আরাফাত সানির বিরুদ্ধে এবার নারী নির্যাতনের মামলা
ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে এবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলার আবেদন করেছেন তার স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া সেই তরুণী।
তার আইনজীবী মো. কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বুধবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই আবেদন করা হয়।
আবেদনে আরাফাত সানিকে ১ নম্বর এবং তার মা নার্গিস আক্তারকে ২ নম্বর আসামি করা হয়েছে।
ট্রাইব্যুনাল আবেদনটি আমলে নিয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী কামাল।
গত ২২ জানুয়ারি ঢাকার আমিনবাজারের বাসা থেকে গ্রেপ্তার ক্রিকেটার সানির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন এবং যৌতুক আইনে দুটি মামলা চলছে। তথ্যপ্রযুক্তি আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে একদিন হেফাজতেও পায় পুলিশ।
নারী নির্যাতন মামলার আর্জিতে বলা হয়, ২০১৪ সালের ডিসেম্বরে আরাফাত সানির সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। ২০১৫ সালের ২৯ জুলাই সানি তার কাছে ২০ লাখ টাকা যৌতুক চান। এই টাকা না দিলে সানি তার সঙ্গে ঘর সংসার করবেন না বলে জানায় তার মা। তারপর সানি ওই তরুণীকে মারধর-গালিগালাজ করে বাসায় ফেলে চলে যায়।
আইনজীবী কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগের মামলায় যখন সানিকে গ্রেপ্তার করা হয় তখন তার স্ত্রীকেও সেখানে ডাকা হয়েছিল, তিনি গিয়েছিলেন সেখানে। থানা থেকে আদালতে আসার সময় আরাফাত সানির মা তাকে মারধর করে জামা কাপড় ছিড়ে ফেলেন। এটি একটি নির্যাতন।”
আরাফাত সানির বিরুদ্ধে ওই তরুণী রাজধানীর মোহাম্মদপুর থানায় গত ৫ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনে প্রথম মামলা করলেও ২২ জানুয়ারি সকালে তাকে গ্রেপ্তারের পর বিষয়টি গণমাধ্যমের সামনে আসে।
এই মামলায় সানিকে গ্রেপ্তারের পরদিন ২৩ জানুয়ারি তার বিরুদ্ধে যৌতুকের অভিযোগ এনে আদালতে আরেকটি মামলা দায়ের করেন ওই তরুণী।
১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনে করা এ মামলায় ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগ আনা হয় সানির বিরুদ্ধে।
ঢাকার মহানগর হাকিম রায়হানুল ইসলাম নালিশি মামলাটি আমলে নিয়ে সানির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। যৌতুকের অভিযোগে করা এ মামলায় আগামী ৫ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হয়ে তার ব্যাখ্যা দিতে বলা হয় সানিকে।
যৌতুকের মামলায় আরাফাত সানির মা নার্গিস বেগমকেও আসামি করার আবেদন করেছিলেন ওই তরুণী। তবে আদালত কেবল সানির বিরুদ্ধে মামলা আমলে নিয়েছে বলে আইনজীবী কামাল উদ্দিন জানান।
দুটি মামলায় অভিযোগ করা হয়, সাত বছর আগে পরিচয়ের পর সানির সঙ্গে ওই তরুণীর প্রেম হয়। ২০১৪ সালের ডিসেম্বরে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। এরপর বিয়ের বিষয়টি পরিবারকে জানিয়ে আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার কথা বললেও সানি সময় ক্ষেপণ করতে থাকেন।
আনুষ্ঠানিকভাবে তুলে না নিলেও বিয়ের পর তারা বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থাকার পাশাপাশি একসঙ্গে বিদেশে বেড়াতেও গিয়েছেন বলে দাবি বাদীর আইনজীবী কামাল উদ্দিনের।
২১ বছর বয়সী ওই তরুণীর অভিযোগ, তিনি আনুষ্ঠানিকভাবে স্ত্রী হিসেবে তাকে তুলে নেওয়ার জন্য চাপ দিলে গত বছর জুন মাসে সানি ফেইসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে মেসেঞ্জারে তাদের কিছু অন্তরঙ্গ ছবি পাঠান এবং নানাভাবে হুমকি দিতে শুরু করেন।
তার ভাষ্য, সানির পরিবার তাদের বিয়ে মেনে না নেওয়ায় তাকে তুলে নেওয়া হয়নি। এক পর্যায়ে সানি তার কাছে যৌতুক দাবি করেন এবং টাকা দিলে ঘরে তুলে নেবেন বলে জানান। যৌতুকের দাবিতে তাকে মারধরও করা হয়।
