২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি দম্পতিসহ ৪ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র

চার মাস আগে স্কুলব্যাগের মধ্যে জিহাদী বই ও বিভিন্ন অডিও-ভিডিও নিয়ে গ্রেপ্তার জঙ্গি দম্পতিসহ ৪ জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে র‌্যাব।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 11:05 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার এই অভিযোগপত্র জমা দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এই আদালতে কর্মরত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলতাফ হোসেন।

অভিযোগপত্রে যাদের নাম রয়েছে তারা হলেন- শেরপুরের নলিতাবাড়ি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মো. আমিনুল ইসলাম (৩৪), তার স্ত্রী মোছাম্মৎ নাহিদ সুলতানা (৩০), পাবনার সুজানগর উপজেলার মর্জিয়া আক্তার সুমি (১৯) এবং জামালপুরের মেলান্দহের শফিকুল ইসলাম (১৯)।

গত বছরের ৬ সেপ্টেম্বরে রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় আনন্দ সিনেমা হলের পাশের একটি রেঁস্তোরা থেকে তাদের আটক করে র‌্যাব। এসময় তাদের সঙ্গে থাকা একটি স্কুলব্যাগে জিহাদী ১১টি বই ও বিভিন্ন অডিও-ভিডিও পাওয়া যায়।

দেশের সার্বভৌমত্ব বিনষ্ট ও গণতান্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাস বিরোধী আাইনের বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে এই অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-২ এর সহকারী সুপার অহিদুল্লাহ সরকার।

অভিযোগপত্রের বরাত দিয়ে এসআই আলতাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই আসামিরা ওইদিন গভীর রাতে আনন্দ সিনেমা হলের পাশের কস্তুরী ছায়ানীড় হোটেল অ্যান্ড চাইনিজ রেঁস্তোরায় নাশকতা চালানোর ষড়যন্ত্রে জমায়েত হয়েছিল।

খবর পেয়ে র‌্যাব-২ এর একটি দল তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ওইসব জিহাদী বই ও অডিও-ভিডিওসহ ব্যবহার্য কিছু সামগ্রী উদ্ধার করা হয়।

এ ঘটনায় শেরেবাংলানগর থানায় র‌্যাবের জেসিও মো. আবুল হোসেন তাদের বিরুদ্ধে মামলা করেন।

অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে ১৭ জনকে সাক্ষী রাখা হয়েছে।