ভাস্কর্য সরানোর প্রতিবাদকারী চারজনের জামিন
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ থেকে গ্রেপ্তার চারজনকে জামিন দিয়েছে আদালত।
পুলিশের করা হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধার মামলায় জামিন শুনানি শেষে মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দীন সিদ্দিকী রোববার এ আদেশ দেন।
এই চারজন হলেন- ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, ছাত্র ইউনিয়ন কর্মী জয় এবং উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূর।
জামিন হওয়ায় রোববারই তারা মুক্তি পেতে পারেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিছেন তাদের অন্যতম আইনজীবী জীবনানন্দ জয়ন্ত।
বিবাদীপক্ষের আইনজীবী সারা হোসেন আদালতে যুক্তি দেন, এ মামলায় ফৌজদারি দণ্ডবিধির ৩০৭ ধারায় হত্যাচেষ্টার অভিযযোগ আনা হলেও কে কাকে হত্যার চেষ্টা করেছে তা সুনির্দিষ্টভাবে বলা নেই।
তিনি বলেন, আন্দোলনকারীরা পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সেখানে গিয়েছিল, আচমকা কারও ওপর তারা হামলা করেনি। পুলিশও তাদের কর্মসূচি জানত এবং পুলিশই তাদের ওপর ‘আক্রমণ করেছে’, তারা করেনি।
হেফাজতে ইসলামের দাবির মুখে সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে স্থাপিত রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক লেডি জাস্টিসের আদলে গড়া ভাস্কর্যটি বৃহস্পতিবার মধ্যরাতে সরানো হয়।
শুক্রবার ভাস্কর্য সরিয়ে নেওয়ার প্রতিবাদকারীদের লক্ষ্য করে পুলিশের কাঁদুনে গ্যাস
মিছিলকারীরা ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ প্রথমে কাঁদুনে গ্যাস ছোড়ে; পরে জলকামান থেকে পানি এবং রবার বুলেটও ছোড়া হয়।
সেখান থেকে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনকে আটক করে পুলিশ। রাতে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেন এসআই মোহাম্মদ মোফাক্কারুল ইসলাম।
মামলার এজাহারে অজ্ঞাতপরিচয় আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। সরকারি কাজে বাধাদানের অভিযোগের পাশাপাশি দণ্ডবিধির ৩০৭ ধারায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
শনিবার ওই মামলায় চারজনকে আদালতে হাজির করা হলে মহানগর হাকিম সত্যব্রত শিকদার রোববার জামিন শুনানির দিন রেখে তাদের কারাগারে পাঠাতে বলেন।
শুক্রবার মধ্যরাতে ভাস্কর্য অপসারণে কাজে শ্রমিকরা
সুপ্রিম কোর্টের প্রবেশ পথে ফোয়ারার সামনে এখন আর নেই ভাস্কর্যটি
ভাস্কর্যটির নতুন জায়গা হয়েছে এনেক্স ভবনের সামনে
রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক ‘লেডি জাস্টিস’ এর আদলে এই ভাস্কর্য বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে স্থাপন করা হয়েছিল গত বছরের ডিসেম্বরে।
এরপর হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী সংগঠন ভাস্কর্যটির বিরোধিতায় নামে। গত ১১ এপ্রিল হেফাজতের আমির শাহ আহমদ শফী নেতৃত্বাধীন এক দল ওলামার সঙ্গে গণভবনে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্যটি সরাতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
ভাস্কর্যটি সরানোর পক্ষে এর নান্দনিক ‘ত্রুটির’ পাশাপাশি জাতীয় ঈদগাহের কাছে অবস্থানের কথা বলেন প্রধানমন্ত্রী।
তবে তার এই সিদ্ধান্তের সমালোচনাকারীরা বলে আসছিলেন, এর মধ্য দিয়ে মৌলবাদীদের সঙ্গে আপস করছে সরকার এবং এতে ধর্মীয় মৌলবাদ আরও উৎসাহিত হবে।
এই সমালোচনার মধ্যে শনিবার মধ্যরাতে ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের বর্ধিত ভবন-এনেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়।
ওই জায়গায় ভাস্কর্যটি পুনঃস্থাপন করতে চাননি জানিয়ে এর ভাস্কর মৃণাল হক বলেন, “ভাস্কর্যটি আগে যেখানে ছিল ভালো জায়গায় ছিল, হাজার হাজার লোক দেখত।
“সুপ্রিম কোর্টের মূল ভবনের পেছনে এনেক্স ভবনের এই জায়গায় বাইরের লোকজন তেমন আসে না। এখানে বসানো না বসানো একই কথা। এখানে কেউ দেখবে না, জানবে না, শুধু কোর্টের লোকজনই দেখবে।”
পুরনো খবর
