জুডিসিয়াল কাউন্সিলের পক্ষে অ্যামিচি কিউরিরা
সংবিধানের ষোড়শ সংশোধনের বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানিতে আদালতকে সহায়তাকারী হিসেবে নিয়োগ পাওয়া জ্যেষ্ঠ আইনজীবীদের একজন বাদে সবাই সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের পক্ষে অবস্থান জানিয়েছেন।
অ্যামিচি কিউরিদের মধ্যে একমাত্র আজমালুল হোসেন কিউসি উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে নিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনীকে সমর্থন জানিয়েছেন।
সংবিধান প্রশ্নের গুরুত্বপূর্ণ এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ১২ জন আইনজীবীকে অ্যামিচি কিউরি হিসেবে নিয়োগ দেয়।
রাষ্ট্র ও রিট আবেদনকারী পক্ষের শুনানির পর গত সপ্তাহে শুরু হয়ে মঙ্গলবার অ্যামিচি কিউরিদের বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে।
অ্যামিচি কিউরিদের মধ্যে ১০ জন তাদের বক্তব্য উপস্থাপন করেন। দুজন বক্তব্য রাখেননি।
এদের মধ্যে কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, টি এইচ খান, এ এফ হাসান আরিফ, রোকন উদ্দিন মাহমুদ, আবদুল ওয়াদুদ ভূইয়া, এম আই ফারুকী, এ জে মোহাম্মদ আলী ও ফিদা এম কামাল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের পক্ষে নিজেদের অবস্থান জানান।
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানিতে বক্তব্য দিলেন তারা।
২০১৪ সালে সংবিধানের ওই সংশোধনীর পর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবীর করা একটি রিট আবেদনে গত বছর হাই কোর্ট সংসদের ওই পদক্ষেপ অবৈধ বলে রায় দেয়।
স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধানে বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতেই ছিল। বঙ্গবন্ধু আমলে ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনের সময় ওই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়।
পরে জিয়াউর রহমান ক্ষমতায় বসে সংবিধানে পঞ্চম সংশোধনী এনে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার তা আগের অবস্থায় ফিরিয়ে নিয়েছিল।
আপিলের শুনানিতে মঙ্গলবার নিজের অসমাপ্ত বক্তব্য শেষ করেন আজমালুল হোসেন কিউসি। পরে বক্তব্য রাখেন সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল ও এ জে মোহাম্মদ আলী।
অ্যামিচি কিউরিদের বক্তব্য উপস্থাপন শেষে পরে আদালতের অনুমতি নিয়ে ‘ইন্টারভেনার’ হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু।
এরপর আদালত বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করে। সেদিন অ্যাটর্নি জেনারেলকে বক্তব্য রাখতে বলা হয়েছে। সেদিনই শুনানি শেষ হতে পারে।
আগের দিনের ধারাবাহিকতায় আজমালুল হোসেন ষোড়শ সংশোধনীর পক্ষে মত দিয়ে বলেন, বিচারকরা জনগণের হয়ে বিচার কাজ করছেন। তাদের জবাবদিহির প্রয়োজন আছে। এই জবাবদিহি করতে হবে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের কাছে। কারণ সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ।
“এই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব করে থাকেন। ফলে ষোড়শ সংশোধনী ওই জায়গাতেই নিয়ে যাচ্ছে, যেখানে সংসদের কাছে জবাবদিহিতা থাকবে।”
তার বক্তব্যের এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, বিচারকদের থাকার জায়গা নেই। এই সুপ্রিম কোর্টের একটি প্রশাসনিক ভবন নেই। সুপ্রিম কোর্টের অনেক কর্মকর্তার বসার কক্ষ নেই। অথচ দেশের ক্ষেত্রে বিচার বিভাগের অবদান কোনো অংশেই কম নয়।
“আমি হাজারটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমাদের বিচার বিভাগ বিচারের ক্ষেত্রে দৃষ্টান্ত রেখে চলেছে। নারায়ণগঞ্জের সাত খুনের মামলা গোটা দুনিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করল। দেশের মানুষ ন্যায়বিচারের প্রত্যাশা করলো। এই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই ওই মামলার জট খুলে গেল।”
সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে হাজারীবাগের ট্যানারি স্থানান্তর, গুলশান ও বারিধারা লেক এবং শীতলক্ষা, বুড়িগঙ্গা নদী রক্ষার কথাও বলেন প্রধান বিচারপতি।
তিনি বলেন, “আমরা বিচার করি বিচার বিভাগের স্বার্থে, ন্যায়বিচারের স্বার্থে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব সময় পদক্ষেপ নিয়েছে। জনগণের স্বার্থ জড়িত থাকলে সেখানে যতই ক্ষমতাশালী থাকুক না কেন, সেখানে বিচারকরা বিচারকাজ চালিয়ে যান।”
শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, “এখানে যারা আছেন, বিচারকরা সবাই স্বাধীন, আমি ছাড়া। প্রধান বিচারপতি কতটা পরাধীন?”
প্রধান বিচারপতি ছাড়া বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
প্রধান বিচারপতির বক্তব্যের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “আপনি পরাধীন না, প্রতিদিন কাগজ খুললে আপনার অনেক বক্তব্য পাওয়া যায়।”
প্রধান বিচারপতি বলেন, “আমি তো প্রেস কনফারেন্স করে কথা বলি না। আমি আমার প্রসিডিংসয়ের মধ্যে থেকে কথা বলি।”
এরপর এ জে মোহাম্মদ আলী শুনানিতে ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে অবস্থান জানিয়ে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “সংবিধানে ৭০ অনুচ্ছেদ রয়েছে। এটা কারণে দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ চলে যায়। এটা থাকার কারণে ইচ্ছা থাকার পরও স্বাধীনভাবে নিজ দলের বিরুদ্ধে মতামত দিতে পারেন না। এক্ষেত্রে কি জনগণের মতামত প্রতিফলিত হবে? হবে না।
“বিচারক অপসারণের বিষয়েও সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত দিতে পারবেন না। ফলে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না।”
ফিদা এম কামাল বলেন, বিচারক অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি একটি ‘সেটেল্ড ইস্যু’। এটি বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মৌলিক কাঠামোরই অংশ। ইতোমধ্যে উচ্চ আদালতের দুটি রায়েও এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওই রায়ে আলোকেই সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পদ্ধতি বহাল রাখা হয়েছিল। বিচারক অপসারণে এই বিধান না থাকলে অরাজকতা দেখা দেবে।
“এছাড়া এই সুপ্রিম কোর্টই রায় দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে রেখে দিয়েছে। এ ব্যবস্থাকে আদালত স্বচ্ছ ও বিচার বিভাগের স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে উল্লেখ করেছে। এ অবস্থায় ষোড়শ সংশোধনীর মাধ্যমে তা বাতিল করতে পারে না।”
ফিদা কামাল আদালতের উদ্দেশে বলেন, “আরও বলেন, আপনারা চাইলে এখন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলকে কিভাবে আরও কার্যকর ও গঠনমুলক করা যায়, সে বিষয়ে দিক-নির্দেশনা দিতে পারেন।”
প্রধান বিচারপতি
তখন প্রধান বিচারপতি বলেন, “এটি পুরোটা সুপ্রিম জুডিসিয়াল সার্ভিস কমিশনের দেখা উচিৎ। কিন্তু সেটা তো হচ্ছে না।
“জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানও একজন বিচারক। তিনি চেয়ারম্যান হিসেবে বিদেশ যেতে চাইলেও তাকে সরকারের অনুমতি নিতে হয় দুদকসহ অন্যান্য কমিশনের মতো। ওখানে (কমিশনে) অধস্তন আদালতের বিচারক নিয়োগে পরীক্ষা নেওয়া হয়, কিন্তু কমিশন সরকারের সিলেবাসের বাইরে যেতে পারেন না।
“ওটাকে (কমিশন) হাত-পা বেঁধে এমনভাবে রেখে দেওয়া হয়েছে যে, প্রশ্ন করতে হলেও সিলেবাসের ভেতরে থেকেই করতে হয়, এর বাইরে যাওয়া যাবে না।”
তখন ফিদা এম কামাল বলেন, হাত-পা বেঁধে রেখে তো সাঁতার কাটা যায় না। রাষ্ট্রের তিন অঙ্গের (আইন, শাসন ও বিচার) মধ্যে সমন্বয় থাকতে হবে। নয়ত কেউ কাজ করতে পারবে না।
এরপর আদালতে উপস্থিত সাবেক আইনমন্ত্রী ও সরকার দলীয় সংসদ সদস্য আবদুল মতিন খসরু বক্তব্য রাখেন।
তিনি বলেন, সংসদই সার্বভৌম ক্ষমতার অধিকারী। আর সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ সংবিধানের মাধ্যমেই সংসদকে আইন প্রণয়নের ক্ষমতা দিয়েছে। ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারক অপসারণে বাহাত্তরের মুল সংবিধানে উল্লেখিত সংসদের ক্ষমতা ফেরত এসেছে।
“এখন কথা হচ্ছে, সংবিধানের সংশোধনীর প্রয়োজন হলে সংসদে তাদের প্রতিনিধিত্ব কে করবে? তাদের পক্ষে সংসদ সদস্যরাই প্রতিনিধিত্ব করবেন। কারণ তারাই জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। জাতীয় সংসদে সংসদ সদস্যরাই জনগণের প্রতিনিধি।”
এসময় প্রধান বিচারপতি তাকে ১৯৭২ সালের সংবিধানের প্রস্তাবনা এবং সর্বশেষ সংশোধিত সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে বলেন।
মতিন খসরু উভয় প্রস্তাবনা পড়ার পর বলেন, “৭২ সালের আদি সংবিধানে ফিরে যেতেই এ ষোড়শ সংশোধনী আনা হয়েছে। এ সংশোধনীর মাধ্যমে বাহাত্তরের ব্যবস্থা পুনঃস্থাপন করা হয়েছে। আদি সংবিধানে হাত দেওয়া যাবে না। পরিবর্তন করা যাবে না।”
প্রধান বিচারপতি বলেন, “আদি সংবিধানে ফিরে যাওয়ার কথা বলছেন? হাত দেওয়া যাবে না বলছেন? তাহলে ১১৬ অনুচ্ছেদ কেন পরিবর্তন করলেন? এটার কি দরকার ছিল? প্রস্তাবনা কেন পরিবর্তন করলেন? এখানে কেন হাত দিলেন?
“আপনারা কতদুর যেতে পারবেন, সেটাও তো সংবিধানে বলা আছে। সংবিধানে কি পুনঃস্থাপনের কথা বলা আছে? আদি সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ দেখুন। সেখানে প্রতিস্থাপনের কথা আছে। রাজনৈতিক দল ৫ বছরের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসার পর ইচ্ছামতো সংবিধান সংশোধন করেছে।
“আপনি বাহাত্তরের সংবিধানের প্রস্তাবনা পড়ুন আর এখনকার প্রস্তাবনা পড়ুন। মিল নেই। দেখবেন, বিভিন্ন সময়ে সংবিধানের পরিবর্তন করতে করতে মূল বৈশিষ্ট্যই তো পরিবর্তন হয়ে গেছে। অনেক বিচ্যুতি (ডেভিয়েশন) ঘটিয়েছেন।”
প্রধান বিচারপতি বলেন, “ধরেন এখানে আপনিসহ আরও দুই জনের নেতৃত্বে তিনটি প্লাটফর্ম হলো। তারা ক্ষমতায় গিয়ে বিচারক অপসারণে বিভক্ত হয়ে পড়ল তখন আপনার পলিসি কী হবে?
আবদুল মতিন খসরু
জবাবে মতিন খসরু বলেন, “সেটা পরবর্তী প্রজন্ম দেখবে।”
তখন প্রধান বিচারপতি বলেন, “স্বাধীনতার ৪৫ বছর পার হয়ে গেছে। আমরা তো এগুলোই দেখছি।”
ভারতের পার্লামেন্টের উদাহরণ টেনে প্রধান বিচারপতি বলেন, “ভারতে দেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সোনিয়া গান্ধীকে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে দাওয়াত দেন তিনি চলে আসেন। আমাদের এখানে তো ঐক্য নেই। আমরা একজন আরেক জনের দাওয়াতেও যাই না। সব ব্যাপারেই বিভক্তি।
এসময় মতিন খসরু বলেন, “আপনারা ডাকলে আসবে।”
প্রধান বিচারপতি বলেন, “আপনাদের যে ইগো সমস্যা।”
এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, “এখানে কীভাবে ঐক্য হবে? একটা পার্টি জাতির জনক বঙ্গবন্ধুর নামও উচ্চারণ করে না। মহাত্মা গান্ধীকে সব দলই সমানভাবে শ্রদ্ধা করে।”
আদালতের উদ্দেশে মাহবুবে আলম বলেন, “আপনারা পার্টি হবেন না। এভাবে বললে একটি দল মনে করবে এই রায় তাদের পক্ষে গেছে। যেখানে একটা দল বঙ্গবন্ধুর নামও উচ্চরণ করে না, তাদের সঙ্গে ঐক্য হয় কীভাবে?”
মতিন খসরুও বলেন, “বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যাকারীদের সঙ্গে বসার কোনো সুযোগ নেই।”
এই পর্যায়ে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলেন, “আমরা তো জানি যে প্রায় দেড় বছর ধরে পরীক্ষা-নিরীক্ষা করে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে। সকল পক্ষের মতামত নিয়েই এটা করা হয়েছে। কিন্তু অ্যাটর্নি জেনারেল শুনানিতে বলেছেন যে তড়িঘড়ি করে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে। আমরা বিশ্বাস করি, জাতীয় সংসদ বুঝেশুনেই এ সংশোধনী এনেছে।”
তিনি রিট আবেদনকারীপক্ষের আইনজীবীর উল্লেখ করা ঘটনার প্রেক্ষাপটের কথা তুললে মতিন খসরু বলেন, “আমরা তো একটি মহৎ উদ্দেশ্যে এ সংশোধনী এনেছি। অসৎ উদ্দেশ্যে আনা হয়নি।”
বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা তখন বলেন, “এ মামলা যখন হাই কোর্টে বিচারাধীন, তখন তো তাড়াহুড়ো করে আইন করলেন।”
মতিন খসরুর বক্তব্যের সঙ্গে সঙ্গেই শুনানি মুলতবি হয়ে যায়।
