২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরঞ্জিত ও জাহানারা জামানের মৃত্যুতে মন্ত্রিসভার শোক

দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এবং জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 02:45 PM

Updated : 11 Oct 2022, 01:26 PM

পুরনো খবর:

জাতীয় নেতা কামারুজ্জামানের স্ত্রী জাহানারার মৃত‌্যু
সুরঞ্জিত সেনগুপ্তের জীবনাবসান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, “আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রবীণ, দক্ষ ও অভিজ্ঞ পার্লামেন্টিরিয়ান, দশম জাতীয় সংসদের সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করে।”

এছাড়া জাতীয় চার নেতা এ এইচ এম কারারুজ্জানের স্ত্রীর জাহানারা জামানের মৃত্যুতেও মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে বলে জানান তিনি।

ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত। রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

প্রথম জীবনেই বামপন্থি আন্দোলনে জড়িয়ে পড়া এই রাজনীতিবিদ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।

মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামান (৮৪) রোববার রাতে ঢাকার গুলশানে নিজের বাসায় মারা যান। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস‌্যায় ভুগছিলেন।