‘আইএসের মুখপত্রে’ আশকোনার খবর
ঢাকার আশকোনায় র্যাবের প্রস্তাবিত সদর দপ্তরে ‘আত্মঘাতী’ বিস্ফোরণে একজন নিহতের খবর আইএস এর মুখপত্র আমাক নিউজ এজেন্সিতে এসেছে বলে জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
শুক্রবার দুপুরে জুমার নামাজের ঠিক আগে আগে ওই ‘আত্মঘাতী’ বিস্ফোরণের ঘটনায় দুই র্যাব সদস্যও আহত হন।
এর কয়েক ঘণ্টা পর প্রথমে আমাকের আরবি ও পরে বাংলা সংস্করণে ওই হামলার খবর আসে। পরে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ সেই খবর দেয়। তবে সেখানে সরাসরি হামলার দায় স্বীকারের কথা বলা হয়নি।
পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি তদন্তাধীন। তবে প্রাথমিক ধারণা, ঘটনাটি জঙ্গিরাই ঘটিয়েছে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইএসের মিডিয়ায় খবর আসা বা দায় স্বীকারের কোনো খবর তার ‘জানা নেই’।
২০১৫ সালের শুরু থেকে ২০১৬ সালের মাঝামাঝি সময় পর্যন্ত একের পর এক জঙ্গি হামলা ও হত্যার ঘটনার মধ্যে বেশ কয়েকটির দায় স্বীকার করেছিল আইএস। গুলশান হামলার রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের আগেই হামলাকারীদের ছবিও তারা প্রকাশ করেছিল।
তবে পুলিশ ও সরকার বরাবরই বলে আসছে, বাংলাদেশে আইএসের উপস্থিতির কোনো প্রমাণ তারা পায়নি। যেসব জঙ্গি কর্মকাণ্ড চলছে, তা দেশীয় উগ্রপন্থি দলগুলোই করছে।
গুলশান হামলার জন্য নব্য জেএমবিকে দায়ী করে আসছে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী। তামিম চৌধুরী নামে যে ব্যক্তিকে পুলিশ নব্য জেএমবির নেতা বলে আসছে, তাকে বাংলা অঞ্চলে আইএসএর প্রধান বলা হয়েছে মধ্যপ্রাচ্যের ওই জঙ্গি দলের প্রকাশনা দাবিকে।
গত ৭ মার্চ কুমিল্লায় গ্রেপ্তার দুই জঙ্গি এবং বুধ ও বৃহস্পতিবার সীতাকুণ্ডে দুই বাড়িতে অভিযানে গ্রেপ্তার দুই জন ও নিহত চারজনকেও নব্য জেএমবির সদস্য বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে তিনি বলেন, “আনুমানিক বেলা ১ টার দিকে নামাজের আগে আগে ডানপাশের বাউন্ডারি, যা গ্রিল ও ওয়াল দিয়ে নির্মিত, সেটি টপকে একজন অপরিচিত লোক ঢোকে। র্যাব সদস্যরা তাকে দেখে চ্যালেঞ্জ করলে সে এস্কেপ করতে চায় এবং সাথে সাথে এক্সপ্লোশন ঘটে। এতে তার সাথে যে বোমা ছিল তা বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয় এবং দুজন র্যর্যাব সদস্য আহত হন।”
দুটি চিঠি
শুক্রবারের এই ঘটনার একদিন আগে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে সর্তকতা ও তথ্য সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্টদের দুটি চিঠি পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
পুলিশ সদর দপ্তরের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, র্যাব, এসবি, সিআইডি, পিবিআইসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রধানদের কাছেওই চিঠি গেছে।
“একটি চিঠিতে মসজিদ, মন্দির, গীর্জাসহ বিভিন্ন উপসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনাসহ স্পর্শকাতর জায়গায় নজরদারি ও সতর্কতা বাড়ানোর নির্দেশনা ছিল। আর অন্যটিতে জঙ্গিদের ব্যাপারে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করে পুলিশ সদর দপ্তরে পাঠানোর বিষয়ে বলা হয়েছে।”
বৃহস্পতিবার ভোরে সীতাকুণ্ডের জঙ্গির আস্তানায় পুলিশের অভিযানের প্রেক্ষাপটে ওইদিন দুপুরে চিঠি দুটি পাঠানো হয় বলে জানান ওই কর্মকর্তা।
