২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শচীন দেববর্মণের জীবনীভিত্তিক বইয়ের প্রকাশনা

উপমহাদেশের কিংবদন্তী সংগীতজ্ঞ শচীন দেববর্মণের জীবনীভিত্তিক বই ‘শচীন দেববর্মণ-মর্ত্যের রাজ্য ছেড়ে সুরের সাম্রাজ্যে’-এর প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল রাজধানীর জাতীয় জাদুঘরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 05:55 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

বুধবার দুপুরে জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাকক্ষে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

অ্যাডভোকেট গোলাম ফারুক রচিত ৫৪৪ পৃষ্ঠার বইয়ে সন্নিবেশিত হয়েছে ১০টি অধ্যায়। বইয়ে শচীন দেববর্মণের সংগীত জীবনের উত্থান, তার সংগীত সাধনার নানা ইতিহাসের পাশাপাশি উঠে এসেছে কুমিল্লার সাংস্কৃতিক ঐতিহ্য আর সাংস্কৃতিক ব্যক্তিত্বদের কথা।কুমিল্লা জেলা প্রশাসনের ও আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় প্রকাশিত হয়েছে বইটি।

দৈনিক আমাদের অর্থনীতির ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, কবি আসাদ চৌধুরী, আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক কবি মুহাম্মদ নুরুল হুদা, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহজাদা এমরান।

অধ্যাপক আনিসুজ্জামান কুমিল্লায় শচীন দেববর্মণের পৈতৃক বাড়ি পরিপূর্ণভাবে উদ্ধার করে সেখানে সাংস্কৃতিক কার‌্যক্রম ত্বরান্বিত করতে সংস্কৃতিমন্ত্রীকে অনুরোধ করেন।

সংস্কৃতিমন্ত্রী জানান, কুমিল্লায় তার পিতৃগৃহটিকে সংস্কার করে সেখানে একটি ‘মিউজিক আর্কাইভ’ প্রতিষ্ঠা করতে চায় মন্ত্রণালয়। বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশের সংগীতের সমৃদ্ধ ধারাগুলোকে এই আর্কাইভে জড়ো করবেন এখানে। পাশাপাশি একে সংগীতপ্রেমীদের চর্চাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান তিনি।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “সংস্কৃতিক্ষেত্রে গবেষণাধর্মী বই এমনিতেই অনেক কম। এই বইটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে থাকবে।”

শচীন দেববর্মণকে বাংলার চিরকালের গানের ‘অবিসংবাদিত সুরস্রষ্টা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “শচীন দেববর্মণ এমন এক প্রতিভাধর বাঙালি যিনি অবাঙালি অধ্যুষিত এলাকায় থেকেও বাংলার মাটির সুরকে ভুলে যাননি। মাটি থেকে উঠে আসা সুরকে ধারণ করে তিনি বাংলার লোকগানকে আরও সমৃদ্ধ করে গেছেন।”

কবি মুহাম্মদ নুরুল হুদা লোকসংগীত সংগ্রহ প্রকাশে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের কাজ সারা বাংলাদেশেই করা যেতে পারে।”