সাংসদ রানার জামিন বিষয়ে রুলের শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় কারাবন্দি টাঙ্গাইলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণার জন্য আগামী বৃহস্পতিবার দিন রেখেছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ রায়ের এ দিন ঠিক করে দেয়।
আদালতে রানার পক্ষে শুনানি করেন আব্দুল বাসেত মজুমদার ও ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
পরে বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুলের শুনানি হয়েছে। আগামী ৩০ মার্চ আদালত রায়ের জন্য রেখেছেন।”
জামিন প্রশ্নে শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা এবং পরিকল্পনার সঙ্গে রানা ও তার ভাইয়েরা জড়িত। এরকম একটি হত্যাকাণ্ডের আসামি যদি জামিন পায় তাহলে মানুষ আদালতের প্রতি আস্থা হারাবে।
“তাছাড়া এমপি রানা জামিন পেলে মামলার সাক্ষিদের নানাভাবে প্রভাবিত করতে পারেন। এমনকি তার পালিয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। ইতিপূর্বে হাই কোর্ট ও আপিল বিভাগের নির্দেশনা মত তিনি হাজির হননি। তার ভাইদের মত তারও পালাতক হওয়ার সম্ভাবনা আছে। ফলে তার জামিন মঞ্জুর না করার আরজি জানানো হয়েছে রাষ্ট্রপক্ষের শুনানিতে।”
গত ১৮ জানুয়ারি এমপি রানাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ।
গত বছরের ১১ ডিসেম্বর বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ রানার জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ (আউট অব লিস্ট) দেয়।
এরও আগে গত ২৮ নভেম্বর সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের বেঞ্চও রানার জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছিল।
বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ গত বছরের ৯ অক্টোবর এমপি রানার জামিন আবেদন খারিজ করে দেয়।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। ওই মামলায় টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের এমপি রানাকে প্রধান আসামি করে এবং তার তিন ভাইসহ মোট ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
দীর্ঘদিন পালিয়ে থেকে সাংসদ রানা গত ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান বিচারক। জেলা ও দায়রা জজ তার জামিন আবেদন নাকচ করে দিলে এই সাংসদ হাই কোর্টে আবেদন করেন।
রানা বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ইতোমধ্যে রানা ও তার তিন ভাইকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।
