২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে ‘স্বার্থান্বেষী মহলের প্ররোচনা’ দেখছেন শিল্প সচিব

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূমি বিরোধের জের ধরে চিনিকলকর্মীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে সময় হতাহতের জন্য আইনশৃঙ্খলা বাহিনী দায়ী নয় বলে দাবি করেছেন শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 03:38 PM

Updated : 11 Oct 2022, 09:03 PM

পুরনো খবর:

সাঁওতালদের উপর গুলি ম্যাজিস্ট্রেটদের নির্দেশে
চিকিৎসাধীন সাঁওতালদের হাতকড়া খোলার নির্দেশ

সংঘর্ষ ‘মিটে গেলেও’ আন্দোলনকারীরা পরিস্থিতি ‘অস্বাভাবিক করে রেখেছে’ মন্তব‌্য করে তিনি বলেছেন, এর পেছনে একটি স্বার্থান্বেষী মহলের ‘প্ররোচনা’ রয়েছে।

সোমবার শিল্পমন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে শিল্পসচিব বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী ও র‌্যাব যে কাজটি করেছে- সেটি হল টিয়ার শেল, ফাঁকা গুলি এবং শটগানের গুলি, যে গুলিতে লোকক্ষয়ের কোনো সম্ভাবনা নাই।

“যে দুজন মারা গিয়েছে, যখন অপারেশন হয় সেই পর্যায়ে, একজন খাট থেকে পড়ে আরেকজন কোথায় যেন... পরে পল্লীতে মারা গেছে, সেটাতো খবরের কাগজেও আমরা দেখেছি। এটা স্বাভাবিক মৃত্যু হয়েছে। এটা নিয়ে আমাদের কোনো কথা নাই, কেউ বলে স্বাভাবিক মৃত্যু হয়েছে, কেউ কেউ বলে সে আগে আহত হয়েছিল।”

ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই তাদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব‌্য করেন শিল্প সচিব।

গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ। এতে তিন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর গুলিবর্ষণের এই ঘটনায় সমালোচনা চলছে দেশজুড়ে। ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচিও পালিত হচ্ছে।

Image
সংঘর্ষের দিন সাঁওতালদের উপর গুলি ছুড়ছে পুলিশ, যা ম্যাজিস্ট্রেটদের নির্দেশে বলে ওসি জানিয়েছেন

সংঘর্ষের দিন সাঁওতালদের উপর গুলি ছুড়ছে পুলিশ, যা ম্যাজিস্ট্রেটদের নির্দেশে বলে ওসি জানিয়েছেন

ক্ষতি ‘ততোটা হয়নি’

মোশাররফ হোসেন ভূঁইয়া দাবি করেন, সেদিন ‘অবৈধ দখলকারীদের’ তীর-ধনুকের আঘাতে ১০-১২ জন পুলিশ সদস্য আহত হওয়ায় পরিস্থিতি খারাপের দিকে যায়।

“পুলিশের গায়ে যখন আঘাত হয় তখন বিষয়টা আরেকটু সেনসিটিভ হয়ে গেছে। তখন একটি অভিযান পরিচালনা করা হয়, সে অভিযানে পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে যাওয়া হয় এবং পুলিশের সঙ্গে র‌্যাবকেও সংযুক্ত করা হয়।”

শিল্পসচিব বলেন, “আগে থেকে তাদেরকে কোনো নির্যাতন করা হয়নি। পুলিশের উপর যে আক্রমণটি হয়েছে তারাই কিন্তু আগে করেছে। মিলের কর্মকর্তা-কর্মচারীরা যখন কাজ করতে গিয়েছে, বাধা দেওয়ার কাজটা তারাই আগে করেছে।”

‘ক্ষয়ক্ষতি’ যে রকম হওয়ার শঙ্কা ছিল, ততোটা ‘হয়নি’ বলেও মনে করেন মোশাররফ হোসেন ভূঁইয়া।

“আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে অবৈধ দখলদার মুক্ত করেছি। আপনারা লক্ষ্য করবেন, অবৈধ দখলটি মুক্ত করার জন্য আমরা যে পরিমাণ ক্ষয়ক্ষতির চিন্তাভাবনা করেছিলাম, হয়তো উভয়পক্ষের অনেক ক্ষতি হবে, আমার মনে হয় আল্লাহর রহমতে সেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়নি। এটি একটি ভাল দিক।”

মোশাররফ হোসেন বলেন, পত্রিকার খবর আংশিক পড়লে মনে হবে, সাঁওতালদের বোধ হয় তাদের বাড়ি-ঘর থেকে উচ্ছেদ করা হয়েছে। কিন্তু খবর ‘পুরোটা পড়লে বোঝা যাবে’, তারা ‘অবৈধভাবে সেখানে বসেছিল এবং তাদের সরিয়ে দেওয়া’ হয়েছে।

‘স্বার্থান্বেষী মহল’

সাঁওতালদের অভিযোগ পুলিশের সহায়তায় সেদিন বাবা-দাদার ভিটা থেকে তাদের উচ্ছেদ করা হয়। ঘরের মালামাল বের করতে না দিয়ে লুটপাট চালিয়ে আগুন দেওয়া হয়েছে ঘরে। প্রতিবাদ করায় পুলিশ গুলি চালায়।

ব্রিফিংয়ে শিল্পসচিব দাবি করেন, পুলিশ-র‌্যাবের অবস্থানের মধ‌্যে সাঁওতালরা সরে যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে।

“এলাকার কিছু বহিরাগত এসে এরা যখন সরে যায় তখন কেউ কেউ আগুন ধরিয়ে দেয়। এটাও খবর পাওয়া যায়, যারা তাদের এখানে বসিয়েছিল তারাও এটার সাথে সংযুক্ত হয়ে বলেছে, এখান থেকে চলে যাওয়ার আগে তোমাদের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেওয়া হবে।”

একটি ‘স্বার্থান্বেষী মহল’ জমি উদ্ধার করে দেওয়ার কথা বলে সাঁওতালদের সংগঠিত করেছে মন্তব্য করে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, “যে অস্থায়ী স্থাপনা তৈরি হয়েছে, সেখানে শুধু সাঁওতালরা না, স্বার্থান্বেষী কিছু লোক বাইরে থেকেও সেখানে এসেছে। তাদের নিয়ে জুলাই মাসের ১ তারিখ থেকে অস্থায়ী স্থাপনা কিছু কিছু করে তোলা শুরু করে। এদের মধ্যে সবাই যে আদিবাসী তা না।”

শিল্প সচিব দাবি করেন, যারা সেখানে ঘর তুলে বসবাস শুরু করেছিল, তাদের সবাই ভূমিহীনও নয়।

“আমাদের সুগার মিলের কর্মকর্তা-কর্মচারীরা খোঁজ নিয়ে জেনেছে, তাদের অনেকের নিজস্ব বাড়ি-ঘর আছে বিভিন্ন জায়গায়।”

তিনি অভিযোগ করেন, সুগার মিল কর্তৃপক্ষ স্থানীয় ইউএনও ও পুলিশ মিলে ১২ জুলাই আন্দোলনকারীদের ‘বুঝিয়ে-শুনিয়ে’ সরিয়ে দিতে গেলে তীর-ধনুক নিয়ে তাদের ওপর হামলা করা হয়।

“আমরা কোনো রক্তপাত চাইনি। স্থানীয় প্রশাসন, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছিল। তারা কর্ণপাত না করে উচ্ছৃঙ্খলতা করে।”

মোশাররফ হোসেন বলেন, ‘শান্তিপূর্ণ সমাধানের জন‌্য’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়ে ওই জমি ‘অবৈধ দখলমুক্ত’ করতে প্রচার চালানো হয়। পাশাপাশ গাইবান্ধা-৪ আসনের সাংসদ রবীন্দ্রনাথ সরেনসহ স্থানীয় আদিবাসী নেতাদের নিয়ে সমঝোতা বৈঠক ডাকা হয়। তারপরও ‘অবৈধ দখলদাররা’ জমির দখল ছাড়েনি।

“একটি স্বার্থান্বেষী মহল প্ররোচণার জন্য থাকেই, এ কারণে সেখানে কোনো সমঝোতা হয় নাই।... আমি আবারও বলি, যারা অবৈধ দখলদার তারা কেবল আদিবাসী ছিল না, যাদের বাঙালি বলা হয় এরাও কিন্তু ছিল। মনে করছিল কিছু যদি পাই।”

সাঁওতাল ও বাঙালিদের ১৮টি গ্রামের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে অধিগ্রহণ করে চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তুলেছিল। সেই জমি এখন আবার ইজারা দিয়ে সেখানে ধান ও তামাক চাষ চলছে অভিযোগ করে আন্দোলনে নামে সাঁওতালরা।

এরপর চিনিকলের জন‌্য অধিগ্রহণ করা ওই জমিতে কয়েকশ ঘর তুলে সাঁওতালরা বসবাস শুরু করেন। চিনিকল কর্তৃপক্ষ ওই জমি উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষের সময় সাঁওতালদের বাড়িঘরে লুটপাট হয়। একচালা ঘরগুলো পুড়িয়ে দেওয়ার পর চিনিকল কর্তৃপক্ষ ট্রাক্টর দিয়ে মাটি সমান করে দেয়।

সংবাদ ব্রিফিংয়ে শিল্পসচিব বলেন, “ওরা যে বলে আমাদের বাপ-দাদার সম্পত্তি। তাদের সম্পত্তি কার কোন কোন জায়গায় এটার কিন্তু কোনো চিহ্ন নাই। তাদের কাছে কোনো কাগজপত্রও নাই... এই জমি আমাদের ছিল ওই জমি আমাদের ছিল...। তাদের যদি ফিরায় দিতেও হয়, তাহলে কাকে কোনটা দেওয়া হবে তার কোনো চিহ্নই নাই। ফিরায় দেওয়ার বিষয় আসত- যদি আমরা সুগার মিল বন্ধ করে দিতাম। আমরা বন্ধ করে দিই নাই।”

‘স্পেশাল এজেন্সির’ প্রতিবেদন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পাড়ায় হামলার পর গোবিন্দগঞ্জের ঘটনাকে ‘ইস‌্যু করা হয়েছে’ বলে অভিযোগ করে শিল্প সচিব বলেন, “পুরো এলাকা যেখানে তারা ছিল সেটা আগুনে ভস্মিভূত হয়েছে। এখন যেটি হয়েছে, ওই এলাকাটি অবৈধ দখলমুক্ত হয়েছে। তারা তাদের পল্লীতে ফিরে গিয়েছে। এই ঘটনাকে ইস্যু করে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনার সঙ্গে মিলে এটা অনেক স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

সেই ‘স্বার্থান্বেষী মহল’ উত্তেজনা জিইয়ে রাখতে উচ্ছেদ হওয়া সাঁওতালদের ‘রাস্তায় থাকার’, সাংবাদিকদের সামনে ‘দুঃখকষ্টের কথা বলার’, ছেলেমেয়েদের ‘স্কুলে না পাঠানোর’ পরামর্শ দিচ্ছে এবং রাস্তায় বের হলে ‘মারধর করার’ ভয় দেখাচ্ছে বলে মন্তব‌্য করেন সরকারের এই কর্মকর্তা।

এর পক্ষে একটি ‘স্পেশাল এজেন্সির’ প্রতিবেদনের কথা সংবাদ ব্রিফিংয়ে তুলে ধরেন তিনি।

“সুগার মিলের সম্পত্তির ওপর একটি প্রভাবশালী স্বার্থান্বেষী মহলের লোলুপ দৃষ্টি পড়ায় তা বেহাত হওয়ার উপক্রম হয়েছে। এক্ষেত্রে কৌশলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে লেলিয়ে দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি দীর্ঘদিন অবৈধ দখলে থাকলে পরবর্তীতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে প্রশাসনের বেগ পেতে হয়। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে মিলের জমি দখলমুক্ত না করলে পরবর্তীতে বিষয়টি নিয়ে আরও জটিল পরিস্থিতির উদ্ভব হবে।”

মোশাররফ হোসেন যুক্তি দেন, সেখানে ‘অবৈধ দখল’ দীর্ঘস্থায়ী হতে দিলে পুরো সরকারি সম্পত্তি, অর্থাৎ ১৮৪২ একর জমির একটি বড় অংশ বেহাত হয়ে যেত।

“যে পরিস্থিতি হয়েছে সেটার প্রতি আমরা সকলেই সহনশীল এবং সরকার ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের রিলিফের ব্যবস্থা করেছে। কিন্তু তাদেরকে সেটার জন্য পাওয়া যাচ্ছে না।”

মিলের জমির বাইরে ১০ একর খাসজমিতে ভূমিহীন সাঁওতালদের পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হলেও তাতে সাড়া মিলছে না জানিয়ে সচিব বলেন, “এখনও তারা বলছে, মিলের জমিতে তাদের জায়গা দিতে হবে। এটা সরকার দিতে পারে না।”

Image
উৎখাত সাঁওতালদের পোড়া ঘরের চিহ্ন দেখাচ্ছে ধ্বংসের চিত্র

উৎখাত সাঁওতালদের পোড়া ঘরের চিহ্ন দেখাচ্ছে ধ্বংসের চিত্র

দাবি অযৌক্তিক?

গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ওই অধিগ্রহণ চুক্তির ৫ নম্বর শর্তে উল্লেখ আছে, যে কারণে ওইসব জমি অধিগ্রহণ করা হলেও কখনও যদি ওই কাজে জমি ব্যবহার করা না হয়, তাহলে অধিগ্রহণকৃত জমি সরকারের কাছে ফেরত যাবে। পরবর্তীতে সরকার এসব জমি আগের মালিকের কাছে ফেরত দেবে।

“আমরা এর আগে এসে দেখে গেছি, এসব জমিতে মিলের জন্য ইক্ষু চাষ না করে ধান ও তামাক চাষ চলছে। গাইবান্ধা জেলা প্রশাসকও এ ধরনের একটি তদন্ত রিপোর্ট প্রদান করেছে। মিল তার চুক্তি ভঙ্গ করেছে।”

সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শিল্পসচিব বলেন, “এটা ঠিক না। এটা হচ্ছে, যে ইন্ডাস্ট্রি করা হয়েছে, সেই ইন্ডাস্ট্রিটা যদি না থাকে, আখ চাষ করা, না করা না... আখচাষ এই বছর করা না হলে আরেক বছর করা হবে... যদি শিল্পটাই না থাকে তাহলে তাদেরকে ফেরত দেওয়া হবে। এটা সরকারের নিয়ম।

“আমাদের শিল্প কারখানা সেখানে বহাল আছে। কাজেই তাদের এ দাবি অযৌক্তিক অবশ্যই।”

লোকসান দিয়েও কর্মসংস্থানের স্বার্থে মিলটি চালু রাখা হয়েছে মন্তব্য করে সচিব বলেন, বন্ধ করে দেওয়া হলে জনগণের কাছে ‘ভুল বার্তা’ যাবে; সরকার মিল চালু রেখে তা লাভে আনতে চায়।

তিনি বলেন, ২০০৪ সনে লোকসান হওয়ায় মিলটি একবার বন্ধ করে দেওয়া হয়েছিল। মিল বন্ধ থাকায় ওই সময় কিছু জমি ইজারা দেওয়া হয়েছিল। ২০০৬ সালে মিলটি আবার চালু করার পর জমি আর ইজারাদারদের হাতে থাকেনি।

“তখন সুগার মিলের কর্মকর্তা-কর্মচারীরা আখ চাষ করে। কিন্তু কখনও কখনও কেউ যদি মনে করে, এগুলো খালি পড়ে আছে তখন তারা অন্য ফসলও উৎপাদন করে। আসলে খালি নয়, আখ চাষের মধ্যবর্তী সময়ে অন্য ফসল ফলানো।”

এর বৈধতা নিয়ে এক প্রশ্নে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শেখর সাহা বলেন, “লিজ দেওয়া হয়েছে সেটা সাময়িক। শর্ত ছিল, লিজ দেওয়া হবে তবে আখ চাষ করতে হবে।”