ঢাকায় ফের সাংবাদিককে ‘মারধর’ পুলিশের
শাহবাগে দুই সাংবাদিককে পিটিয়ে আহত করার পর দুই সপ্তাহ না হতেই পুলিশের বিরুদ্ধে ফের এক আলোকচিত্র সাংবাদিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় শুক্রবার সন্ধ্যায় একদল পুলিশ সদস্যের মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছেন নিউজনেক্সটবিডি ডটকমের ফটো সাংবাদিক জীবন আহাম্মেদ।
জীবন সাংবাদিকদের বলেন, “বইমেলার ছবি তুলতে এসে টিএসসির সামনে রাস্তার পাশে মটরসাইকেল রাখতে গেলে এক পুলিশ এসে আমাকে ধাক্কা দেয়।
“মুখে কথা না বলে ধাক্কা দিলেন কেন-বলতেই আরেক পুলিশ এসে মারধর শুরু করে। এভাবে ছয় থেকে সাতজন পুলিশ হামলায় যোগ দেয়।”
এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেখানে ওই সাংবাদিক মটরসাইকেল রাখছিলেন, সেটা মটরসাইকেল রাখার জায়গা ছিল না। নিষেধ করার পরও তিনি একটু ‘ওভাররিঅ্যাক্ট’ করছিলেন। এ নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
“পরে অবশ্য উভয় পক্ষের মধ্যে মিটমাট হয়েছে।”
গত ২৬ জানুয়ারি রামপালে বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিল দাবিতে হরতালের খবর সংগ্রহের সময় শাহবাগ থানার সামনে এটিএন নিউজের দুই সাংবাদিককে পিটিয়ে আহত করে পুলিশ।
ওই ঘটনায় বিভাগীয় তদন্ত হওয়ার কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বুধবার বলেন, সাংবাদিক মারধরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা।
