২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার নিরাপত্তায় উদ‌্যোগী হতে হবে নাগরিকদেরও: শাহজাহান

সাইবার নিরাপত্তা নিশ্চিতে সরকারি উদ‌্যোগের পাশাপাশি নাগরিকদেরও ভূমিকার প্রয়োজনীয়তার কথা বলেছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির চেয়ারম‌্যান শাহজাহান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2016, 07:31 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে শনিবার গুলশানের একটি ক্লাবে ‘সাইবার নিরাপত্তা- পূর্বাভাস: প্রস্তুতি, সুরক্ষা’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশনের (আইসাকা) ঢাকা শাখা আয়োজিত ওই সেমিনারে বিটিআরসি চেয়ারম‌্যান জানান, সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৬ কোটি ৩২ লাখ। দেশের তথ্য-প্রযুক্তি সেবা সংক্রান্ত বিষয়গুলোর বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযুক্ত।

সাইবার নিরাপত্তা নিশ্চিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করতে পারে মন্তব‌্য করে তিনি বলেন, “সাইবার নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের কাজ নয়, বরং নিজ নিজ অবস্থান থেকে দেশের প্রত্যেক নাগরিকের এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে।”

শাহজাহান মাহমুদ বলেন, সাইবার অপরাধের ক্ষেত্র বিশ্বব্যাপী। তার নির্দিষ্ট কোনো সীমানা নেই। বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে সাইবার আক্রমণ করা সম্ভব।

সাইবার আক্রমণ ঠেকাতে চলতি বছরের শুরুতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রসঙ্গ তোলেন বিটিআরসি চেয়ারম‌্যান। সাপ্তাহিক ছুটিতে বন্ধের মধ‌্যে বাংলাদেশ ব‌্যাংকের নামে ফেডারেল রিজার্ভে ভুয়া বার্তা পাঠিয়ে ওই অর্থ হাতিয়ে নেওয়া হয়।

বিটিআরসি চেয়ারম‌্যান বলেন, “সাইবার অপরাধীরা অপরাধ করার সময় চিন্তা করবে না প্রতিষ্ঠান খোলা আছে নাকি বন্ধ আছে। যে কোনো সময়েই সাইবার আক্রমণ ঘটতে পারে।”

সেমিনারে অন‌্যদের মধ‌্যে আই-সাকা ঢাকা শাখার সভাপতি এ কে এম নজরুল হায়দার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আইন বিভাগের চেয়ারম্যান জুলফিকার আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগের প্রধান ড. তৌহিদ ভূইয়া আলোচনা করেন।