২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুংহাই নিটিংয়ের শ্রমিকদের বিক্ষোভ বিজিএমইএ’র সামনে

বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতন-বোনাসের দাবিতে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট পালন করেছে গাজীপুরের তুংহাই নিটিং অ্যান্ড ডাইংয়ের শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 06:05 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

সোমবার বেলা ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের নিচতলায় এ অবস্থান ধর্মঘট পালন করেন তারা।

কারখানার এক হাজার ৪০০ শ্রমিকের মধ্যে দেড় শতাধিক ‍এ অবস্থানে যোগ দেন। বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বেলা পৌনে ২টার দিকে ধর্মঘট থেকে সরেন তারা।

বুধবারের মধ্যে দাবি আদায়ের আশ্বাস বিজিএমইএ কর্মকর্তারা দিয়েছেন বলে জানান আন্দোলনের সংগঠক গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক রফিকুল ইসলাম সুজন। তবে শ্রমিক নেতা ও শ্রমিকদের সঙ্গে ওই বৈঠকে মালিকপক্ষের কেউ উপস্থিত ছিলেন না।

সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অবস্থান ধর্মঘট পালন করেছি। বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সেটা স্থগিত করেছি। তারা মালিকপক্ষের সঙ্গে কথা বলে বুধবারের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা দুই দিন দেখব, কী হয়।”

বৈঠকে বিজিএমইএর উপ-সচিব রফিকুল ইসলাম ও সহকারী সচিব মোজাম্মেল হল উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

অবস্থানরত শ্রমিকদের একজন ইমন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৮ মে হঠাৎ কারখানা বন্ধ করে দেয় মালিক। ১৪ বছর ধরে এ কারখানায় আমরা কাজ করি, কিন্তু কোনো নোটিস ছাড়া আমাদের বলা হল, কারখানা বন্ধ। বেতন ভাতা সব বাকি, আবার সামনে ঈদও আসছে।

“এরপর আমরা মালিকের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হই। গত তিনদিন কারখানার সামনে আমাদের অবস্থান কর্মসূচি ছিল। সেখানেও কোনো সুরাহা হয়নি।”

তিনি বলেন, “আমরা জানি না এই অবস্থায় আমরা এখন কোথায় যাব। ধারাবাহিক কর্মসূচি পালন ছাড়া আমাদের কোনো উপায় নেই।”