সাংসদ রানার জামিন বিষয়ে রুল খারিজ
মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় কারাবন্দি টাঙ্গাইলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন প্রশ্নে জারি করা রুল উপস্থাপন হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাই কোর্টে।
গত সোমবার জামিন প্রশ্নে রুলের শুনানি শেষ হলে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন রেখেছিল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ।
কিন্তু রানার আইনজীবী এসএম আবদুল মবিন রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজের আবেদন জানালে বৃহস্পতিবার আদালত এই আদেশ দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সহকারি অ্যার্টনি জেনারেল বশির আহমেদ।
জামিন প্রশ্নে এ নিয়ে চারবার ব্যর্থ হলেন রানা। এর আগে আরও তিনবার জামিন নিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। দুইবার তার জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়, আরেকবার জামিন আবেদন উপস্থাপন হয়নি মর্মে খারিজ হয়ে যায়।
গত ১৮ জানুয়ারি সাংসদ রানাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ।
গত বছরের ১১ ডিসেম্বর বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ রানার জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ (আউট অব লিস্ট) দেয়।
তার আগে গত ২৮ নভেম্বর সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের বেঞ্চও রানার জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছিল।
আর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ গত বছরের ৯ অক্টোবর রানার জামিন আবেদন খারিজ করে দেয়।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। ওই মামলায় টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের এমপি রানাকে প্রধান আসামি করে এবং তার তিন ভাইসহ মোট ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
দীর্ঘদিন পালিয়ে থেকে সাংসদ রানা গত ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান বিচারক। জেলা ও দায়রা জজ তার জামিন আবেদন নাকচ করে দিলে এই সাংসদ হাই কোর্টে আবেদন করেন।
রানা বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ইতোমধ্যে রানা ও তার তিন ভাইকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।
