২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ের পর সাগর থেকে ২০ জেলেকে উদ্ধারে নৌবাহিনী

ঘূর্ণিঝড়ে সাগরে নিখোঁজ ২০ জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনীর একটি উদ্ধারকারী দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 08:51 PM

Updated : 11 Oct 2022, 02:04 PM

কক্সাবাজারের কুতুবদিয়ার কাছে গভীর সাগরে বিকল হওয়া নৌকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআরের এক সংবাদ বিবৃতিতে জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার ঘূর্ণিঝড় মোরা উপকূল অতিক্রম করার পরপরই ১৫টি জাহাজ, একটি হেলিকপ্টার ও একটি টহল বিমান নিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে নামে নৌবাহিনী।

উদ্ধার অভিযানকালে ‘বানৌজা খাদেম’ কুতুবদিয়ার কাছে গভীর সমুদ্রে বিকল হওয়া ডুবন্ত নৌকা থেকে ওই ২০ জেলেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধার জেলেরা বর্তমানে সুস্থ আছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে।

এতে বলা হয়, উদ্ধার অভিযানের অংশ হিসেবে কক্সবাজার, সেন্টমার্টিন্স, টেকনাফ, চট্টগ্রাম ও খুলনার উপকূলীয় অঞ্চলসহ গভীর সমুদ্রে পাঁচটি দলে ভাগ হয়ে ব্যাপক তল্লাশি কার্যক্রম শুরু হয়।

Image
ঘূর্ণিঝড়ের পর হেলিকপ্টারে করে সাগরে নিখোঁজ জেলেদের খোঁজে নৌবাহিনী

ঘূর্ণিঝড়ের পর হেলিকপ্টারে করে সাগরে নিখোঁজ জেলেদের খোঁজে নৌবাহিনী

১৫টি জাহাজের মধ্যে কুতুবদিয়ার দিকে ‘বানৌজা খাদেম’ ছাড়াও নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান রওনা হয়েছিল।

উদ্ধার অভিযানের পর বুধবার সকাল থেকে সেন্টমার্টিন ও কুতুবদিয়ার দুর্গত এলাকায় ঘূর্ণিঝড় মোরার কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে এই দুই জাহাজের মাধ্যমে জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।

জরুরি ত্রাণ সহায়তার মধ্যে ৫ টন চাল, ২ টন ডাল, ৩ টন মুড়ি, ৮ টন চিড়া, ২ টন গুড়, ৩ হাজার মোমবাতি, ৩০০ কেজি পলিথিন ব্যাগ, ১০০ প্যাকেট ম্যাচ বক্স ও ২০ টন বিশুদ্ধ খাবার পানি রয়েছে।

এছাড়া দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা সহায়তার জন্য ২৩ সদস্যের দুটি বিশেষ মেডিকেল টিম কাজ করছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।