২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পমন্ত্রীর কথায়ও সচিবের সুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূমি বিরোধের জের ধরে চিনিকলকর্মীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনা নিয়ে সচিবের সুরেই কথা বলেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 04:33 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

তিনি বলেছেন, চিনিকলের ওই জমি সাঁওতালদের না হলেও তাদের ব্যবহার করে ‘ভূমিদস্যুরা’ সেগুলো দখল করতে চেয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

আগের দিন শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সংবাদ সম্মেলনে বলেছিলেন, একটি ‘স্বার্থান্বেষী মহল’ জমি উদ্ধার করে দেওয়ার কথা বলে সাঁওতালদের সংগঠিত করে চিনিকলের জমিতে অস্থায়ী স্থাপনা তৈরি করেছে।

গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ। এতে তিন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।

সাঁওতাল ও বাঙালিদের ১৮টি গ্রামের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে অধিগ্রহণ করে চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তুলেছিল। সেই জমি ইজারা দিয়ে ধান ও তামাক চাষ করে অধিগ্রহণের চুক্তিভঙ্গের অভিযোগ তুলে সেই জমির দখল ফিরে পেতে আন্দোলনে নামে সাঁওতালরা।

এরপর চিনিকলের জন‌্য অধিগ্রহণ করা ওই জমিতে কয়েকশ ঘর তুলে সাঁওতালরা বসবাস শুরু করেন। চিনিকল কর্তৃপক্ষ ওই জমি উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় সাঁওতালদের বাড়িঘরে লুটপাট হয়।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর গুলিবর্ষণের এই ঘটনায় সমালোচনা চলছে দেশজুড়ে। ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচিও পালিত হচ্ছে।

ওই জমি অধিগ্রহণে ১৯৬২ সালে চুক্তি হলেও মঙ্গলবার সংবাদ সম্মেলনে আমু বলেন, ১৯৫৪ সালে জায়গাটা চিনিকলের জন্য অধিগ্রহণ করা হয়।

“এটা সাঁওতালদের জায়গা ছিল না। ভূমিদস্যুরা সাঁওতালদেরকে ব্যবহার করেছে। তাদের উদ্দেশ্য ছিল সাওতালদের দিয়ে দখল করিয়ে পরে নিজেদের দখলে নেওয়া।

 “এমনকি আজকে যারা সাঁওতালদের জন্য মায়া কান্না করছেন।তাদের কোনো কোনো নেতৃবৃন্দ আমার সাথে প্রায় একমাস আগে ব্যক্তিগতভাবে আলাপ করেছিলেন। আমি তাদের জিনিসটা বুঝিয়ে বলেছিলাম এবং অনুরোধ করেছিলাম যে, আপনারা সাঁওতালদের গিয়ে বুঝান যে তারা (সাঁওতাল) ব্যবহৃত হচ্ছেন।”

আখ চাষের নিয়ম ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, “এই বছর যে জমিতে আখ চাষ হয়, পরবর্তী দুই বছর সেখানে আখ লাগানো হয় না, অন্য জায়গায় লাগানো হয়।

“ওই জায়গা ভূমিদস্যুরা দখল করা চেষ্টা করছে। সুতরাং কর্তৃপক্ষ ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান নেমেছে। বাধ্য হয়েছে অভিযানে যেতে কারণ তিন মাস আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা তাদের বুঝানোর চেষ্টা করেছি।

 “কিন্তু তারা জায়গা ছেড়ে যায়নি। বরং যখনই আখ চাষ করতে গেছি। তখনই আক্রমণ করেছে, আহত করেছে, পুলিশও আহত হয়েছে। আমাদের সুগার মিলের কর্মচারী আহত হয়েছেন। এই হলো পরিস্থিতি।”

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের উপর হামলার ঘটনায়ও স্বার্থান্বেষী মহলের যোগসাজশ থাকতে পারে বলে সরকারের ধারণার কথা তুলে ধরেন আমু।

“সম্প্রতিকালে বিভিন্ন জায়গায় মন্দির ভাঙা বা এ ধরনের ভাঙচুরের ঘটনাগুলো ঘটছে। আমরা মনে করি, এটার সাথে কোন সংযোগ বা সূত্র থাকতে পারে কোন স্বার্থান্বেষী মহলের।”

তিনি বলেন, “যেহেতু তারা জঙ্গিবাদ বের করেছে। এখন তারা আরেকটি পন্থা অবলম্বন করে দেখাতে চায় যে, আমাদের দেশ শান্ত নয় বা ধর্মীয় স্বাধীনতা দিতে পারছি না।”

আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে নাসিরনগরের হামলার বিষয়ে পত্রিকায় প্রকাশিত খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তার পাশে বসা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “পত্রপত্রিকায় এটাও এসেছে যে জাহাঙ্গীর নামে একটা লোক, সে জামায়াতের লোক। জাহাঙ্গীর তার যে দোকান সেখানে সে ডাউনলোড করেছে। পত্রপত্রিকায় এটাও এসেছে। তাকে (জাহাঙ্গীর) ধরার চেষ্টা হচ্ছে। স্বার্থান্বেষী বলতে ওটাই বুঝানো হচ্ছে।”

আমু বলেন, “দেশে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা মিডিয়ায় যেভাবে আসছে, আমি বলব আমরা সবাই দেশের সন্তান। দেশের স্বার্থকে আগে দেখব।”

স্বার্থান্বেষী মহলের পরিচয় জানতে চাইলে শিল্পমন্ত্রী বলেন, “তদন্তসাপেক্ষে তা বের করা হবে। এ পর্যন্ত ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

নাসিরনগরের ঘটনায় পুলিশের তদন্ত প্রতিবেদন জমার খবরের বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির সভাপতি বলেন, “পত্রিকায় জমা দেওয়ার যে তথ্য এসেছে তা সত্য নয়।এই ধরনের তদন্ত প্রতিবেদন এখনও জমা দেওয়া হয়নি।”

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও পুলিশের আইজি শহিদুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

গোবিন্দগঞ্জে ‘স্বার্থান্বেষী মহলের প্ররোচনা’ দেখছেন শিল্প সচিব