সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আপিলের রায় যে কোনো দিন
উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল থাকবে কি থাকবে না, তা চূড়ান্ত রায় দিতে যাচ্ছে সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও রিট আবেদনকারী পক্ষের সর্বশেষ বক্তব্য উপস্থাপনের পর প্রধান বিচারপতি এক কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে; অর্থাৎ যে কোনো দিন এর রায় হবে।
আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে সব মিলিয়ে মোট ১১ দিন শুনানির পর গুরুত্বপূর্ণ এই মামলাটির রায় দেওয়া হবে।
এই শুনানিতে সর্বোচ্চ আদালত ১২ জন অ্যামিচি কিউরির বক্তব্যও শোনেন; যাদের মধ্যে কামাল হোসেনসহ নয়জনই সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল রাখার পক্ষে মত দেন।
সংবিধানের এই সংশোধনের পক্ষে অবস্থান জানান শুধু আজমালুল হোসেন কিউসি; অ্যামিচি কিউরিদের মধ্যে বাকি দুজন বক্তব্য দেননি।
তাদের বাইরে ‘ইন্টারভেনার’ হিসেবে সংবিধানের এই সংশোধনের পক্ষে যুক্তি দেখান সাবেক আইনমন্ত্রী ও সংসদ সদস্য আবদুল মতিন খসরু।
২০১৪ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী হলে তা রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি করে। এর মধ্যে সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী একটি রিট আবেদন করেন হাই কোর্টে।
২০১৬ সালে হাই কোর্টের তিন বিচারপতির বেঞ্চের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া রায়ে সংবিধানের এই সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়।
হাই কোর্টের এই রায় নিয়ে রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়েছিল, সংসদে হয়েছিল ওয়াকআউট। প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, হাই কোর্টের এই রায় ‘সংবিধান পরিপন্থি’। এটি আপিলে টিকবে না।
এরপর রাষ্ট্রপক্ষ আপিল করলে গত ৮ মে তার শুনানি শুরু হয় আপিল বিভাগে।
পূর্ণাঙ্গ বেঞ্চে এর শুনানি নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের চাপাচাপিতে আদালতেও উত্তাপ ছড়িয়েছিল। প্রধান বিচারপতির সঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার উত্তপ্ত বাক-বিতণ্ডাও বেশ আলোচনার জন্ম দেয়।
বিচারক অপসারণ প্রক্রিয়ার পথরেখা
# বাংলাদেশের প্রথম সংবিধানে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতেই রাখা হয়েছিল।
# ১৯৭৫ সালে বঙ্গবন্ধু আমলে সংবিধানের চতুর্থ সংশোধনের পর বিচারক অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়।
# পঁচাত্তরের পট পরিবর্তনের পর জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে সংবিধানের পঞ্চম সংশোধন এনে বিচারক অপসারণের বিষয় নিষ্পত্তির ভার দিতে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করেন।
# সংবিধানের পঞ্চম সংশোধনী আদালত অবৈধ ঘোষণার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনলেও তাতে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের বিধানে কোনো পরিবর্তন আসেনি।
# ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়, যাতে বিচারক অপসারণের ক্ষমতা ফিরে পায় সংসদ। বিলটি পাসের পর ওই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়।
# সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর হাই কোর্টে রিট আবেদন করেন ৯ আইনজীবী। প্রাথমিক শুনানির পর হাই কোর্ট ২০১৪ সালের ৯ নভেম্বর রুল দেয়। রুলে ওই সংশোধনী কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়।
# ২০১৬ বছরের ৫ মে হাই কোর্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ওই বছরের ১১ অগাস্ট।
# তিন বিচারকের ওই বেঞ্চের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী রেজা-উল হক সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় দেন। অন্য বিচারপতি মো. আশরাফুল কামাল তাতে ভিন্নমত জানিয়ে আলাদা রায় দেন।
হাই কোর্টের রায়ে বলা হয়, “বলতে দ্বিধা নেই, ষোড়শ সংশোধনী একটি কালারেবল লেজিসলেশন (কোনো কাজ সংবিধানের মধ্যে থেকে করার সুযোগ না থাকলে আইনসভা যখন ছদ্ম আবরণে ভিন্ন প্রয়োজনের যুক্তি দেখিয়ে একটি আইন তৈরি করে), যা রাষ্ট্রের নির্বাহী বিভাগ, আইন সভা থেকে বিচার বিভাগের পৃথকীকরণ নীতির লঙ্ঘন।
“এটা সংবিধানের দুটি মূল কাঠামো ৯৪(৪)ও ১৪৭(২) অনুচ্ছেদেরও লঙ্ঘন। একইসঙ্গে সংবিধানের ৭(বি) অনুচ্ছেদকেও আঘাত করে।”
আপিলে রাষ্ট্রপক্ষের যুক্তিতে আদি সংবিধানে ফিরে যাওয়ার কথা বলা হয়েছিল।
অন্যদিকে আদি সংবিধান প্রণয়নের সঙ্গে যুক্ত ব্যারিস্টার এম আমীর উল ইসলাম অ্যামিকাস কিউরিয়া হিসেবে যুক্তিতে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের পক্ষে যুক্তি দেখিয়ে বলেছিলেন, স্বাধীনতার পর নবগঠিত দেশে ‘জুডিসিয়ারি গড়ে না ওঠায়’ তখন আপাতত সংসদের হাতে বিচারক অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছিল।
শুনানিতে প্রধান বিচারপতি এক কে সিনহা প্রশ্ন রেখেছিলেন, কোনো বিচারককে অপসারণের প্রক্রিয়ার সময় যদি সংসদে কোনো দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকে তবে কী হবে?
এর উত্তরে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নেতা মতিন খসরুর উত্তর ছিল, “সেটা পরবর্তী প্রজন্ম দেখবে।”
শেষ দিনের যুক্তিতর্ক
বৃহস্পতিবার শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা রাষ্ট্রপক্ষে বক্তব্য রাখেন। রিট আবেদনকারীরদর পক্ষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
সমাপনী শুনানিতে মাহবুবে আলম বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি, জাতীয় সংসদ, সুপ্রিম কোর্ট অর্থাৎ শাসন বিভাগ, আইন সভা ও বিচার বিভাগ সবই সংবিধান দ্বারা সৃষ্ট। নির্বাহী বিভাগ আইন সভা বা বিচার বিভাগ কেউ সার্বভৌম নয়। বিচার বিভাগ সংবিধান দ্বারা সৃষ্ট। সৃষ্টি তার স্রষ্টার ভালো-মন্দ বিচার করার ক্ষমতা রাখে না। সংবিধানের মূল অনুচ্ছেদসমূহ সমস্ত বিতর্কের ঊর্ধ্বে। কেবলমাত্র যখন তা সংশোধন হয় তখন সে সংশোধন সংবিধানের সংগে অসঙ্গতিপূর্ণ কি না তা বিচার করার এখতিয়ার উচ্চ আদালতের আছে।
তখন প্রধান বিচারপতি বলেন, “জনগণের কল্যাণের কথাই আমরা চিন্তা করছি। জনগণের অধিকার রক্ষায় অধস্তন আদালতের বিচারকরা কাজ করে যাচ্ছেন। এ জন্য আমাকে অধস্তন আদালত পরিদর্শনের জন্য প্রত্যন্ত অঞ্চলে যেতে হচ্ছে। অথচ সেই অধস্তন আদালতের বিষয়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদে হাত দিয়েছেন। এটা ফিরিয়ে দিন। আমি আপনার সঙ্গে আছি।
এই সংসদেই হয় সংবিধানের ষোড়শ সংশোধন
“শুধুই কি ১১৬ তে হাত দিয়েছেন, সরকারি কর্মকমিশন (পিএসসি), নির্বাচন কমিশন বিষয়ক অনুচ্ছেদ নিয়েও আপনাদের চিন্তা করতে হবে। এ সকল প্রতিষ্ঠানের সঙ্গে স্বাধীনতার প্রশ্ন জড়িত।”
“আমরা যখন সংবিধানের ব্যাখ্যা দেব, তখন পুরো সংবিধানকেই পর্যালোচনা করবো। সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক। যদি তাই হয়ে থাকে তবে শুধুই বিচারক বা বিচার বিভাগ নয়, দেশের ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে আমাদের।”
অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনীর আগে এ সংক্রান্ত বিশেষ কমিটি ২৭টি সভা করেছে। আইনজীবী, প্রাক্তন বিচারপতি, বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে।
“ষোড়শ সংশোধনীর বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি তার রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করেছেন –রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকারকে যেহেতু সংসদই অপসারণ করে তাই বিচারপতিদের অপসারণের ব্যাপারে সংসদের ভূমিকা থাকা উচিৎ।”
পঞ্চদশ সংশোধনীতে বাদ পড়ে যাওয়ায় ‘দেশের স্বার্থে’ই ষোড়শ সংশোধনীতে আনা হয়েছে বলে সংসদীয় কমিটির প্রতিবেদন উদ্ধৃত করে বলেন মাহবুবে আলম।
তিনি বলেন, ষোড়শ সংশোধনীর ফলে প্রতিস্থাপিত অনুচ্ছেদ ৯৬(৩) এর পরিপ্রেক্ষিতে যে আইন প্রণীত হবে তা খুবই গুরুত্বপূর্ণ। সেই আইনের বিধান বিবেচনা করে বোঝা যাবে যে, অপসারণের বিধান তদন্তের বিষয়ে কোন ব্যক্তিদের সংযুক্ত করা হবে, তদন্ত নিরপেক্ষ হবে কি না বা সে আইনের দ্বারা বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হবে কিনা। এ আইন না করা পর্যন্ত ৯৬(২) এবং ৯৬(৩) অনুচ্ছেদ বিচার বিভাগের পরিপন্থি কি না, তা বিচার করার অবকাশ নেই।”
ষোড়শ সংশোধনীর আলোকে বিচারক অপসারণে তদন্ত ও প্রমাণ বিষয়ক আলাদা একটি আইন প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হয়, কিন্তু হাই কোর্টের রায়ের পর তা ঝুলে যায়।
মাহবুবে আলম (ফাইল ছবি)
অ্যাটর্নি জেনারেল বিচার বিভাগের কারও কাছে জবাবদিহি করার সুযোগ নেই দাবি করে বলেন, “নিজেদের বিচার নিজেরা করাটা ন্যায়বিচার ও আইনের শাসনের পরিপন্থি। এ বিচার করতে গিয়ে বিচারপতিদের আবেগ অনুভূতির ঊর্ধ্বে ওঠা সম্ভব নাও হতে পারে।”
এসময় বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, “সব বিভাগ তো নিজেদের বিচার নিজেরাই করে।”
প্রধান বিচারপতিও সহকর্মীর এ বক্তব্যকে সমর্থন করে বলেন, “বিষয়টি যদি সংসদের হাতে দেওয়া হয়, তখন বিচারকরা ১০টার পরিবর্তে সাড়ে ১০টায় বসলো। এটা কে দেখবে? সংসদ সদস্যরা কি এখানে এসে দেখবেন?”
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলেন, “কোনো বিচারপতিই প্রধান বিচারপতির অধীন না। তারা স্বাধীন। প্রধান বিচারপতির কাছ থেকে ক্ষমতা যদি নিয়ে যান তাহলে জাজদের কে তদারকি করবে। কেউ প্রধান বিচারপতিকে মানবে না। শৃঙ্খলা ভেঙে পড়বে।”
প্রধান বিচারপতি ভারতের সাম্প্রতিক এক উদাহরণ দিয়ে বলেন, “হাই কোর্টের একজন বিচারপতি প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কারণ ওই বিচারক জানেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা প্রধান বিচারপতির নেই।”
তখন অ্যাটর্নি জেনারেল বলেন, “আপনারা কেন এত শঙ্কাবোধ করছেন?”
বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা বলেন, “বিচারকরা ১২টায় বেঞ্চে বসবে, দুই-তিন বছর পর রায় লিখবেন, প্রধান বিচারপতিকে বুড়ো আঙুল দেখাবেন। তখন প্রধান বিচারপতি একমাত্র বেঞ্চ গঠন ছাড়া কিছুই করতে পারবেন না।”
অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, “আপনি বলেছেন যে কোনো নাগরিক সংসদে গিয়ে একজন বিচারকের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এটা হলে তো সব শেষ করে দেবেন।”
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “শেষ হবে কেন? সামরিক আইন দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান করা হয়েছে। তা যদি রাখা হয় তবে সেটা হবে ইতিহাসের বিরাট ভুল। আপনারা কেন সংসদের ওপর আস্থা রাখতে পারছেন না?”
তখন অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, “সামরিক শাসনের সময়ের আইন যদি বাদ দেন তাহলে কোথায় গিয়ে দাঁড়াবেন। তাহলে তো চতুর্থ সংশোধনীতে গিয়ে দাঁড়াতে হবে, তাই নয় কি?”
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “চতুর্থ সংশোধনী কেন, আমরা তো আদি সংবিধানের ৯৬ অনুচ্ছেদেই যাব।”
প্রধান বিচারপতি এসকে সিনহা (ফাইল ছবি)
এসময় প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, “আপনার দুশ্চিন্তার কিছু নেই। আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। জানার জন্য, বুঝার জন্য শুনছি, প্রশ্ন করছি। তবে রাষ্ট্র যত ধরনের অপকর্ম করেছে তা থেকে আমরা বিচার বিভাগই উদ্ধার করেছি। এবিষয়ে এখনও রায় দিচ্ছি।”
এর আগে রাষ্ট্রপক্ষের শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, এই সংবিধানের মাধ্যমেই সংসদের সৃষ্টি। আর এ সংসদের প্রতি অবিশ্বাস, অনাস্থা আনা দুঃখজনক।
“সামরিক শাসনের কারণে একটি কালো অধ্যায়ের সৃষ্টি হয়েছিল। তখন আমরা সুপ্রিম কোর্টের কোনো সাহায্য পাইনি। একজন প্রধান বিচারপতি প্রধান সামরিক আইন প্রশাসক হয়েছিলেন। সেই কালো অধ্যায়ের সময়ে করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা সুপ্রিম কোর্ট রেখে দিল!”
প্রধান বিচারপতি তখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে বলেন, “আমরা কোনোভাবেই মার্শাল ল-এর অধীনে ফিরে যেতে চাই না। সংসদ ইচ্ছামতো আইন প্রণয়ন ও সংবিধানের সংশোধন করতে পারবে, এটাই তো বলছেন?”
জবাবে মুরাদ রেজা বলেন, “সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থাকে আপনারা মার্জনা (পঞ্চম সংশোধনী অবৈধের রায়ে) করেছেন। অবৈধ ছিল বলেই আপনারা মার্জনা করেছেন, বৈধ হলে সেটা মার্জনা করার প্রয়োজন ছিল না। ওই সংশোধনী যদি মৌলিক কাঠামোর অংশ হত, তাহলে মার্জনা করার প্রয়োজনই হত না।”
প্রধান বিচারপতি বলেন, “আমরাই তো পঞ্চম, সপ্তম, অষ্টম, ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ে আদি সংবিধানে ফিরে যাওয়ার কথা বলেছি।”
মুরাদ রেজা বলেন, “সংসদের হাতে ক্ষমতা দিয়ে আপনাদের আরও বেশি নিরাপত্তা দেওয়া হয়েছে। সংসদকে চ্যালেঞ্জ বা অপমান করার ক্ষমতা কারও নেই। বিচার বিভাগেরও নেই। সংসদকে অপমান করবেন না।”
প্রধান বিচারপতি তখন বলেন, “কে অপমান করেছে, বলুন।”
তখন মুরাদ রেজা আদালতে মতামত দেওয়া অ্যামিচি কিউরিদের কথা উল্লেখ করে বলেন, “একজন বাদে সবাই। তারা তো আদালতের বন্ধু। তাদের আলোচনা হওয়ার দরকার ছিল সাবজেক্টটিভ, অবজেক্টটিভ না।”
বিচারপতি ওয়াহহাব মিঞা বলেন, “অ্যামিকাস কিউরিরা সঠিকভাবে দায়িত্ব পালন করেনি, এটা বলা ঠিক না। তারা ভুল না ঠিক বলেছে, সেটা আমরা দেখব।”
শুনানির শেষ পর্যায়ে রিট আবেদনকারীদের পক্ষে মনজিল মোরসেদ বলেন, পঞ্চম সংশোধনী মামলার রায়ে বিষয়ে সুপ্রিম কোর্টকে কিছু অভিমত নিয়ে রাষ্ট্রপক্ষ পুনর্বিবেচনার আবেদন করেছিল। কিন্তু ৯৬ অনুচ্ছেদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে রাষ্ট্রপক্ষ কোনো রিভিউ আবেদনই করেনি।
“সুপ্রিম কোর্ট যখন কোনো রায়ে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত বিলুপ্ত করে সংসদ কোনো আইন করতে পারে না।”
