২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি লিটনের হত্যার বিচার দাবিতে ঢাবিতে মানববন্ধন

গাইবান্ধায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 04:48 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

মঙ্গলবার সকালে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে যোগ দিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, “এমপি লিটন ছিলেন জামায়াত-শিবিরের জন্য আতঙ্ক।

“জামায়াত অধ্যুষিত সুন্দরগঞ্জ এলাকায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আওয়ামী লীগের রাজনীতিকে শক্তিশালী করতে যেভাবে কাজ করে গেছেন, তা কোনোদিন ভোলার মতো না।”

খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে জাকির বলেন, “বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা সাংসদ লিটনের হত্যার পেছনে দায়ী। তাদের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই এই হত্যার আসল রহস্য বেরিয়ে আসতে পারে।”

গত শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে লিটনকে গুলি চালিয়ে হত‌্যা করে দুর্বৃত্তরা। কারা এই হত‌্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও বের করতে পারেনি পুলিশ।

এমপি লিটনের হত্যাকাণ্ড স্বাধীনতাবিরোধীদের তৎপরতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলেও মন্তব‌্য করেন তিনি।

“বর্তমানে দেশে যখন স্থিতিশীল পরিবেশ বজায় আছে, দেশ উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে, তখন স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশে অস্থিতিশীলতা তৈরিতে নতুন কৌশল হাতে নিয়েছে। এদের ব্যাপারে সারা বাংলাদেশে ছাত্রলীগসহ মুক্তিযুদ্ধের সপক্ষের নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে।”

মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রনি, কামাল মোহাম্মদ নাসের, আদিত্য নন্দী, সহ-সম্পাদক রেজা আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বর্তমান বিশ্ববিদ্যালয় কমিটির সহ-সভাপতি হাসানুর রহমান হাসুও অংশ নেন।