যুদ্ধাপরাধ: গফরগাঁওয়ের ৬ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
একাত্তরে যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের পলাতক ছয় আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনে সাড়া দিয়ে বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
আদালতে পরোয়ানার আবেদনের উপর শুনানি করেন প্রসিকিউটর শাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। আসামি পক্ষে আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ন ও মাসুদ রানা উপস্থিত ছিলেন।
পরে রেজিয়া সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলার মোট ১১ আসামির মধ্যে ৫ জন কারাগারে আছেন। পলাতক বাকি ৬ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
তবে গ্রেপ্তারের স্বার্থে পলাতক এই ছয় আসামির নাম-পরিচয় করা হয়নি।
“বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানির জন্য আগামী ২২ মে তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।”
একাত্তরে যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের ১১ জনের বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে তা যাচাই-বাছাই করে অভিযোগ দাখিল করা হয়।
এই ১১ আসামি একাত্তরে রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। কারাগারে থাকা পাঁচ জনের মধ্যে মো. খলিলুর রহমান (৬২) জাতীয় পার্টির সমর্থক।
বাকিদের মধ্যে মো. সামসুজ্জামান ওরফে আবুল কালাম, মো. রইছ উদ্দিন আজাদী জামায়াতে ইসলামীতে যুক্ত ছিলেন।
আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন বিএনপিতে সক্রিয়; মো. আব্দুল্লাহ রাজনীতিতে সক্রিয় না থাকলেও ডানপন্থি রাজনীতিরই সমর্থক বলে প্রসিকিউশনের কর্মকর্তারা জানান।
২০১৪ সালের ১৬ অক্টোবর এ মামলার তদন্ত শুর হয়; শেষ হয় গত ১৬ ফেব্রুয়ারি। তদন্তকালে ৬০ জনের সাক্ষ্য নেওয়া হলেও মামলায় সাক্ষী করা হয়েছে ২৯ জনকে; জব্দ তালিকার সাক্ষী করা হয়েছে আরও দুজনকে।
মুক্তিযুদ্ধের সময় চার জনকে হত্যা ও ৯ জনকে আটক করে নির্যাতনের অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। মামলাটি তদন্ত করেছেন সংস্থার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম।
এই আসামিরা স্বাধীনতার পর গফরগাঁও থেকে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে বসবাস শুরু করে এবং এক পর্যায়ে ওই সব এলাকাতেই স্থায়ী হন বলে তদন্ত কর্মকর্তারা জানান।
