কবিতার বইয়ে মেলায় ‘উপস্থিত’ শাকিল
দুই মাস আগে মারা যাওয়া মাহবুবুল হক শাকিলের তৃতীয় কাব্যগ্রন্থ ‘জলে খুঁজি ধাতব মুদ্রা’ এলো বইমেলায়।
বাংলা একাডেমিতে সোমবার হয়ে গেল বইটির প্রকাশনা অনুষ্ঠান। এতে উপস্থিত হয়েছিলেন কবি হেলাল হাফিজ, আওয়ামী লীগ নেতা দীপু মনি, মাহবুবুল হক শাকিলের স্ত্রী অ্যাডভোকেট নীলুফার আনজুম পপি, তার মেয়ে জাকিয়া রুবাবা মৌপি ও ভাতিজা আদির জহির হক।
চোখের সমস্যায় কবি হেলাল হাফিজ যখন দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন, সে সময় তার পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল। কবিকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন তিনি।
এই ঘটনার কয়েক মাসের মধ্যে স্মৃতি হয়ে যাওয়া শাকিলের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন হেলাল হাফিজ।
তিনি বলেন, “আজ হৃদয় উন্মোচন করতে এসেছি। যারা কবির আত্মার খবর রাখি, তারা জানি আজ কত কান্না, প্রেম, ভালোবাসা, জড়িয়ে-ছড়িয়ে আছে, রাজপথে যে কত স্লোগান আছে- তা জানি।
“মাহবুবুল হক শাকিল ছিলেন দ্রোহের কবি, ছিলেন প্রেমের কবি।”
“সরকারে যখন পুলিশ, সেনা আর কারাগার দরকার, তখন সংস্কৃতি অঙ্গনের মানুষের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগের সেতুটি রচনা করেছিলেন তিনি। তিনি ছিলেন সেতু।”
দুঃসময়ে তার পাশে দাঁড়ানোর কথা তুলে ধরে কবি বলেন, “এক রকম উত্যক্ত করত শাকিল। আমি যখন প্রতিবন্ধী হতে বসেছিলাম, তখন শাকিল আমাকে এসে বলেছিল, ‘আমার সাথে দ্বিমত করবেন না, কিছু করার সুযোগ দিন। তার কত ঔদার্যের সাক্ষী যে হয়েছি আমরা।
শাকিলের সঙ্গে শেষ দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “তখন ঘুণাক্ষরেও আঁচ করতে পারিনি তার মনের কথা। আরও একটু বিশ্লেষণী মন নিয়ে যদি ভাবতাম!”
গত ৬ ডিসেম্বর গুলশানের একটি রেস্তোরাঁয় ৪৭ বছর বয়সী মাহবুবুল হক শাকিলের মৃতদেহ পাওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা শাকিল ছিলেন ছাত্রলীগের নেতা, রাজনীতির পাশাপাশি কবিতা লিখতেন তিনি।
গত দুই বছর বইমেলায় কবিতার বই বেরিয়েছে তার। প্রধানমন্ত্রীর সহকারীর গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেই বইমেলার নিয়মিত মুখ ছিলেন শাকিল। ঢাকার শিল্পী, কবি-সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীদের অনেকের ঘনিষ্ঠজন হয়ে উঠেছিলেন তিনি।
মাহবুবুল হক শাকিলকে ‘মানবতাবাদী রাজনীতিক’ হিসেবে অভিহিত করেন দীপু মনি।
“শাকিল দেশের কথা, মানুষের কথা আর রাজনীতির কথা বুঝত। সে বুঝত মানুষের জন্য রাজনীতিতে কোনটি ইস্যু, আর কোনটি ইস্যু নয়। ক্ষমতার কেন্দ্রবিন্দুর এত কাছাকাছি ছিল সে, কিন্তু কখনও ক্ষমতার অপব্যবহার সে করেনি।”
শাকিলের সহধর্মিণী নীলুফার আনজুম পপি বলেন, “শাকিল দুষ্টুমির ছলে বলত, চলে যাবে। সে দুষ্টুমি এত দ্রুত সত্যি হয়ে গেল!
“ভালোবাসার মানুষ তো কখনও হারায় না। তিনি বেঁচে থাকবেন আমাদের প্রতিটি সত্তায়।”
সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূস বন্দ্যোপাধ্যায় বলেন, “শাকিলকে রোমান্টিক কবি হিসেবে পরিচয় করে দেওয়া হচ্ছে। কিন্তু তার কবিতায় তো রাজনৈতিক অঙ্গীকারের কথাও স্পষ্টভাবে উঠে এসেছে।”
অন্বেষা প্রকাশনী থেকে প্রকাশিত এ কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে মাহবুবুল হক শাকিলের ৯৬টি কবিতা।
