প্রস্তাবিত নাগরিকত্ব আইন সংশোধনের দাবি
মন্ত্রিসভায় অনুমোদিত ‘নাগরিক আইন’ পাস হলে অনেকে ‘রাষ্ট্রহীন’ হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করে সংসদে তোলার আগে তা সংশোধনের দাবি উঠেছে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক গোলটেবিল আলোচনায় বক্তারা এই দাবি তুলেছেন।
তারা বলছেন, প্রস্তাবিত আইনটি পাস হলে অনেকে বিশেষ করে উর্দুভাষী বাংলাদেশিদের নাগরিকত্ব ঝুঁকিতে পড়বে, যারা ২০০৮ সালে হাই কোর্টেরে এক রায়ের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছিলেন।
উর্দুভাষী বাংলাদেশিদের জন্য কাজ করে আসা সংগঠন ‘কাউন্সিল অব মাইনরিটিজ’ এর আয়োজনে এই গোলটেবিল আলোচনায় সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ সরকারকে এই বিষয়ে আরও ভেবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মন্ত্রিসভায় অনুমোদিত ‘নাগরিকত্ব বিল, ২০১৬’র ধারা ৩ ও ২৮ এর সংশোধন চাওয়া হয় বৈঠকে।
আয়োজকরা বলেন, বিলের ৩ ও ২৮ (২) (ক) ধারা সংসদীয় গণতন্ত্রের মূলনীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং স্বাভাবিক ন্যায়বিচারের পরিপন্থি।
খসড়া বিলের ধারা-৩ এ বলা হয়েছে, “আপাতত বলবৎ অন্য কোনো আইন, আইনগত দলিল, রায়, ডিক্রি ইত্যাদিতে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে।”
২৮ (২) (ক) ধারা বলা হয়েছে, “উক্ত রহিতকৃত আইনের অধীনে যে সকল ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করিয়াছেন তাহাদের নাগরিকত্ব এই আইনের বিধানের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে বলবৎ থাকিবে এবং উক্ত আইনের অধীন কৃত সকল কাজ বৈধ বলিয়া গণ্য হইবে।”
এই ধারা দুটির সংশোধন দাবি করে সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ বলেন, “নতুন করে কেউ যেন রাষ্ট্রহীন না হয় সেটা সরকারকেই দেখতে হবে। সরকারকে এ বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।”
মিয়ানমারে রাষ্ট্রহীন হয়ে পড়া রোহিঙ্গাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের সরকারকে খেয়াল রাখতে হবে কোনো একটি আইনের কারণে যেন কোনো একটি বিশেষ জনগোষ্ঠীকে রোহিঙ্গাদের অবস্থা বরণ করতে না হয়।”
“নতুন আঙ্গিকে নাগরিকত্ব আইনের প্রয়োজন আছে। কিন্তু সে আইনকে হতে হবে সংবিধানের ঘোষণাপত্র কিংবা মৌলিক কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ,” বলেন এই আইনজীবী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক তাসলিমা ইয়াসমিন বলেন, প্রস্তাবিত আইনের ধারা ৪(২) (খ), ধারা ৫(২) ও (৩) এবং ধারা ১১ বর্জন বা সংশোধন করে শিশুর সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা উচিৎ।
“৪(২) (খ) ব্যক্তিকে সাংবিধানিক ররক্ষাকবচ হতে বঞ্চিত করবে। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও পরিপন্থি। ৫(২) কোনো শিশুকে জন্মসনদ বা জন্মনিবন্ধন না থাকার কারণে অসঙ্গতভাবে দণ্ডিত করছে। এর ফলে শিশুর জাতীয়তার অধিকার সঙ্কুচিত হবে। পিতা-মাতা বা অভিভাবকদের দায়িত্বহীনতার কারণে শিশুকে শাস্তি দেওয়া যায় না।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক মো. হাফিজুর রহমান খান, রিদওয়ানুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী সাদিয়া আরমান, শাহরিয়ার সাদাতও গোলটেবিলে বক্তব্য রাখেন।
গোলটেবিলে সভাপতিত্ব করেন ‘কাউন্সিল অব মাইনরিটিজ’র সভাপতি জাকির হোসাইন। সঞ্চালনা করেন সংগঠনের প্রধান নির্বাহী খালিদ হোসেন।
