২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহাসিক জাতীয় অধ্যায় ও দায়বদ্ধতার পূরণ: সেক্টর কমান্ডার্স ফোরাম

পঁচিশে মার্চকে গণহত্যা দিবস হিসাবে পালনে জাতীয় সংসদে প্রস্তাব পাসকে ‘ঐতিহাসিক জাতীয় অধ্যায় ও দায়বদ্ধতার পূরণ’ হিসাবে অভিহিত করেছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার্স ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2017, 08:01 PM

Updated : 19 Aug 2022, 04:00 PM

রোববার ফোরামের এক বিবৃতিতে বলা হয়, “২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদে শনিবার রাতে যে সর্বসম্মত প্রস্তাব পাস হয়েছে, তা জাতীয় জীবনের এক নতুন ঐতিহাসিক অধ্যায় ও মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মার প্রতি জাতীয় দায়বদ্ধতার পূরণ।”

ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বীরউত্তম, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী ও মহাসচিব হারুন হাবীবের যৌথ বিবৃতিতে সংগঠনের এই মত আসে।

বিবৃতিতে বলা হয়, “নিরস্ত্র বাঙালি জনগোষ্ঠীর ওপর পাকিস্তানি হানাদার সেনাবাহিনী অতর্কিতে ঝাপিয়ে পড়ে ১৯৭১ সালের ২৫ মার্চ। পরিল্পিত এই বাঙালি নিধনযজ্ঞ চলে মুক্তিযুদ্ধের নয় মাস ধরে সারাদেশে। আমরা মনে করি, বিংশ শতাব্দীর নৃশংসতম এই গণহত্যা শুরুর দিনটিকে চিহ্নিত করার মাধ্যমে মুক্তিযুদ্ধের বেদনাদায়ক অধ্যায়ের স্বীকৃতি ঘটেছে, যা এক যুগান্তকারী পদক্ষেপ।

সেক্টর কমান্ডার্স ফোরাম দীর্ঘদিন ধরে দিবসটির স্বীকৃতির দাবি জানিয়ে আসছে উল্লেখ করে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আমরা মনে করি, জাতীয় সংসদের সর্বসম্মত প্রস্তাব ইতিহাসের সত্যকে রক্ষা করবে এবং একই সঙ্গে গণহত্যা অস্বীকারের নির্লজ্জ পাকিস্তানি অপপ্রচারের যোগ্য জবাব হিসাবে বিবেচিত হবে।”

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ‘সর্বশক্তি নিয়োজিত’ করতে সরকার ও সব মহলের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

একই সঙ্গে বিবৃতিতে প্রস্তাব পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদে প্রস্তাব উত্থাপনকারী জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ও সব সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।