বাইসাইকেলে ‘থরং লা’ গিরিপথ পাড়ি তিন বাংলাদেশির
বাইসাইকেলে চেপে পৃথিবীর অন্যতম সর্বোচ্চ গিরিপথ ‘থরং লা’ পাড়ি দিয়েছেন আব্দুল্লাহ তাহির চৌধুরী, আরিফুল ইসলাম ভূঁইয়া এবং অভিমন্যু সাহা।
‘মিঃ নুডুলস’ ও ‘ট্রেকার্স অব বাংলাদেশের’ সহযোগিতায় তিন অভিযাত্রী তাদের অভিযান সম্পন্ন করেন।
সোমবার প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
অভিযাত্রী আব্দুল্লাহ তাহির চৌধুরী জানান, তারা গত বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচ হাজার ৪১৬ মিটার উঁচু নেপালের অন্নপূর্ণা সার্কিটের সর্বোচ্চ বিন্দু ‘থরং লা’ অতিক্রম করেন।
“বাইসাইকেলে চেপে থরং লা অতিক্রম করা মোটেই সহজ কাজ ছিল না, তবে দেশের হয়ে কিছু করার তাড়না থেকেই এই কাজ করেছি,” বলেন এই অভিযাত্রী।
বাংলাদেশের জন্য এই গৌরব বয়ে আনাতে আনন্দ প্রকাশ করে ‘মিঃ নুডুলসের’ ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল বলেন, “অভিযাত্রী দলের আবেদনের আমরা এতিমখানায় ১০ হাজার প্যাকেট নুডুলস বিতরণ করব।
“সে অনুযায়ী ঢাকার ইসলামিয়া মিশন এতিমখানা ও চট্টগ্রামের উবাইদা এতিমখানায় নুডুলস দেওয়ার মাধ্যমে এই কাজ শুরু হবে।”
তিন অভিযাত্রীসহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘মিঃ নুডুলসের’ ব্র্যান্ড ম্যানেজার রিয়াদুল ইসলাম, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ ও ট্রেকার্স অব বাংলাদেশের চেয়ারম্যান তারিক ওবায়দা।
