২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার

বহুল আলোচিত ভারত সফর থেকে ফেরার একদিন বাদেই সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2017, 08:24 PM

Updated : 11 Oct 2022, 01:45 PM

পুরনো খবর:

ভারত থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী
যারা বলে দেশ বিক্রি করেছি, তারা অর্বাচীন: হাসিনা
হাসিনার দিল্লি সফরে ফের ৫ বছরের শঙ্কায় খালেদা
ভারতে পাচ্ছে নগদ, আমাদের সব বাকির খাতায়: সিপিবি

সোমবার প্রধানমন্ত্রী ঢাকায় ফেরার পরপরই এই খবর জানানো হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল (মঙ্গলবার) বিকাল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন হবে।”

প্রধানমন্ত্রীর এই সফরে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় দুই দেশের মধ্যে। এছাড়া ভারতের ব্যবসায়ীরা হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে।

তবে তিস্তা চুক্তির জট খোলেনি এই সফরেও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন, তার ও শেখ হাসিনার সরকারের মেয়াদেই এই সমস্যার সমাধানে আশাবাদী তিনি।

মোদী জমানায় এটাই ছিল শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফর। গত শুক্রবার দিল্লি পৌঁছেন তিনি। সফরের প্রটোকল ভেঙে বিমানবন্দরে হাজির হয়ে চমক দেখান মোদী। সফরে ভারতের রাষ্ট্রপতি ভবনে থাকেন হাসিনা।

এই সফরে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের সম্মাননাও জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সফর নিয়ে প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ফের পাঁচ বছর ক্ষমতায় থাকতে ভারতের সঙ্গে চুক্তি করে এসেছেন শেখ হাসিনা।

বাম দল সিপিবি বলেছে, ভারতের সব চাওয়ার বাস্তবায়ন হলেও বাংলাদেশের চাওয়াগুলোর ক্ষেত্রে শুধু প্রতিশ্রুতি আসায় তা সরকারের দুর্বলতার চিত্র তুলে ধরেছে।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাসদসহ তাদের জোটসঙ্গীদের দাবি, শেখ হাসিনার এই সফর পুরোপুরি সফল হয়েছে।

সফরের শেষ দিনে এক কর্মসূচিতে শেখ হাসিনা বলেছেন, যারা চুক্তিকে ‘দেশ বিক্রি’ বলছে, তারা অর্বাচীন।