কোথাও কোথাও ভুল হয়, ভুল হলে শুধরানোর সুযোগ থাকে। শুধরে নেওয়ার মনটা যেন থাকে।”
তরুণদের নিয়ে আশা-হতাশা
খুশি কবির বলেন, “তরুণরা এখনো প্রতিবাদ করতে পারে। এখনো নতুন অনেক চিন্তা আসছে, প্রগতিশীল চিন্তা ও লেখা। অনেক জায়গায় আসছে। সেটা একটা মিশ্রণ। আমরা হয়ত নিউজে কাভারেজটা বেশি পাই, যেটা নেগেটিভ।”
তিনি বলেন, “এখনো আমাদের সমাজে একটা বিরাট অংশ আছে, যারা এখনো উগ্র চিন্তার সাথে জড়িত না। এই দিকটা আমাদের সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। কীভাবে আমরা তাদের কাছে যাব সেটা নিয়ে ভাবতে হবে। তাদের বোঝাতে হবে এখানে একটা বিকল্প আছে।”
তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে আহমদ রফিক বলেন, “আজকের কথা যদি বলি, আন্দোলনের বিকল্প নাই। লড়াইয়ের বিকল্প নাই। আজকে গণজাগরণ মঞ্চকে শেষ করে দেওয়া হয়েছে। তরুণদের বলব, আরেকটি গণজাগরণ মঞ্চ তৈরি করুন, সেটার জন্য যদি রাষ্ট্রকে পরিবর্তন করতে হয় সেটাই করতে হবে।”
“তরুণরা যদি তাদের ক্যারিয়ারকে সবচেয়ে গুরুত্ব না দিয়ে আজকে সমাজ পরিবর্তনটাকেও গুরুত্ব দেন, আন্দোলন সংঘটিত করেন, যারা সাংস্কৃতিক আন্দোলন করেন ঢাকায় তাদের কার্যক্রম কেন্দ্রীভূত না করে গ্রামে যান, মফস্বল শহরের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করেন তাহলে গণআন্দোলনের পরিস্থিতি তৈরি করলে এই পরিস্থিতি ক্রমেই পাল্টে দেওয়া সম্ভব হবে। এর কোনো বিকল্প নাই।”
“তরুণ সমাজের প্রতি আবার আহ্বান জানাব- রাজপথে নেমে আসুন, ঊনসত্তরে যেমন আমরা সেই সময়ের তরুণরা রাস্তায় নেমে এসেছিলাম, মুক্তিযুদ্ধে নেমে এসেছিলাম। প্রয়োজন হলে আরেকটি গণজাগরণ মঞ্চ গড়ে তুলুন।”
সারওয়ার আলী বলেন, “সাম্প্রদায়িকতা থেকে পরিত্রাণ পাওয়ার সহজ উপায় সমাজে নাই। যে সামাজিক ব্যবধান দাঁড়িয়েছে, সহজ পরিবর্তনটা নাই।
“তারপরও আমি তরুণ সমাজের প্রতি প্রচণ্ড আশাবাদী মানুষ। যখন মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে ভালো কাজ তাদের কাছে নিয়ে যাই, তখন ছেলেমেয়েদের কাছ থেকে যে সাড়া পাই, সেটা আশাবাদী করে। সমাজ পশ্চাৎপদতার দিকে যেভাবে যাচ্ছে, তরুণ সমাজ সেখান থেকে বেরিয়ে আসতে পারবে।”
রাজনীতি না সমাজ, কোনটা আগে?
রাজনীতির বাইরে গিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে রাজনীতিকদের সেদিকে ধাবিত করার আহ্বান জানান অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক।
২০০৭ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তরুণদের লেখালেখির প্রসঙ্গে টেনে তিনি বলেন, “লেখালেখি শুরু করি, এরপরে কিন্তু রাজনৈতিক দলগুলো এটাকে গ্রহণ করে। আমরা হয়ত এ রাজনৈতিক দলকে গালি দিচ্ছি বা ওই রাজনৈতিক দলকে দোষারোপ করছি- তাতে রাজনৈতিক দলগুলোকে তাদের মতো করে ভাবতে হচ্ছে। যাদের শক্তি দেখছে তাদের দিকে ঝুঁকে যাচ্ছে।”
তার বক্তব্যের কিছুটা বিরোধিতা করেন শিল্পী লুবনা মরিয়ম, রাজনীতিকে প্রধান হাতিয়ার করার আহ্বান আসে তার কাছ থেকে।
তিনি বলেন, “আপনারা সমাজকে রাজনীতি থেকে আলাদা করে দেখতে চাইছেন, সেটা চাইলেও তো হবে না। দেশপ্রেমের তাগিদে আপনারা একটা আলোচনার আয়োজন করলেন, পারবেন না তো। কারণ রাজনীতি সেখানে থাকতেই হবে, প্রগতিশীল রাজনীতি, বৈষম্য দূর করার বিষয় সেখানে থাকতেই হবে। আমাদের ইতিহাস পড়তে হবে।
“রাজনীতি অবশ্যই প্রয়োজন। শুধু এনজিওকরণ করেতো দেশের কিছুই হবে না। আজকে দেখেন ইংল্যান্ডে লেবার পার্টি, যেটা প্রগতিশীল রাজনীতিটা ফিরে এসেছে। আমাদের দেশ অভাগা দেশ। আমাদের দেশে কোনো প্রগতিশীল রাজনীতি নাই।”
আলোচনা সভায় অন্যদের মধ্যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, পিকেএসএফ চেয়ারম্যান অধ্যাপক কাজী খলীকুজ্জমান আহমদ, ড. সলিমুল্লাহ খান, অধ্যাপক মাহফুজা খানম, গাজী নাসিরুদ্দিন আহমেদ, রাজু আলাউদ্দিন বক্তব্য দেন।
মূল বক্তব্য পড়ে শোনান সাংবাদিক জুলফিকার আলী মাণিক।
