২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজত আমিরের অবস্থা ‘স্থিতিশীল’

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর মৃত্যুর গুজব ছড়ালেও সংগঠনটির নেতারা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 09:42 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামবাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত নয়টার পরে হুজুরের বড় ছেলে ও অন্যদের সঙ্গে কথা বলেছি। হুজুরের শারীরিক অবস্থা আগের মতোই। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

৯৫ বছর বয়সী আহমদ শফীকে মঙ্গলবার চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আইসিইউতে রয়েছেন।

বৃহস্পতিবার রাতে ফেইসবুকে হেফাজত আমিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপরই রাত সাড়ে ৮টার দিকে হেফাজতের প্রচার সম্পাদক মুনীর আহমেদ নিজের ফেইসবুক পেইজে একটি স্ট্যাটাসে জানান আমিরের অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে।

তিনি লিখেছেন, “প্রভু! টেলিফোনের যন্ত্রণা থেকে রক্ষা করো এবং চিকিৎসাধীন হেফাজত আমীরের নামে বার বার মিথ্যা গুজব রটনাকারীদেরকে তুমি হেদায়াত করো। হেফাজত আমীর আইসিইউতে চিকিৎসাধীন আছেন। শারীরিক অবস্থা গতকালের মতোই স্থিতিশীল। দোয়া করবেন সকলে।”

চিকিৎসাধীন হেফাজত আমিরকে দেখতে বিকালে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বুধবার রাতে আমিরের বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কা কাটেনি।

হাসপাতালের চিকিৎসক এ আর এম নুরুজ্জামানের উদ্ধৃতি দিয়ে ইউসুফ বলেন, “তিনি  (হেফাজত আমির) ইউরিন ইনফেকশন, নিউমোনিয়া, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

“শুরুতে তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন হলেও বর্তমানে তিনি আগের চেয়ে কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কিন্তু এখনও তিনি আশঙ্কামুক্ত নন।”

বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড হেফাজত আমিরের চিকিৎসায় নিয়োজিত রয়েছেন।

শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ১৮ মে থেকে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহমদ শফী। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।

পুরনো খবর:

হেফাজত আমির এখনও শঙ্কামুক্ত নন
অসুস্থ হেফাজত আমির আহমদ শফীকে ঢাকায় স্থানান্তর