২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের দুই যুবকের কণ্ঠে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি

নয়া দিল্লির লাখা সিং আর গুজরাটের আহমেদাবাদের সুরেশ সিং-হাজার মাইল দূরের এই দুই ভারতীয় যুবকের মধ্যে বাংলাদেশ নিয়ে প্রবল উচ্ছ্বাস; দুজনেরই বাবা একাত্তরে লড়েছেন বাংলাদেশের জন্মযুদ্ধে।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 11:34 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

বাবার কাছে সেই যুদ্ধদিনের বর্ণনা শুনতে শুনতে বড় হওয়া এই দুজন কোনো দিন নিজের চোখে বাংলাদেশ না দেখলেও এদেশের প্রতি তাদের অন্য রকম ভালোবাসা। উচ্ছ্বাসভরেই নিজেদের পরিচয় দেন বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে।

লাখা দিল্লির পাঁচ তারকা হোটেল অশোকার নিরাপত্তা বিভাগে কাজ করেন। আর সুরেশ নিজের শহর আহমেদাবাদে ফ্রিল‌্যান্স টুরিস্ট গাইড হিসেবে জীবিকা নির্বাহ করেন।

ভারত সরকারের উদ‌্যোগে চলতি মাসে বাংলাদেশ থেকে যাওয়া শত যুবার সঙ্গে দেখা হয় তাদের। যে হোটেলে লাখা কাজ করেন, সেখানেই দুই দিন ছিলেন বাংলাদেশের তরুণ-তরুণীরা। সেখানে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেটের সদস‌্য মারজানা মুনিফার সঙ্গে কথা হয় লাখার।

সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মুনিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দিল্লিতে দ্বিতীয় দিন (৫ ডিসেম্বর) ভোর ৭টায় সকালের নাস্তার জন‌্য উঠলাম। উঠে দেখি কোথাও কেউ নেই। তখন আমি আর আমার রুমমেট সকালের হাঁটাহাটি আর একটু ঘোরাঘুরি করতে হোটেলের বাইরে বের হলাম। বের হতেই এক লোক আমাদের ‘গুড মর্নিং’ বললো। উনার পোশাক দেখে একটা ছবি তুলতে মন চাইল।

“তখন বাংলাদেশ থেকে আসা ডেলিগেট পরিচয় দিয়ে কথা শুরু করতেই উচ্ছ্বাস আর গর্ব ফুটে উঠল তার চোখে মুখে। বললেন, বাংলাদেশ!!! বলতে শুরু করেন, আমার বাবা ছিলেন আর্মিতে। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। ১৯৭১ সালে তিনি মেজর ছিলেন। যুদ্ধ করেছেন বাংলাদেশের ফ্রন্টে।”

“গল্পে গল্পে বুঝলাম, আমাদের পেয়ে উনি এত খুশি হয়েছেন, সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।”

বাংলাদেশে কখনও গিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন,কখনো যাওয়া হয়নি। তবে সুযোগ পেলে একবার বাবাকে নিয়ে যেতে চান।

মুনিফা বলেন,“কথা বলতে বলতে বাংলাদেশের প্রতি তার অনুভূতি জানতে পেরে কৃতজ্ঞতায় মন ভরে উঠল। তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালাম।

“তখন ভাবলাম, ভারতে এ রকম কত মানুষ আছে, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে লড়াই করেছেন। ওদের সাথে দেখা করে যদি আমরা তাদের যুদ্ধ দিনের গল্প শুনতে পেতাম!”

ভারতীয় এই যোদ্ধাদের বাংলাদেশের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন এই তরুণী।

“আমাদের সেটা দেয়া উচিত। যারা আমাদের দেশের জন‌্য জীবন বাজি রেখেছিল,যারা আমাদের উদ্বাস্তু শিবিরের জায়গায় দিয়েছে, তাদের আমাদের পুরস্কৃত করা উচিত। তাদের যথাযথ সম্মান দেওয়া উচিত। নিজের দেশের জন‌্য অনেকেই লড়ে। তারা লড়েছে অন‌্য দেশের জন‌্য। তাদের ভুলে যাওয়া আমাদের উচিত নয়,” বলেন তিনি।

Image
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বিএসএফের সাবেক সদস্য জগদীশ সিংয়ের ছেলে সুরেশ সিং গুজরাটে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বিএসএফের সাবেক সদস্য জগদীশ সিংয়ের ছেলে সুরেশ সিং গুজরাটে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করেন।

মুক্তিযুদ্ধের সময় বিএসএফে থাকা জগদীশ সিংয়ের ছেলে সুরেশ সিং গুজরাটে দ্বিতীয় দিনে বাংলাদেশ দলের গাইড হিসাবে কাজ করতে আসেন।

গুজরাটের আহমেদাবাদে নান্দনিক ‘স্টেপ ওয়েল’, ধিরুবাই আম্বানি ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মহাত্মা গান্ধীকে নিয়ে গড়ে উঠা একক মিউজিয়াম ‘ডান্ডি কুটির’ ঘুরে দেখার সঙ্গী হন সুরেশ।

এক পর্যায়ে তিনি বাবার পরিচয় দেওয়ার পর বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে  থেমে থেমে দিনভর চলে সেই গল্প।

সুরেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলের গন্ডি পেরিয়ে তার বাবা যোগ দিয়েছিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে। ’৭১ সালে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখন বাংলাদেশ সীমান্তে তার পোস্টিং। সেখান থেকেই জড়িয়ে যান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে।

“শরণার্থী সামলানো থেকে শুরু করে নানা সময়ে পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে পড়ে সেটা প্রতিহত করতে হত তাদের। একবার সীমান্তে ডিউটি শেষ করে ক‌্যাম্পে ফিরে রান্না করতে বসেছিলেন। তখন খুব কাছেই একটি গোলা এসে পড়ে।”

সুরেশ সিং বলেন, “এই আহমেদাবাদ আমার শহর। তবে এখানে আমার থাকা হয়েছে কমই। চাকরির প্রয়োজনে বাবা বিভিন্ন শহরে নগরে সীমান্তে ঘুরে বেড়াতেন। আমরাও ঘুরে বেড়াতাম। আর শুনতাম বাংলাদেশের যুদ্ধদিনের গল্প।

“বাংলাদেশে মাত্র নয় মাসের যুদ্ধ হলেও এত ঘটনাবহুল যে, এই গল্প শেষ হয় না। তাই আমার শৈশবের গল্পগুলোর অধিকাংশজুড়েই রয়েছে বাংলাদেশ। এই দেশে কোনো দিন যাইনি-তাতে কী হয়েছে? আমার ভাবতে ভালো লাগে, আমি এই দেশের মুক্তিযোদ্ধার সন্তান। আমার জন্মভূমি ভারত। তবে আমি বাংলাদেশকেও ভালোবাসি।”

তার এক মামাও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন জানিয়ে ভারতীয় এই যুবক বলেন, “তিনি বিমান বাহিনীতে ছিলেন। কক্সবাজারে পাকিস্তানি সেনাদের লক্ষ‌্যবস্তুতে তিনিই বোমা হামলা করেছেন।”