২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষোড়শ সংশোধনী: আপিল শুনানি ৮ ফেব্রুয়ারি

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানে আনা ষোড়শ সংশোধনী অবৈধ করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি হবে ৮ ফেব্রুয়ারি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 10:48 AM

Updated : 11 Oct 2022, 01:16 PM

পুরনো খবর:

বিচারপতি অপসারণের ক্ষমতা পেল সংসদ
বিচারক অপসারণ ক্ষমতা সংসদকে দেওয়া অবৈধ: হাই কোর্ট
ষোড়শ সংশোধন নিয়ে হাই কোর্টের রায় সংবিধান পরিপন্থি: আইনমন্ত্রী
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় প্রকাশ
ষোড়শ সংশোধনী নিয়ে তৃতীয় বিচারকের রায় প্রকাশ
ষোড়শ সংশোধন: এক মাসের মধ্যে আপিল

অ‌্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বৃহস্পতিবার আপিল শুনানির আগে চার সপ্তাহ সময় চাইলে তা মঞ্জুর করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারকের বেঞ্চ এই দিন ঠিক করে দেন।

সুপ্রিম কোর্টের ৯ আইনজীবীর করা একটি রিট আবেদনে দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ গত ৫ মে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ করে রায় দেয়।

রায়ে বলা হয়, “সংসদের মাধ্যমে বিচারকগণের অপসারণ প্রক্রিয়া ইতিহাসের একটি দুর্ঘটনা।”

ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বুধবার আপিল করলে বৃহস্পতিবার তা আপিল বিভাগে ওঠে। বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির জন‌্য রিটকারীদের পক্ষ থেকেও আপিল বিভাগে আলাদা আবেদন করা হয়েছিল। 

রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বৃহস্পতিবার শুনানির পর সাংবাদিকদের বলেন, “৮ ফেব্রুয়ারি ফুলবেঞ্চে শুনানি হবে।”

Image
বাংলাদেশের সংবিধান

বাংলাদেশের সংবিধান

রিট থেকে রায়

১৯৭২ সালে মূল সংবিধানে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত ছিল। ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে ওই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়।

পরে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমানের শাসনামলে বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত হয়।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। বিলটি পাসের পর একই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়।

ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ৫ নভেম্বর হাই কোর্টে এই রিট আবেদন হয়। প্রাথমিক শুনানির পর হাই কোর্ট ২০১৪ সালের ৯ নভম্বর রুল দেয়। রুলে ওই সংশোধনী কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিবকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

এই রুলের উপর গত বছর ২১ মে শুনানি শুরু হয়। ওইদিন আদালত মতামত দিতে অ্যামিচি কিউরি হিসেবে জ্যেষ্ঠ পাঁচ আইনজীবীর নাম ঘোষণা করেন। এর মধ্যে ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসি নিজেদের মতামত তুলে ধরেন।

এরপর ৫ মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয় হাই কোর্ট । তিন বিচারপতির ওই বেঞ্চ থেকে রায় আসে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে।

সপ্রিম কোর্ট গত ১১ অগাস্ট দুই বিচারকের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। ১৬৫ পৃষ্ঠার ওই রায় লেখেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার সিদ্ধান্তের ক্ষেত্রে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে একমত পোষণ করেন বিচারপতি কাজী রেজা-উল হক।

রায়ে বলা হয়, “বলতে দ্বিধা নেই, ষোড়শ সংশোধনী একটি কালারেবল লেজিসলেশন (কোনো কাজ সংবিধানের মধ্যে থেকে করার সুযোগ না থাকলে আইনসভা যখন ছদ্ম আবরণে ভিন্ন প্রয়োজনের যুক্তি দেখিয়ে একটি আইন তৈরি করে), যা রাষ্ট্রের নির্বাহী বিভাগ, আইন সভা থেকে বিচার বিভাগের পৃথকীকরণ নীতির লঙ্ঘন।

“এটা সংবিধানের দুটি মূল কাঠামো ৯৪(৪) ও ১৪৭(২) অনুচ্ছেদেরও লঙ্ঘন। একইসঙ্গে সংবিধানের ৭(বি) অনুচ্ছেদকেও আঘাত করে।”

অন‌্যদিকে ষোড়শ সংশোধনীর বৈধতার পক্ষে মত প্রকাশ করে বিচারপতি মো. আশরাফুল কামালের দেওয়া রায়ের অংশটি ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তোলা হয়।

যা বললেন অ্যাটর্নি জেনারেল

শুনানির পর এক প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি যেটা বলা চেষ্টা করেছি আদালতে যে, এই ষোড়শ সংশোধনীর দ্বারা আমাদের বাহাত্তরের যে সংবিধান যে বিধান ছিল ৯৬ অনুচ্ছেদে, সেখানে আমরা ফিরে গেছি এবং বিচারপতিদের সবার একটা ধারণা যে, পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সদস্যের সিদ্ধান্তেই তাদের অপসারণ করে দেবে, এটা ঠিক না।

“আসল ব্যাপারটা হল, কারও সম্পর্কে কোনো ধরনের অসদাচরণের অভিযোগ এলে নানা রকম প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্তটা গৃহিত হবে এবং তদন্ত হবে। এই তদন্ত করবেন নির্ধারিত কিছু ব্যক্তি, যাদের আইন দ্বারা ক্ষমতা প্রদান করা হবে। এ সমস্ত ব্যক্তিরা যদি দেখেন, কোনো বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগটি প্রমাণ হয়েছে তখনই তারা তাদের অভিমত পার্লামেন্টে পাঠাবেন।

“তখন পার্লামেন্টে যদি তা দুই তৃতীয়াংশ ভোটে গৃহীত হয়, তাহলে তিনি অপসারিত হবেন। কাজেই পার্লামেন্টে নিয়েই যে একজন বিচারপতিকে অভিসংশন করার ধারণা, এটা ঠিক না।”

আরেক প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, “বিচার বিভাগের যদি কোনো বক্তব্য থাকে, তারা সেই আইনটার কোনো ক্লজ বা ধারা তারা বেআইনি ঘোষণা করতে পারেন। যেহেতু আমরা মূল সংবিধানে ফিরে গেছি, সেক্ষেত্রে কারও কোনো কিছু বলার থাকতে পারে না, এটিই ছিল আমার বক্তব্য। কারণ বাহাত্তরের সংবিধান আমাদের মূল সংবিধান। এটিই আমাদের রাষ্ট্র পরিচালনার মূল বিষয়াবলী।”

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, “হাই কোর্টের রায়ে দুঃখজনকভাবে পার্লামেন্ট মেম্বারদের সম্বন্ধে এমন সমস্ত কথা বলা হয়েছে দুই-একটা প্যারাগ্রাফে, এটা খুবই দুঃখজনক। আমরা এটা প্রধান বিচারপতির গোচরে আনার চেষ্টা করেছি এবং সামনেও আনব। এটা কোনোভাবেই রায়ে থাকা উচিত না। আমি জোরালোভাবে আবেদন করব- এগুলোকে রায় থেকে এক্সপাঞ্জ করার ও বাতিল করার।

“প্রধান বিচারপতি বলেছেন, নিশ্চয়ই শুনানির সময়ে উনারা সব বিবেচনা করবেন।”