মা-ছেলেকে বাঁচিয়ে ‘না ফেরা’ বাদলের পরিবারের পাশে রেলমন্ত্রী
ট্রেন ধেয়ে আসার মুখে অল্প দূরেই শিশু সন্তানকে নিয়ে রেল লাইন পার হচ্ছিলেন এক নারী, বিপদ বুঝতে পেরে দৌড়ে গিয়ে প্রথমে মা ও পরে তার সন্তানকে উদ্ধার করলেন রেলকর্মী বাদল মিয়া। তবে জীবন নিয়ে ফেরা হল না, ট্রেনেই কাটা পড়ল তার পথচলা।
রাজধানীর কুড়িল বিশ্বরোড রেল ক্রসিংয়ে শুক্রবার এভাবে প্রাণ যাওয়া বাদলের (৫৮) পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
তিনি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে। পরিবারের কোনো সদস্য চাকরি পাবার যোগ্য হলে যোগ্যতা অনুযায়ী তার চাকরির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।”
বাদলের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তার রয়েছে পাঁচ ছেলে ও তিন মেয়ে। স্ত্রী-সন্তানদের নিয়ে কাওলা রেলগেইট স্টাফ কোয়ার্টারে থাকতেন তিনি।
ঘটনার বিবরণে কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন মেরামতের কাজ করছিলেন বাদল। ওই সময় সিলেটগামী সুরমা এক্সপ্রেস ঢাকা ছেড়ে যাচ্ছিল।
“এক নারী তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। বাদল মিয়া ঝুঁকি নিয়ে প্রথমে ওই নারীকে রক্ষা করেন, পরে ওই শিশুটির জীবন বাঁচান। এ সময় ট্রেনটিতে কাটা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান।”
এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
বাদল যাদের উদ্ধার করেছিলেন তারা দ্রতই ঘটনাস্থল ছেড়ে গিয়েছিলেন জানিয়ে ওসি ইয়াসিন ফারুক বলেন, “শুনলেও খারাপ লাগে যাদের জন্য তিনি জীবন দিলেন তারা ওই সময়ই ঘটনাস্থল ছেড়ে চলে যান। তাদের কোনো সন্ধান মেলেনি।”
সেখানে বাদলের সঙ্গে যারা কাজ করছিলেন তারা ছাড়াও উপস্থিত লোকজন ঘটনাটি পুলিশকে জানায় বলে জানান তিনি।
বাদল মিয়ার মেজ ছেলে মামুন মিয়া (২৩) রেলের খিলক্ষেত এলাকার গেইটম্যান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মা আয়েশা খাতুন একজন গৃহিনী। তার বড়ভাই জজ মিয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী। ছোট দুই ভাই সোহাগ (২০) ও সোহেল (১৬) বেকার। আর সবার ছোট রিমেল মিয়া কাওলা স্কুলে (১০) চতুর্থ শ্রেণিতে পড়ে।
রেল কর্মকর্তারা তার বড় ভাইকে যোগ্যতা অনুযায়ী একটি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান মামুন।
প্রায় তিন দশক ধরে রেলের চাকরিতে ছিলেন বাদল মিয়া। কোথাও কোনো দুর্ঘটনার খবর পেলেই তিনি ছুটে যেতেন বলে জানান তার সহকর্মীরা। সাত-আট বছর আগে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যায় উদ্যত এক নারীকে বাঁচাতে গিয়ে বিফল হয়ে তাকে হেনস্তা হতে হয় বলেও জানান তার ছেলে মামুন।
“এক মহিলা ট্রেনের নিচে ঝাপ দেবেন, এমন সময় বাবা তার হাত ধরে ফেলেছিলেন। তবে নিয়ন্ত্রণ না রাখতে পারলে ওই মহিলা ট্রেনের নিচে চাপা পড়েন। অনেকে প্রথমে ভেবেছিলেন, বাবা ওই মহিলাকে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে দিয়েছেন
“পরবর্তীতে খিলক্ষেত রেলক্রসিংয়ে ওই মহিলার হাত থেকে একটা চিরকুট মেলে। সেখানে লেখা ছিল, পুত্রবধূর অত্যাচারে বিরক্ত হয়ে ওই নারী আত্নহত্যা করেছেন। পরে সবার সন্দেহ দূর হয়।”
