২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেতরে জঙ্গি তানভীর কাদেরীর ছেলেসহ ৩ জন: পুলিশ

ঢাকার আশকোনার আস্তানায় অভিযানের মুখে জঙ্গিনেতা জাহিদুল ইসলামের স্ত্রীসহ চারজন বেরিয়ে এলেও ভেতরে এখনও জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলেসহ তিনজন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গোলাম মুজতবা ধ্রুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2016, 11:01 AM

Updated : 11 Oct 2022, 09:29 PM

পুরনো খবর:

আজিমপুরে নিহত ‘জঙ্গি’ গাইবান্ধার তানভীর কাদেরি
জঙ্গি তানভীরের স্ত্রী দুষছেন স্বামীকে
‘জঙ্গি’ তানভীরের শিশুপুত্রের ১৬৪ ধারায় জবানবন্দি
‘জাহিদ, কাদেরী, রোকনের টাকায় কয়েক কোটির জঙ্গি তহবিল’

শনিবার ভোররাত থেকে দক্ষিণখানের আশকোনার তিন তলা বাড়ি সূর্যভিলায় অভিযানে রয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও রয়েছেন সেখানে।

সকাল সাড়ে ৯টার দিকে জাহিদের স্ত্রী জেবুন্নাহারসহ চারজন পুলিশের কাছে ধরা দিয়ে জানান, ভেতরে এখনও দুই নারী এবং একজন পুরুষ রয়েছেন।  

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের বলেন, “ভেতরে তিনজন রয়েছেন। তাদের কাছে প্রচুর এক্সপ্লোসিভ (বিস্ফোরক) ও সুইসাইড ভেস্ট রয়েছে।”

ঘটনাস্থলে থাকা উত্তরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “যারা ভেতরে আছে তাদের বারবার অত্মসমর্পণ করতে বলা হচ্ছে। কিন্তু তারা ভেতর থেকে বলছে-তাদের শরীরে গ্রেনেড বাঁধা, গ্রেপ্তারের চেষ্টা করলে বিস্ফোরণ ঘটাবে।”

অভিযানে থাকা কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভেতরে থাকা একজন জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

গুলশান হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ‌্যে গত ১০ সেপ্টেম্বর আজিমপুরের একটি বাড়িতে অভিযানের সময় টিকতে না পেরে তানভীর আত্মহত‌্যা করেন বলে পুলিশের ভাষ‌্য।

তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা এবং তার জমজ ছেলের একজন আজিমপুরের ওই অভিযানের সময় আহতাবস্থায় গ্রেপ্তার হন। তাদের বিরুদ্ধে মামলা চলছে।

Image
আবেদাতুল ফাতেমা খাদিজাসহ আজিমপুরে জঙ্গি আস্তানা থেকে আটক তিনজন (ফাইল ছবি)

আবেদাতুল ফাতেমা খাদিজাসহ আজিমপুরে জঙ্গি আস্তানা থেকে আটক তিনজন (ফাইল ছবি)

গাইবান্ধা সদর উপজেলার বাটিকামারি গ্রামের তানভীর কাদেরী লেখাপড়ার পাট চুকিয়ে দুটি বেসরকারি কোম্পানি ঘুরে ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং শাখায় উচ্চ পদে যোগ দিয়েছিলেন।

২০০১ সালে তিনি বিয়ে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে লেখাপড়া শেষ করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সেইভ দ্য চিলড্রেন’এ চাকরিরত ফাতেমাকে।

২০১৪ সালে হজ করতে সপরিবারে সৌদি আরবে যান কাদেরী। সেখান থেকে ফিরে আসার পর তার মধ্যে ধর্মীয় উগ্রতা ধরা পড়ে আত্মীয়দের চোখে। ফাতেমাও তখন থেকেই হিজাব পরা শুরু করেন বলে স্বজনরা জানান।

হজ থেকে ফিরে ২০১৪ সালে ডাচ-বাংলার চাকরি ছেড়ে ‘আল সাকিনা হোম ডেলিভারি সার্ভিস’ নামে একটি ব্যবসা শুরু করেছিলেন কাদেরী। এরমধ‌্যেই তিনি জঙ্গিবাদে জড়িয়ে পড়েন বলে পুলিশের ভাষ‌্য।

কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বলছেন, তামিম চৌধুরী নিহত হওয়ার পর নব‌্য জেএমবির সমন্বয়কের দায়িত্ব নিতে যাচ্ছিলেন তানভীর কাদেরী। ‘আব্দুল করিম’ ও ‘শমসেদ’ নামে সংগঠনে পরিচিত ছিলেন তিনি। করিম নাম ব্যবহার করেই তিনি বসুন্ধরা আবাসিকে গুলশান হামলাকারীদের জন্য ফ্ল্যাট ভাড়া করেছিলেন।

আশকোনার ওই জঙ্গি আস্তানায় থাকা জেবুননাহারের স্বামী জাহিদুল ইসলাম সেনাবাহিনীর মেজর ছিলেন। দুই বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে তিনি জঙ্গিবাদে জড়িয়ে পড়েন বলে পুলিশ জানায়।

পুলিশের ভাষ‌্য অনুযায়ী, তিনি ছিলেন নারায়ণগঞ্জ অভিযানে নিহত নব‌্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীর প্রধান সহযোগী। অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তাই গুলশান ও শোলাকিয়া হামলায় অংশ নেওয়া জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিলেন।

জাহিদের স্ত্রী-সন্তানের সঙ্গে আত্মসমর্পণকারী অন‌্য দুজন নব‌্য জেএমবির এখনকার অন‌্যতম প্রভাবশালী নেতা মুসার স্ত্রী ও মেয়ে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ছানোয়ার।

Image
পরিস্থিতি সাংবাদিকদের জানাচ্ছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া

পরিস্থিতি সাংবাদিকদের জানাচ্ছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আত্মসমর্পণকারীদের কাছে একটি পিস্তল ও গুলি পাওয়া গেছে।

যারা ভেতরে আছেন, তাদের আত্মসমর্পণ করতে আহ্বান জানানো হচ্ছে বলে জানান তিনি।

এদিকে এলাকার উৎসুক জনতা বাড়ির ছাদে, বারান্দায়, আশপাশের রাস্তায় ও ঘিরে রাখা বাড়িটির প্রবেশপথে ভিড় করেছে।