সম্পদ বিবরণী না দেওয়ায় ইটিভির সালামের বিরুদ্ধে মামলা
নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় একুশে টিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
উপ-পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় মামলাটি করেন বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
এর আগে গত সোমবার দুদক এ মামলা দায়েরের অনুমোদন দেয়।
সালামের বিরুদ্ধে নামে ও বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যা তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় মনে করছেন দুদক কর্মকর্তারা।
সালামকে দেওয়া নোটিসে তার ব্যক্তিগত নামে, তার স্ত্রী এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ দিতে বলা হয়।
একুশে টিভির চেয়ারম্যান থাকাকালীন ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালামের বিরুদ্ধে দুদকের আরেকটি মামলা রয়েছে।
গত বছরের ২ মার্চ তেজগাঁও থানায় মামলাটি করার পর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করে দুদক।
