২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট বারের দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষাপটে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুটি অংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 07:31 PM

Updated : 11 Oct 2022, 01:56 PM

সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে বিএনপিপন্থি আইনজীবীদের সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি প্রধান বিচারপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীর বক্তব্যে আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে ‘বিভ্রান্তি ও কিছু প্রশ্নের উদ্ভব’ হয়েছে।

“দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় আইনজীবী সমিতি ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে।… বিচার বিভাগ নিয়ে জনমনে কোনো রকম সংশয় বা বিভ্রান্তি সৃষ্টি হোক তা আমরা চাই না,” বলেন জয়নুল আবেদীন। 

এর পরপরই সমিতির সহ-সভাপতি মো. অজিউল্লাহ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম হিরু এবং সহ-সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে আওয়ামীপন্থি আইনজীবীরা পাল্টা সংবাদ সম্মেলনে আসেন এবং বিএনপিপন্থিদের সংবাদ সম্মেলনকে ‘দুঃখজনক ও অনভিপ্রেত’ হিসেবে বর্ণনা করেন।

অ্যাডভোকেট অজিউল্লাহ বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্য টুইস্ট করে তার বিপরীতে প্রতিক্রিয়া দেওয়া আইনজীবী সমিতির দায়িত্বের মধ্যে পড়ে না। সমিতির এই রকম প্রতিক্রিয়া জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং রাষ্ট্রের বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মাঝে বিরাজমান সম্প্রীতির মধ্যে ফাটল ধরাতে পারে।”

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বিএনপি সমর্থক নেতাদের সংবাদ সম্মেলনটি হয় মঙ্গলবার বেলা দেড়টায়। তারা চলে যাওয়ার পরপরই আওয়ামী লীগ সমর্থকরা পাল্টা সংবাদ সম্মেলনে আসেন।

তবে কোনো সংবাদ সম্মেলনেই লিখিত বক্তব্যের বাইরে সমিতির নেতারা কোনো কথা বলেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরও তারা দেননি।   

প্রধান বিচারপতি এস কে সিনহা দুই বছর আগে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময়ে তার কথায় রাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে টানাপড়েনের প্রকাশ ঘটেছে। এপ্রিলের মাঝামাঝি প্রধানমন্ত্রীর উপস্থিতি এক অনুষ্ঠানে তিনি বলেন, একটি মহল সব সময় সরকার ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব তৈরির অপচেষ্টায় লিপ্ত। এরকম ভুল বোঝাবুঝির কারণে সাধারণ জনগণের কাছে ভুল বার্তা চলে যায়।

বিচার বিভাগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধান বিচারপতিকে পাশ কাটানো হয়েছে বলেও উষ্মা প্রকাশ করেন তিনি।

সরকার প্রধান শেখ হাসিনা ওই অনুষ্ঠানে বলেন, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের এই দ্বন্দ্ব ‘অপ্রত্যাশিত’। এপ্রিলের শেষে আরেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সংসদ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে সমঝোতার মাধ্যমেই চলতে হবে। পরস্পরকে দোষারোপ করে একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না।

এর মধ্যেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোনো দেশে প্রধান বিচারপতিরা ‘প্রকাশ্যে এত কথা বলেন না’।

এরপর গত ৩০ এপ্রিল প্রধান বিচারপতি বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায়’ বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে আছে বলেই তাকে কথা বলতে হচ্ছে। 

আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন তাদের সংবাদ সম্মেলনে বলেন, “বিচারকি দায়িত্ব কোনো গোপন বিষয় নয়। মাসদার হোসেন মামলার পরে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেক কথা হয়েছে। বিচারকদের চাকরির শৃঙ্খলা, বিধি প্রণয়নের জন্য সর্বোচ্চ আদালত অনেক দিক নির্দেশনা দিয়েছেন। তারপরেও চাকরির বিধি-বিধান, গেজেট আজ পর্যন্ত প্রকাশ হয়নি। সরকার এ পর্যন্ত মোট ৬৭ বার সময় নিয়েছে।

“সুতরাং প্রধান বিচারপতির গোপনে কিছু বলার নাই। বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক- তা যে সরকার চায় না, সময়ক্ষেপণই তার প্রমাণ।’

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নেতা জয়নুল বলেন, “দেশে আইনের শাসন বলে কিছু নেই, সুশাসন বলে কিছু নেই, মানবাধিকার বলে কিছু নেই।… আমরা দৃঢ়ভাবে বলতে চাই, অন্য দেশে প্রধান বিচারপতির প্রকাশ্যে কথা বলার প্রয়োজন হয না, কারণ সেখানে আইনের শাসন আছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। আমাদের দেশে সু-শাসন এবং গণতন্ত্রের অভাব রয়েছে।”

তিনি বলেন, রাষ্ট্রের আইন বিভাগ সংবিধানসম্মতভাবে আইন তৈরি করছে কিনা, শাসন বিভাগ আইন যথাযথভাবে পালন করছে কিনা, সংবিধানের অভিভাবক হিসেবে সেই সব দেখার এখতিয়ার এবং দায়িত্ব বিচার বিভাগের।

সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন ছাড়াও সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সহ-সম্পাদক শামীমা সুলতানা দীপ্তি এবং কার্যনির্বাহী সদস্য মো. হাসিবুর রহমান, মহসিনা আক্তার ও শেখ তাহসিন আলী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

একই স্থানে আওয়ামীপন্থি অংশের সদস্যদের সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট মো. অজিউল্লাহ অভিযোগ করেন, সমিতির সভাপতি ও সম্পাদক কার্যকরি পরিষদের অন্য সদস্যের সঙ্গে আলোচনা না করেই সংবাদ সম্মেলন করেছে।

তিনি বলেন, “যে সকল তুচ্ছ অজুহাতে এই সংবাদ সম্মেলন হয়েছে, তাতে বিচার বিভাগেরই মর্যাদাহানী হয়েছে। ওই সংবাদ সম্মেলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদ সম্মেলনের মাধ্যমে বার কিংবা বিচার বিভাগের কোনো স্বার্থরক্ষা হয়নি, হবেও না।”

বিচার বিভাগ নিয়ে সরকারের সাম্প্রতিক বক্তব্যে সমর্থন জানিয়ে অ্যাডভোকেট অজিউল্লাহ বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা কিংবা বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো বক্তব্য সরকারের কেউ দেননি। ফলে সমিতির সভাপতি ও সম্পাদকের এই সংবাদ সম্মেলনের প্রয়োজন ছিল না।”

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করলেও সুপ্রিম কোর্ট বারে কোনো বিভক্তি নেই বলে দাবি করেন তিনি।

আইনজীবীদের পেশাগত বিষয়ে তারা ‘এক’- দাবি করে সমিতির এই সহ-সভাপতি বলেন, “রাজনৈতিক সমর্থন নিয়ে নির্বাচিত হওয়ায় রাজনৈতিক ক্ষেত্রে দৃষ্টি ভঙ্গি ভিন্ন।”

সমিতির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম হিরু, সহ-সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য নূরে আলম উজ্জ্বল, কুমার দেবুল দে ও হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

গত মার্চে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সমিতির শীর্ষ দুই পদসহ ১৪টি পদের আটটিতে জয়ী হন বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা। আর আওয়ামী লীগ সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পায় ছয়টি পদ।