মারুফ কামালের বিরুদ্ধে নির্যাতনের মামলা স্ত্রীর
খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলের বিরুদ্ধে ‘পিটিয়ে গুরুতর আহত করার’ অভিযোগ এনে মামলা করেছেন তার স্ত্রী তানিয়া খান।
মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর জানান, সোমবার রাতে ‘রক্তাক্ত অবস্থায়’ থানায় গিয়ে ওই মামলা করেন তানিয়া।
এ বিষয়ে মারুফ কামাল খানের বক্তব্য জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
বিভিন্ন নাশকতার মামলার আসামি হওয়ায় মারুফ কামাল তার মোহাম্মদপুরের বাসায় নিয়মিত থাকেন না বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
মামলার এজাহারে মারুফ কামালের বিরুদ্ধে ‘একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক’ করার অভিযোগ এনে তার স্ত্রী বলেছেন, এর প্রতিবাদ করায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং বিভিন্ন রকম ‘হুমকি’ দেওয়া হচ্ছিল।
এর জের ধরে সোমবার বিকালে মোহাম্মপুরের বাসায় কথা কাটাকাটির এক পর্যায়ে মারুফ কামাল মারধর করেন বলে তানিয়ার অভিযোগ।
“সে উত্তেজিত হইয়া আমাকে চুলের মুঠি ধরিয়া এলোপাতাড়ি মারপিট করে এবং লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে।”
তানিয়া খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পরে বাসার কেয়ারটেকার তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
রডের আঘাতের কারণে মাথায় ১৪টি সেলাই দিতে হয়েছে বলে জানান তানিয়া।
তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে সোহেল নির্যাতন চালিয়ে আসছে। ত্রিশ বছরের সংসারে অধিকাংশ সময় তার এসব নির্যাতন সন্তানদের দিকে তাকিয়ে মুখ বুঝে সহ্য করতে হয়েছে।”
মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলা হয়েছে। আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
