২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ দিনেও খোঁজ মেলেনি জগন্নাথ ছাত্র মিলনের

বাড়ি থেকে তুলে নেওয়ার সাত দিনেও খোঁজ মেলেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র সাদেকুল ইসলাম মিলনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 09:25 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

এই ছাত্রের পরিবার থানায় জানানোর পর পুলিশ তাকে উদ্ধারে চেষ্টা চালানোর কথা বললেও কোনো অগ্রগতি দেখাতে পারেনি।

গত ২৩ মে ভোররাতে মোহাম্মদপুরে আদাবর থানার ৫ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন মিলনকে তুলে নিয়ে যায়।

আটকের খবর আইনশৃঙ্খলা বাহিনী অস্বীকার করলে পরদিন মিলনের পরিবার আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করে। তার সতীর্থরাও ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায়।

পরিবারের সদস্যরা জানান, তুলে নেওয়ার পরদিন থেকে কয়েকবার মুক্তিপণ চেয়ে ফোন দেওয়া হয় মিলনের মায়ের কাছে। তবে মিলনের ক্ষতির আশঙ্কায় এসব বিষয় তারা প্রশাসনকে জানাচ্ছেন না।

মিলনের বোনের ছেলে আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নানীর (মিলনের মা) অবস্থা খুব খারাপ। খাওয়া-দাওয়া ছেড়ে এখন বিছানায় পড়েছেন।”

লিমনের মায়ের সঙ্গে কথা বলতে গেলে তিনি শুধু একটি কথাই বলছিলেন, “মিলনকে পাওয়া গেছে? মিলন আসবে?”

মিলনের সন্ধানে কাজের অগ্রগতি জানতে চাইলে ওই জিডির তদন্ত কর্মকর্তা আদাবর থানার এসআই আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি, তবে এখনই ঠিক বলতে পারছি না কিছু।”

বিষয়টিতে র‌্যাব, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ‘বিশেষ নজর’ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,তারাও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

“তারা (আইনশৃঙ্খলা বাহিনী) চেষ্টা চালাচ্ছে, আমারও খোঁজ-খবর রাখছি,” বলেন তিনি।