অগ্নিদগ্ধ হয়ে মারুফ কামাল খানের স্ত্রীর মৃত্যু
ঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানের স্ত্রী, যিনি নির্যাতনের অভিযোগ তুলে এক বছর আগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাসায় তানিয়া খান (৫০) অগ্নিদগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার রাতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রহদহ গ্রামে মারুফের গ্রামে পারিবারিক কবরস্থানে তানিয়াকে দাফন করা হয়। লাশ নিয়ে ঢাকা থেকে গিয়েছিলেন মারুফ কামাল, তার ভাই মিরুসহ স্বজনরা।
স্ত্রীর মৃত্যুর বিষয়ে মারুখ কামালের কোনো বক্তব্য চেষ্টা করেও পাওয়া যায়নি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিবের স্ত্রীর মৃত্যুর বিষয়ে বিএনপির কেউ মুখ খোলেননি।
মারুফের ঢাকার বাসা যে এলাকায়, সেই আদাবর থানার এসআই দুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি শুনেছি, বাসায় গ্যাসের চুলা ধরাতে গিয়ে হঠাৎ করেই তার (তানিয়া) শরীরে আগুন লেগে যায়।”
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই মারুফের পরিবার লাশ নিতে চেয়েছিল জানিয়ে তিনি বলেন, কিন্তু তা দেওয়া হয়নি।
মৃত্যুর পর খবরটি পান জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, দগ্ধ হওয়ার পরপরই খবর পেলে তারা তানিয়ার সঙ্গে কথা বলে অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পারতেন।
মারুফ কামাল খান সোহেল
রহদহ গ্রামের বাসিন্দারা জানান, স্ত্রীকে দাফনের পরপরই ঢাকায় ফিরে যান মারুফ।
সারিয়াকান্দি থানার ওসি ওহেদুজ্জামান জানান, তাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই।
ঘটনার সময় মারুফ কামাল বাসায় ছিলেন না বলে জানান দরুল হুদা।
তানিয়া আত্মহত্যা করেছেন বলে বগুড়ায় মারুফ কামালের স্বজনরা দাবি করেছেন।
এ বিষয়ে এসআই দুরুল হুদা বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।
তানিয়ার মৃত্যুর বিষয়ে আদাবর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
গত বছরের জুন মাসে তানিয়া নির্যাতনের অভিযোগ তুলে মারুফ কামালের বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন।
তখনও গণমাধ্যমের যোগাযোগের চেষ্টায় সাড়া দেননি মারুফ। পরে নিজের ফেইসবুক পাতায় তিনি লিখেছিলেন, তার স্ত্রী মানসিক রোগী।
