‘শিখা চির-অম্লান’ আগারগাঁওয়ে ঠাঁই পাচ্ছে শনিবার
রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রজ্বলিত ‘শিখা চির-অম্লান’ আগারগাঁওয়ে স্থাপিত নতুন মুক্তিযুদ্ধ জাদুঘরে স্থানান্তরিত হচ্ছে।
শনিবার সকালে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের চতুর্থ প্রজন্মের সদস্যরা ‘শিখা চির-অম্লান’ থেকে অগ্নিমশাল জ্বালিয়ে একাত্তর সদস্যবিশিষ্ট অভিযাত্রী দলের হাতে তুলে দেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই অভিযাত্রী দলের সঙ্গে যুক্ত হবে আরও ৭১ জন সাইক্লিস্ট। তারা অগ্নিমশালটি জাতীয় শহীদ মিনার, স্বাধীনতা স্তম্ভ, বঙ্গবন্ধু জাদুঘর, মুক্তিযোদ্ধা টাওয়ার-১ হয়ে আগারগাঁওয়ের নতুন জাদুঘর ভবনে নিয়ে যাবে।
সেখানে ৭১ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সদস্যদের হাত ঘুরে নতুন ভবনে রাখা হবে। সেখানে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা চির-অম্লান প্রজ্জ্বলন করে মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের উদ্বোধন করবেন।
এই অভিযাত্রার পথে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনায় পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সোয়া ৭টায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন ভাষা সৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সকাল সাড়ে ৭টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে পুষ্পার্ঘ্য প্রদান করবেন সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধারা, পৌনে ৮টায় বঙ্গবন্ধু জাদুঘরে পুষ্পার্ঘ্য প্রদান করবেন শহীদ পরিবারের সদস্যরা।
পরে সোয়া ৮টায় মোহাম্মদপুরের কলেজ গেটে অবস্থিত মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এ বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুষ্পার্ঘ্য প্রদান করবেন নতুন প্রজন্মের সদস্যরা।
সেগুনবাগিচার একটি পুরনো বাড়িতে মুক্তিযুদ্ধ জাদুঘরের যাত্রা শুরু হয় ১৯৯৬ সালের ২২ মার্চ। সেগুনবাগিচার ভবন ঘিরে পল্লবিত হয়েছে বহু কর্মকাণ্ড; বিভিন্নজনের অবদানে পুষ্ট হয়েছে সংগ্রহ এবং দেশ-বিদেশের দর্শনার্থী এই জাদুঘর দেখার স্মৃতি অন্তরে গেঁথে নিয়েছেন।
সর্বজনের সহায়তাধন্য হয়ে দীর্ঘ পথ পরিক্রমায় আগারগাঁওয়ে স্থায়ী ভবন গড়ে উঠেছে মুক্তিযুদ্ধ জাদুঘরের, যেটি রোববার সকাল সাড়ে ১০টায় উদ্বোধন হবে।
