২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি সিনহাকে ‘রাজাকার’ বলায় বিচারপতি মানিককে আইনি নোটিস

একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এস কে সিনহাকে ‘রাজাকার’ বলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2017, 08:32 PM

Updated : 19 Aug 2022, 04:02 PM

অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূইয়ার পাঠানো এই নোটিসে বিচারপতি মানিককে টিভি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা ৭২ ঘণ্টার মধ্যে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে ব্যাখ্যা না পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

ডিবিসি নিউজের টক শো ‘রাজকাহনে’ বুধবার প্রধান বিচারপতিকে নিয়ে আপিল বিভাগের সাবেক বিচারপতি মানিকের বক্তব্য শুনে এই নোটিস দেওয়া হয়েছেন বলে এখলাছ উদ্দিন সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “বিচারপতি মানিক প্রধান বিচারপতিকে আত্মস্বীকৃত শান্তি কমিটির সদস্য, স্বাধীনতাবিরোধী এবং রাজাকার বলে উল্লেখ করেছেন।

“যদি বিচারপতি মানিকের বক্তব্য সত্য হয়, তাহলে স্বাধীনতাবিরোধী একজন প্রধান বিচারপতি হওয়াটা ৩০ লাখ শহীদের সাথে প্রতারণা। পাশাপাশি আইনজীবী ও আইনপেশার জন্য মানহানিকর।”

Image
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী

বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী

বৃহস্পতিবার ডাকযোগে বিচারপতি মানিকের বাড়ির ঠিকানায় নোটিসটি পাঠানো হয়েছে বলে জানান এ আইনজীবী।

নোটিসে বলা হয়, “আপনার বক্তব্য অনুযায়ী একটি সাংবিধানিক পদে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি যদি রাজাকার হয়ে থাকে তাহলে এই বিজয়ের মাসে ৩০ লক্ষ শহীদের সাথে বিশ্বাসঘাতকতা বলে বিবেচিত হয়।

“একজন রাজাকারের অধীনে দেশের সমস্ত বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বার এবং বেঞ্চের মধ্যে যে সুসম্পর্ক সেটাও বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। এমনকি আইনজীবী হিসেবে উক্ত আদালতে পেশাগত দায়িত্ব পালন করাও বিব্রতকর। যাহা আমার মানহানি হয়েছে বলে আমি মনে করি।”

গত বছর অবসরে যাওয়ার সময় বিচারপতি মানিকের সঙ্গে প্রধান বিচারপতি এস কে সিনহার ‘দ্বন্দ্ব’ আলোচনা তৈরি করেছিল। রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করার অভিযোগ তুলে বিচারপতি সিনহার পদত্যাগও চেয়েছিলেন বিচারপতি মানিক।

পুরনো খবর:

প্রধান বিচারপতির পদত্যাগ দাবি শামসুদ্দিন চৌধুরীর
প্রধান বিচারপতির সমালোচনায় সাবেক বিচারপতি