২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলাকারী স্ত্রীকে ‘মানসিক রোগী’ বললেন মারুফ কামাল

নির্যাতনের মামলার আসামি হওয়ার পর স্ত্রীকে ‘মানসিক রোগী’ বলেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 10:51 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

সোমবার রাতে স্ত্রী তানিয়া খান মোহাম্মদপুর থানায় নির্যাতনের অভিযোগ এনে মামলা করার পর গণমাধ্যমের যোগাযোগের চেষ্টায় সাড়া না দিলেও মঙ্গলবার নিজের ফেইসবুক পাতায় এনিয়ে লিখেছেন তিনি।

সোমবার বিকালে মারধর করা হয় বলে অভিযোগ তুলে রাতে থানায় গিয়ে স্বামী মারুফের বিরুদ্ধে মামলা করেন তানিয়া, যার তদন্ত চলছে বলে মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর জানিয়েছেন।

মারুফ কামাল ফেইসবুকে লিখেছেন, “এমন শোচনীয় বিপর্যয়ের কথা কল্পনাও করিনি...সুদীর্ঘকাল ধরে মানসিকভাবে অসুস্থ আমার স্ত্রী অভাবনীয় অভিযোগ করেছেন আমার বিরুদ্ধে পুলিশ স্টেশনে।”

হাসপাতালে রেখেও স্ত্রীর চিকিৎসা করিয়েছিলেন দাবি করে তিনি বলেন, এখন ‘রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে অসামর্থ্যের’ কারণে স্ত্রীর ‘প্রয়োজনীয় চিকিৎসা’ তিনি করাতে পারছিলেন না।

“সরাসরি রাজনীতি না করলেও আমার কাজের রাজনৈতিক সংশ্লেষের কারণে অনেকগুলো রাজনৈতিক মামলায় আমার স্বাভাবিক জীবনযাপন বিপন্ন। এখন আর্থিক ও অন্যান্য অসামর্থ্যের কারণে তার প্রয়োজনীয় মানসিক চিকিৎসা করাতে পারছি না।”

“এমন একজন ভায়োলেন্ট সিজিওফ্রেনিক রোগী এত বছর ধরে সামাল দেওয়া যে কত কঠিন কাজ, সেটা ভুক্তভোগী ছাড়া কারও পক্ষে অনুধাবন করা কঠিন।”

‘বিপন্ন সময়ে আমার বলার এমনকি আত্মপক্ষ সমর্থনের সুযোগও খুব সীমিত’ বলে ফেইসবুকে লিখেছেন নাশকতার বিভিন্ন মামলার আসামি মারুফ।

Image
মারুফ কামাল খান (ফাইল ছবি)

মারুফ কামাল খান (ফাইল ছবি)

এদিকে মামলার এজাহারে মারুফ কামালের বিরুদ্ধে ‘একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক’ করার অভিযোগ এনে তানিয়া বলেন, এর প্রতিবাদ করায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং বিভিন্ন রকম ‘হুমকি’ দেওয়া হচ্ছিল।    

এর জের ধরে সোমবার বিকালে মোহাম্মপুরের বাসায় কথা কাটাকাটির  এক পর্যায়ে মারুফ কামাল মারধর করেন বলে তানিয়ার অভিযোগ। 

“সে উত্তেজিত হইয়া আমাকে চুলের মুঠি ধরিয়া এলোপাতাড়ি মারপিট করে এবং লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে।”

তানিয়া খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পরে বাসার কেয়ারটেকার তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

রডের আঘাতের কারণে মাথায় ১৪টি সেলাই দিতে হয়েছে বলে জানান তানিয়া।

তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে সোহেল নির্যাতন চালিয়ে আসছে। ত্রিশ বছরের সংসারে অধিকাংশ সময় তার এসব নির্যাতন সন্তানদের দিকে তাকিয়ে মুখ বুঝে সহ্য করতে হয়েছে।”

পুরনো খবর:

মারুফ কামালের বিরুদ্ধে নির্যাতনের মামলা স্ত্রীর