২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ‌্য এখন গ্রামের মানুষ: পলক

আগামী দুই বছরে ফাইবার অপটিক কেবল সংযোগের মাধ্যমে গ্রামের মানুষকে তথ্য প্রযুক্তির মহাসড়কে যুক্ত করার লক্ষ‌্য ঠিক করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 09:57 PM

Updated : 11 Oct 2022, 01:19 PM

এর সঙ্গে এই খাতের রপ্তানি এক বিলিয়ন ডলারে নিয়ে যাওয়াও লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ‍জুনাইদ আহমেদ পলক।

এই লক্ষ‌্য অর্জনে কয়েকটি হাইটেক পার্কের কাজ শুরু করাসহ অন্যান্য পরিকল্পনার কথাও বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

সরকারের তিন বছর পূর্তিতে আগারগাঁও আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে তথ‌্য প্রযুক্তি খাতের অর্জনগুলো তুলে ধরেন প্রতিমন্ত্রী।

আগামী দুই বছরে মূল লক্ষ্যগুলোর বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, “গতবছর বলেছিলাম হাইটেক পার্কের ইনফাস্টাকচার শুরু করব, আমরা শুরু করেছি।

“২০১৭ সালের টার্গেট হচ্ছে আমরা দুই হাজার ৬০০ ইউনিয়ন ফাইবার অপটিক কেবল সংযোগের শুরু করা, যা ২০১৮ সালে শেষ হবে। গ্রামের মানুষ খুব সহজে তথ্য প্রযুক্তির মহাসড়কে যুক্ত হতে পারবে।”

২০১৭ ও ২০১৮ সাল মিলিয়ে যশোর সফটওয়্যার পার্ক চালু এবং কালিয়াকৈর হাইটেক সিটিতে কমপক্ষে ৫টি কোম্পানিকে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

রাজশাহীতে সিলিকন সিটি এবং সিলেট ইলেকট্রনিক্স সিটিতে একটি বিজনেস সেন্টার স্থাপনের পরিকল্পনাও জানান তিনি।

চট্টগ্রাম ও কক্সবাজারকে আইটি হাব হিসেবে গড়ে তোলার লক্ষ‌্যও রয়েছে বলে তিনি জানান।

‘আইডিয়া প্রজেক্ট’র মাধ্যমে অন্ততপক্ষে ১০০টি প্রযুক্তি পণ‌্যকে বাণিজ‌্যিকভাবে পরিচিত করতে চান পলক।

“২০১৮ সালের মধ্যে দেশের ৫০ শতাংশ মানুষকে ইন্টারনেট ইউজার হিসেবে আমরা তৈরি করতে চাই। ২০১৮ সাল নাগাদ এক বিলিয়ন আইটি এক্সপোর্ট করতে চাই। এটি বড় টার্গেট, কারণ এটি অর্জান করতে পারলেই ২০২১ এ ৫ বিলিয়ন ডলার টার্গেট এগিয়ে যেতে পারব।”  

২০২১ সালের মধ্যে দেশের ৯০ শতাংশ মানুষকে ইন্টারনেট সেবার আওতায় আনার লক্ষ‌্য নিয়ে কাজ করছে সরকার।

বিটিআরসির হিসাবে, গত সেপ্টেম্বর মাস শেষ নাগাদ দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ছয় কোটি ৬৮ লাখ ছাড়িয়েছে, এর মধ্যে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটি ২৯ লাখের বেশি।

ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম কমলেও গ্রাহকদের সেই সুবিধা না পাওয়া এবং মোবাইল ইন্টারনেটে কাঙ্ক্ষিত গতি না পাওয়ার কথা তুলে ধরেন সাংবাদিকরা।

প্রতিমন্ত্রী তা স্বীকার করে বলেন, এনিয়ে বিটিআরসি কাজ করছে।

“যাদের আসলে সামর্থ‌্য কম, যাদের স্মার্টফোন বা ল্যাপটপ নাই, তাদের জন্য কমন শেয়ারিং একসেস পয়েন্ট ব্রডব্যান্ড দিতে চাই। এন্য ১০ হাজার গ্রোথ সেন্টার পয়েন্ট অব প্রেজন্স করা হচ্ছে যেখানে এক হাজার ওয়াইফাই পাবলিক প্লেসে করছি। পাশাপাশি দুই লাখ পয়েন্টে যেখানে সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্রডব্যান্ডকে নিশ্চিত করতে চাই।”

‘ইন্টারনেট লিটারেট’ জাতি গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “ইন্টারনেট লিটারেসি সেন্টার (আইএলসি) ড্রাফটিং পর্যায়ে আছে। আমরা চেষ্টা করছি এর মাধ্যমে কনটেন্ট ডেভলপ করা কোর্স কারিকুলাম তৈরি করা হবে। বাংলাদেশকে ১০০ শতাংশ লিটারেট নেশন গড়ে তুলতে চাই।”    

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক ও টেলিযোগযোগ বিভাগের মধ্যে অনেক সময় সমন্বয় দেখা যায় না- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ বলেন, “বিভাগ দুটি হলেও বস কিন্তু একজন, আমাদের প্রধানমন্ত্রী। এটি সবচেয়ে বড় অ্যাডভানটেজ।

“অনেক সমস্যার সমাধান হয়ে যেত বা হয়ে যেতে পারে বিটিআরসি যদি স্বাধীন হয়। তবে এটি পলিসি ডিসিশন, আলোচনার পরই এসব ডিসিশন নেওয়া যেতে পারে।”

আইন অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন।

সংবাদ সম্মেলন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর শিকদার, হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোসনে আরা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।