রাতের ঝড়ে গাছ উপড়ে রাস্তায়
জ্যৈষ্ঠর শুরুতেই সোমবার রাতে কালবৈশাখী ঝড়ে ঢাকার বিভিন্ন স্থানে গাছ উপড়ে, ডাল ভেঙে রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
মধ্যরাতের এই ঝড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সীমানায় গাছ উপড়ে একটি পিকআপ ভ্যানের ওপর পড়ে চালক ও তার সহকারী আহত হয়েছেন বলে সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান।
মঙ্গলবার সকালেও সেখনে নিম, কড়ইসহ কয়েকটি গাছ ভেঙে ফুটপাত ও রাস্তার ওপর পড়ে থাকতে দেখা যায়। সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেসব গাছ কেটে সরিয়ে নিতে কাজ করলেও রাস্তার পরিসর কমে আসায় যান চলাচলে বিঘ্ন ঘটছিল বলে আমাদের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম জানান, ঝড়ের পর তাদের দেড়শ কর্মী ভোর ৪টা থেকে বিভিন্ন রাস্তায় গাছ সরানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল সাবের সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়, গণভবনসহ বিভিন্ন এলাকায় গাছ পড়ার খবর পেয়ে রাত ২টায় থেকে কাজ শুরু করেন তারা।
উত্তর সিটি করপোরেশনের ১০টি ট্রাকে করে গাছ সরানোর কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আগে প্রধান সড়কগুলো যান চলাচলের উপযোগী করে পরে ডালপালা সরানো হয়।
