২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানের বাড়ি: মওদুদের রিটের শুনানি মুলতবি

গুলশানের বাড়ি ফিরে পেতে বিএনপি নেতা মওদুদ আহমদের করা রিট আবেদনের শুনানি ২ জুলাই পর্যন্ত মুলতবি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 03:05 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

পুরনো খবর:

বাড়ি ফিরে পেতে হাই কোর্টে মওদুদের রিট
রিভিউ খারিজ, মওদুদকে বাড়ি ছাড়তেই হচ্ছে
ফুটপাতে শুয়ে থাকব, কী করার আছে: মওদুদ
মওদুদের বাড়ির সামনে খালেদা 
বাড়ি মওদুদকে ছাড়তেই হল

বৃহস্পতিবার দুপুরে ওই আবেদনের ওপর শুনানি শুরুর পর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চে এই আদেশ দেয়।

নোটিস ছাড়াই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে সকালে ওই রিট আবেদন করেন মওদুদ।

সেই সঙ্গে গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ে ওই বাড়ির নকশায় কোনো ধরনের পরিবর্তন না করা এবং পজেশন ফিরিয়ে দেওয়ার জন্য দুটি অন্তর্বতীকালীন আদেশও চেয়েছেন তিনি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি রাষ্ট্রকেও এই রিটে বিবাদী করা হয়েছে।

মওদুদের পক্ষে আদালতে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

শুনানি শুরু হলে এজে মোহাম্মাদ আলী কোনো ধরনের নোটিস ছাড়া উচ্ছেদ অভিযানকে ‘আইনের লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করে অন্তবর্তীকালীন নির্দেশনাসহ রুলের আর্জি জানান।

এ সময় নির্দেশ ও রুল জারির বিষয়ে আপত্তি জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় একটি লম্বা কাহিনী আছে। শুনানি করতে সময় প্রয়োজন। তাছাড়া এ বিষয়ে নিম্ন আদালতে একটি মামলা বিচারাধীন।

বিচারক এ সময় বলে, “আজকে আর এক ঘণ্টা সময় আছে। কাল থেকে অবকাশ শুরু হবে। এ মামলায় উভয়পক্ষকে শুনতে হবে। এ জন্য সময় প্রয়োজন। আপনারা হয় অবকাশের পরে আসেন. না হয় অবকাশকালীন বেঞ্চে যান।”

মওদুদের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন পরে সাংবাদিকদের বলেন, রিটের শুনানি অবকাশের পর, অর্থাৎ ২ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিএনপি নেতা মওদুদ আহমদ চার দশক ধরে গুলশানের ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। আইনি লড়াইয়ে তিনি হেরে যাওয়ায় বুধবার তার মালপত্র সরিয়ে দিয়ে ওই বাড়ির দখল বুঝে নেয় রাজউক।

মওদুদ বুধবার দাবি করেন, আদালত ওই বাড়ি রাজউককে দেয়নি। তিনি বিরোধী দলের রাজনীতি করেন বলেই এভাবে বিনা নোটিসে তাকে বাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান বলেন, “এটা তো আমাদের সম্পত্তি। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। এটা কি উনার সম্পত্তি? নোটিস দেব কেন?”

রাজউক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গুলশানের ওই বাড়ি গড়ে উঠেছে এক বিঘা ১৩ কাঠা ১৪ ছটাক জমির ওপর। ওই এলাকায় প্রতি কাঠা জমির দাম মোটামুটি ১০ কোটি টাকা। সেই হিসেবে পুরো সম্পত্তির দাম তিনশ থেকে সাড়ে তিনশ কোটি টাকায় পৌঁছায়।

ওপর ওই বাড়ির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির কাছ থেকে তিনি ওই বাড়ির মালিকানা পান।

১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্র এহসানের স্ত্রী অস্ট্রিয়ার নাগরিক ইনজে মারিয়া প্লাজের নামে নিবন্ধন করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে এহসান স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়।

ওই বছরই মওদুদ ওই বাড়ির দখল নেন। কিন্তু ইনজে মারিয়া প্লাজের মৃত্যুর পর ‘ভুয়া’ আমমোক্তারনামা তৈরি করে মওদুদের ভাই মনজুর আহমদের নামে ওই বাড়ির দখল নেওয়া হয়েছে অভিযোগ এনে দুদক মামলা করলে চার বছর আগে শুরু হয় আইনি লড়াই।

মওদুদ সর্বোচ্চ আদালত পর্যন্ত গেলেও রায় তার বিপক্ষে যায়। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করলেও গত রোববার তা খারিজ হয়ে যায়। ফলে মওদুদের বাড়ি ছাড়া অনিবার্য হয়ে পড়ে।

বৃহস্পতিবার হাই কোর্টে শুনানির পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ওই বাড়ির প্রকৃত মালিক একজন প্রবাসী নারী। তিনি মারা যাওয়ার পর বাড়িটি রাষ্ট্রের হয়ে গেছে।

“বাড়ি নিয়ে মওদুদ আহমদের সঙ্গে চুক্তি হওয়ার পাঁচ মাস আগেই তিনি মারা যান। তার কোনো উত্তরসূরী ছিল না। অথচ মৃত মানুষের বিরুদ্ধে মামলা করে তা নিজের নামে করে নিয়েছেন। তিনি কখনোই বলেননি যে তিনি ওই বাসার ভাড়াটিয়া হিসেবে ঢুকেছেন।”

মাহবুবে আলম বলেন, ওই বাড়ি যে মওদুদ আহমদের ভাইয়ের না, তা আপিল বিভাগের রায়ে উঠে এসেছে।

“ভাইয়ের পক্ষে কী করে তিনি এই বাড়ি দখল করে থাকেন? পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে কোনো আইনজীবী এমন করলে হাত জোড় করে ক্ষমা চেয়ে বাড়ি ছেড়ে দিতেন।”

অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, “বাড়ি ছাড়া নিয়ে মিডিয়ায় মওদুদ আহমদের নাটক ভালোভাবে প্রচার হচ্ছে। অথচ এ নিয়ে আমার বিস্তারিত বক্তব্য প্রচার হচ্ছে না।”