২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমান আর নেই

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 11:08 AM

Updated : 11 Oct 2022, 02:07 PM

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে পান্থপথের শমরিতা হাসপাতালে তার মৃত্যু হয় বলে হাসপাতালের মহাব্যবস্থাপক নুরুল ইসলাম তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বিচারপতি লতিফুর রহমানের বয়স হয়েছিল ৮১ বছর। স্ট্রোক হওয়ার পর দিন দশেক আগে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। 

বিচারপতি লতিফুর রহমান ২০০০ সালের ১ জানুয়ারি থেকে ১৪ মাস বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন।

১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষে তখনকার নিয়ম অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন লতিফুর রহমান।

তার তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন হয়। সেই নির্বাচনে জয়ী হয়ে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার গঠন করে।

ওই বছর ১০ অক্টোবর নতুন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করেন বিচারপতি লতিফুর রহমান। বর্তমানে সরকারে থাকা আওয়ামী লীগের নেতারা লতিফুর রহমানের ওই তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করেছেন বিভিন্ন সময়ে। 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত এপ্রিলেও এক অনুষ্ঠানে অভিযোগ করেন, ভারতের কাছে গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জিততে দেওয়া হয়নি।

গত ৬ এপ্রিল কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ওই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ২০০১ সালের নির্বাচনের আগে বাংলাদেশে সফরে আসা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সম্মানে তখনকার প্রধান উপদেষ্টা লতিফুর রহমান মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। সেখানে তার এবং খালেদা জিয়ার উপস্থিতিতে গ্যাস বিক্রির বিষয়টি আলোচনায় এলে তিনি ‘না’ বলে দেন। তিনি ওই অনুষ্ঠান থেকে চলে গেলেও বিএনপি নেতারা সেখানে ছিলেন।   

 “তারপর গ্যাস বেচার চুক্তি করেই ২০০১ এ তারা ক্ষমতায় আসল। ভোটের দিক থেকে আওয়ামী লীগ কিন্তু বেশি ভোট পেয়েছে, কিন্তু সিট পেল না।”

Image
২০০১ সালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় জিমি কার্টারের সম্মানে লতিফুর রহমানের দেওয়া মধ্যাহ্ন ভোজে শেখ হাসিনা ও খালেদা জিয়াও যোগ দেন।

২০০১ সালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় জিমি কার্টারের সম্মানে লতিফুর রহমানের দেওয়া মধ্যাহ্ন ভোজে শেখ হাসিনা ও খালেদা জিয়াও যোগ দেন।

বিচারপতি লতিফুর রহমানের মৃত্যুতে আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারা তার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সুপ্রিম কোর্টে জানাজা

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা হয়েছে সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের, যাতে তার সাবেক সহকর্মীরাসহ আইনজীবীরা অংশ নেন।

লতিফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ মঙ্গলবার আধাবেলা বন্ধ রাখা হয়। বেলা পৌনে ২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা হয়।

জানাজা শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, “সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান অত্যন্ত ভালো লোক ছিলেন। আমি আইনজীবী হিসেবেও তাকে পেয়েছি। তিনি সবসময় হাসিখুশি ছিলেন। তিনি আমাদের অভিভাবক ছিলেন, আমরা সবাই মর্মাহত। তার দেওয়া এমন অনেক রায় আমরা এখনও অনুসরণ করি।”

জানাজায় সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী, কে এম হাসান, সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন ও মো. মোজাম্মেল হোসেন, সাবেক বিচারপতি ও সিইসি আব্দুর রউফ, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ অংশ নেন।

আইনজীবীদের মধ্যে ছিলেন মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, এম আমীর-উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, এ এফ হাসান আরিফ, এ জে মোহাম্মদ আলী, মাহবুবে আলম, জয়নুল আবেদীন, ইউসুফ হোসেন হুমায়ুন, মইনুল হোসেন, আবদুল মতিন খসরু, এএম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জানাজায় অংশ নেন।

জানাজা শেষে শ্যালক শামসুল হুদা সাংবাদিকদের জানান, বনানী কবরস্থানে সমাহিত করা হবে লতিফুর রহমানকে।

জীবনী

যশোর বারের আইনজীবী খান বাহাদুর লুৎফর রহমানের তৃতীয় সন্তান লতিফুর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১ মার্চ, যশোরে। তার মামা বিচারপতি নুরুল হুদাও এক সময় হাই কোর্টের বিচারক ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৬ সালে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর সেখানেই এল এল বি করেন লতিফুর রহমান।

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষকতার মধ্যে দিয়ে চাকরি জীবন শুরু করলেও পরে ১৯৬০ সালে তিনি আইন পেশায় যোগ দেন। বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল এম এইচ খন্দকারের শিক্ষানবিশ ছিলেন তিনি।

১৯৭৯ সালে বিচারক হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে যোগ দেওয়ার পর ১৯৯১ সালে তিনি আপিল বিভাগে নিয়োগ পান।

বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি অবসরে যান।

‘তত্ত্বাবধায়ক সরকারের দিনগুলি ও আমার কথা’ নামে একটি বইয়ে লতিফুর রহমান তার ৮৭ দিন সরকার পরিচালনার অভিজ্ঞতার কথা লিখে গেছেন। এছাড়া বাংলাদেশের সংবিধান নিয়ে লিখেছেন ‘কনস্টিটিউশন অব বাংলাদেশ’

লতিফুর রহমানের স্ত্রীর নাম আয়েশা বেগম। শম্পা, রুম্পা ও নিপা তাদের তিন মেয়ে।