স্বাধীনতার ঘোষণা: জিয়ার নাম শিখিয়ে শাস্তির মুখে শিক্ষক
বার্ষিক পরীক্ষার খাতায় শিক্ষার্থীদের স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম লেখার নির্দেশ দিয়ে ওই প্রশ্নের উত্তরে পূর্ণ নম্বর দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।
অভিযোগ পেয়ে সদর উপজেলার মেদ্দাপূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন শিক্ষককে সচিবালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ আকন্দ জানান, এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চার শিক্ষককে বদলি করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্বাধীনতার ঘোষক হিসেবে শিক্ষার্থীদের জিয়ার নাম লেখার নির্দেশ দিয়েছিলেন সহকারী শিক্ষক সালামা আক্তার। এছাড়া এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম এবং সহকারী শিক্ষক জাহানারা বেগম ও কবিতা ভূঞাকে বদলি করা হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত বছর ডিসেম্বরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেদ্দাপূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ‘গ’ শাখার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিলেন সালমা আক্তার।
পরীক্ষা কক্ষ: ফাইল ছবি
কেন শিক্ষার্থীদের জিয়ার নাম লিখতে বললেন- এ প্রশ্নে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সালমা বলেন, “চতুর্থ শ্রেণির সব শিক্ষার্থী রিডিং পড়তে পারে না, তাই প্রশ্ন বুঝিয়ে দিতে হয়। স্বাধীনতার ঘোষক কে এই প্রশ্নের উত্তরে সবাইকে জিয়াউর রহমানের নাম লিখতে বলি।”
এক সময় পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়ার নাম থাকার কথা তুলে ধরে ১১ বছর ধরে শিক্ষকতায় থাকা সালমা বলেন, “আমরাও তো তাই-ই পড়েছি। নতুন বইয়ে যে বঙ্গবন্ধুর নাম লেখা আছে তা দেখিনি, অনেক দিন ধরে সমাজ বিজ্ঞান (বাংলাদেশ ও বিশ্ব পরিচয়) পড়াই না।”
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে পাঠ্যপুস্তক সংশোধন করে স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে জিয়াউর রহমানের নাম জুড়ে দেয়।
স্বাধীনতার ঘোষক নিয়ে রাজনৈতিক বিতর্ক উঠলে ২০০৯ সালের ২১ জুন হাই কোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে রায় দেয়। ওই রায়ে ইতিহাস বিকৃতির জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা রয়েছে।
উচ্চ আদালতের রায়ের পরেও ২০১৪ সালের ২৭ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেন, তার স্বামী জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। বঙ্গবন্ধুকে নিয়ে বিষোদগার করে তীব্র সমালোচনার মুখে পড়েন খালেদা-জিয়ার ছেলে তারেক রহমানও।
পরীক্ষার হলে কেন শিক্ষার্থীদের উত্তর বলে দিয়েছেন- এমন প্রশ্নে সালমা আক্তার বলেন, “অন্যরা তো বোর্ডে উত্তর লিখে দেন। কবিতা বোর্ডে উত্তর লিখে দিয়েছিল, এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটিও হয়েছে।”
সালমা যখন শিক্ষার্থীদের জিয়ার নাম লিখতে বলছিলেন তখন পরীক্ষা কক্ষের পাশেই ছিলেন কবিতা ভূঞা, যার সঙ্গে সালমার ‘ঝামেলা’ চলছিল বলে অন্য শিক্ষকরা জানিয়েছেন।
সালমা বলেন, “শিক্ষার্থীদের জিয়ার নাম লিখতে বলার সঙ্গে সঙ্গে কবিতা পরীক্ষা কক্ষে এসে হৈ চৈ শুরু করে, আমার সঙ্গে বাজে ব্যবহার করে, খাতা কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। আমি যে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম লিখতে বলব গণ্ডগোলের মধ্যে সেই সুযোগই আমাকে দেয়নি কবিতা।
“এর আগেও কবিতা আমাকে অনেক উত্ত্যক্ত করেছে। ফলে তার উপর আমার অনেক রাগ ছিল। আমার কথা শুনে যারা স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমান লিখেছে, কবিতার সঙ্গে জেদ করে তাদের সবাইকে নম্বর দিয়েছি।”
ভুল ধরিয়ে দেওয়ার পরেও কেন শিক্ষার্থীদের ওই প্রশ্নের উত্তরে নম্বর দিলেন- এ প্রশ্নে সালমা বলেন, “ওই যে বললাম কবিতার সঙ্গে জেদ করে, ও আমাকে অনেক উত্ত্যক্ত করে। আমার বাবা মুক্তিযোদ্ধা, ভাইও আওয়ামী লীগের রাজনীতি করে।”
তবে সালমার সঙ্গে কোনো ‘ঝামেলা নেই’ দাবি করে কবিতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ওই রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখি সালমা আক্তার স্বাধীনতার ঘোষক হিসেবে শিক্ষার্থীদের জিয়াউর রহমানের নাম লিখতে বলছেন। আমি প্রতিবাদ করলে তিনি তর্ক জুড়ে দেন। পরে আমি মন্ত্রীকে বিষয়টি জানাই।”
মন্ত্রীকে জানোনোর পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষার প্রশ্ন ও খাতা সংগ্রহ করে এর সত্যতা মেলায় ওই বিদ্যালয়ের শিক্ষকদের সচিবালয়ে ডেকে আনা হয়।
গণশিক্ষামন্ত্রী ফিজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরেক শিক্ষকের সঙ্গে জেদ করে কেউ এ ধরনের কাজ করতে পারে না। সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।”
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “মন্ত্রীর কাছে ভুল স্বীকার না করে সালমা বলেন, আমি শিক্ষার্থীদের জিয়ার নাম লেখার কথা বলেছি, এজন্য কেন ভুল স্বীকার করব? এ বিষয়ে লিখিতও দিয়েছেন তিনি।
“এরপর মন্ত্রী বলেন, এজন্য আপনার চাকরি চলে যাবে। উত্তরে ওই শিক্ষক বলেন, এই কারণে কারও চাকরি যায় নাকি? গেলে যাবে। আমি ভুল স্বীকার করব না।”
মন্ত্রীর শুনানিতে ওই বিদ্যালয়ের ১৩ জন নারী শিক্ষকের মধ্যে পাঁচজন ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ আকন্দ এবং সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল ফজল উপস্থিত ছিলেন।
শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ঘটনায় শাস্তিমূলক বদলি করে দেওয়া চারজন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
“জেলা শিক্ষা অফিসে ফাইল পাঠানো হয়েছে। অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম বলেন, “বিনা অপরাধে আমি শাস্তি পেলাম। প্রধান শিক্ষক হিসেবে তাদের আমি নিয়ন্ত্রণ করতে পারিনি বলেই হয়ত শাস্তি পেত হল। এসবের বিচার আল্লার কাছে দিয়েছি, আমার আর কিছুই বলার নেই।”
