গণপূর্তের প্রকৌশলী টিপুর মুক্তিযোদ্ধা সনদ কেন বাতিল হবে না: হাই কোর্ট
গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান ওরফে টিপু মুন্সির মুক্তিযোদ্ধা সনদ কেন বাতিল করা হবে না তা, জানতে চেয়েছে হাই কোর্ট।
একইসঙ্গে কোন কর্তৃত্ববলে মুক্তিযোদ্ধা হিসেবে তার চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে এবং তিনি বর্তমান দায়িত্বে রয়েছেন, তাও জানাতে বলা হয়েছে এক রুলে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও উপসচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও জ্যেষ্ঠ সহকারী সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক ও টিপু মুন্সিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে রোবার হাই কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এই রুল দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন। পরে তিনি আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
গত ৪ ডিসেম্বর এক মুক্তিযোদ্ধার সন্তান ও আইনজীবী মো. তারিক হাসান খান এই রিট আবেদনটি করেন।
২০১০ সালের ২৫ জুলাই জারি করা গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে টিপু মুন্সির নাম উল্লেখ করা হয়। এরপর ২০১৩ সালের ২৮ ডিসেম্বর তিনি দুই দফায় তিন বার চাকরির মেয়াদ বাড়িয়ে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীর দায়িত্বে আছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
আইনজীবী কামাল হোসেন বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে করা এক তদন্তে দেখা গেছে, টিপু মুন্সির মুক্তিযোদ্ধার সনদ ভুয়া। চলতি বছরের ২২ আগস্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে এই প্রতিবেদন দেওয়ার পরও কাউন্সিল কোনো পদক্ষেপ গ্রহণ না করায় হাই কোর্টে এই রিট আবেদন করা হয়।
