২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজত আমির এখনও শঙ্কামুক্ত নন

ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর অবস্থা স্থিতিশীল হলেও এখনও শঙ্কা কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 11:56 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

বুধবার রাতে হেফাজত আমিরের বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

৯৫ বছর বয়সী আহমদ শফীকে মঙ্গলবার চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আইসিইউতে রয়েছেন।

হাসপাতালের চিকিৎসক এ আর এম নুরুজ্জামানের উদ্ধৃতি দিয়ে ইউসুফ বলেন, “তিনি  (হেফাজত আমির) ইউরিন ইনফেকশন, নিউমোনিয়া, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

“শুরুতে তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন হলেও বর্তমানে তিনি আগের চেয়ে কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কিন্তু এখনও তিনি আশঙ্কামুক্ত নন।”

বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ড হেফাজত আমিরের চিকিৎসায় নিয়োজিত রয়েছেন।

শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ১৮ মে থেকে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহমদ শফী। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।

চট্টগ্রামের হাটহাজারীর কওমি মাদ্রাসা দারুল উলুম মইনুল ইসলাম-এর মহাপরিচালক শফী তার ঘরানার মানুষের কাছে যেমন শ্রদ্ধেয়, তেমনি নারীবিরোধী নানা বক্তব্যের কারণে বিতর্কিতও।

পুরনো খবর:

অসুস্থ হেফাজত আমির আহমদ শফীকে ঢাকায় স্থানান্তর